বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৪৬ পি.এম
বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা জারি করেছে, যা শেয়ারহোল্ডার কোম্পানির পক্ষ থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদে ‘প্রতিনিধি পরিচালক’ মনোনয়নের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করবে। এর পাশাপাশি, শেয়ারহোল্ডার কোম্পানির আর্থিক সক্ষমতার তুলনায় অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং প্রতিনিধি পরিচালকদের দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ সংশ্লিষ্ট সার্কুলারটি জারি করা হয়েছে।
সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোমপানির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, শেয়ারহোল্ডার কোম্পানির আর্থিক সক্ষমতার তুলনায় অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো, ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার কোম্পানির পক্ষে মনোনীত প্রতিনিধি পরিচালকদের ভূমিকা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এসব নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কোনো কোম্পানি তার নিট সম্পদ বা নেট ওয়ার্থের পরিমাণের অধিক মূল্যমানের শেয়ার মালিকানা বা ক্রয়মূল্য কোনো একক অথবা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। অর্থাৎ, কোম্পানির নিজস্ব আর্থিক সক্ষমতার তুলনায় ব্যাংকের শেয়ারে অতিরিক্ত বিনিয়োগের সুযোগ থাকবে না।
বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার ফলে শেয়ারহোল্ডার কোম্পানির আর্থিক সক্ষমতা এবং ব্যাংক-কোম্পানিতে তাদের শেয়ার মালিকানার মধ্যে সামঞ্জস্য বজায় রাখার বাধ্যবাধকতা তৈরি হলো। এর মাধ্যমে তুলনামূলকভাবে দুর্বল আর্থিক ভিত্তির কোনো কোম্পানি অতিরিক্ত ব্যাংক শেয়ার ধারণ করে ব্যাংকের মালিকানা কাঠামোয় অস্বাভাবিক প্রভাব বিস্তার করতে না পারে—এমন একটি নিয়ন্ত্রণ কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, কোনো কোম্পানি ইতোমধ্যে এক বা একাধিক ব্যাংক-কোম্পানির যে শেয়ার মালিকানা ধারণ করছে, তা নতুন নির্দেশনায় নির্ধারিত সীমা অতিক্রম করলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে ওই অতিরিক্ত শেয়ার নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে। অর্থাৎ, নতুন নিয়ম শুধু ভবিষ্যতের শেয়ার কেনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না; বর্তমানে বিদ্যমান অতিরিক্ত মালিকানাকেও নির্ধারিত সীমার মধ্যে আনতে হবে। এজন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ছয় মাস সময় দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক দ্বারা।
শেয়ারহোল্ডার কোম্পানির পক্ষে কোনো ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদে মনোনীত ‘প্রতিনিধি পরিচালক’কে অবশ্যই সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অথবা পরিচালক হতে হবে। ফলে, সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে সরাসরি মালিকানা ও পরিচালনাগত সম্পর্ক নেই—এমন কাউকে প্রতিনিধি পরিচালক হিসেবে মনোনয়নের সুযোগ থাকছে না।
বাংলাদেশ ব্যাংকের এই শর্তের ফলে ব্যাংকের পর্ষদে কোনো কোম্পানির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তির সঙ্গে ওই কোম্পানির প্রত্যক্ষ সম্পর্ক নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রতিনিধি পরিচালকের দায়বদ্ধতা ও স্বার্থের সম্পর্ক আরও স্পষ্ট হওয়ার কথা। নতুন নির্দেশনায় প্রতিনিধি পরিচালক মনোনয়নের আগে সংশ্লিষ্ট ব্যক্তির নিজের নামে নির্দিষ্ট পরিমাণ শেয়ার মালিকানা থাকার বিষয়টিও বাধ্যতামূলক করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, কোনো শেয়ারহোল্ডার কোম্পানির পক্ষে ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালক হিসেবে কোনো ব্যক্তিকে মনোনয়নের আগে সংশ্লিষ্ট ব্যক্তির নিজের নামে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তার পরিশোধিত মূলধনের ন্যূনতম ২ শতাংশ এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে তার পরিশোধিত মূলধনের ন্যূনতম ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা নিশ্চিত করতে হবে।
এ মালিকানা প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পুরো সময় ধরে বজায় রাখতে হবে। অর্থাৎ, শুধু মনোনয়নের সময় নির্ধারিত শেয়ার থাকলেই হবে না; দায়িত্ব পালনকালে ওই শেয়ার মালিকানা অব্যাহত রাখার বাধ্যবাধকতাও রয়েছে। ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ অথবা পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, এ ধরনের নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণের উদ্দেশ্যে আবেদন দাখিলের সময় মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার কোম্পানিতে মালিকানা বা স্বত্ব থাকার সমর্থনে প্রয়োজনীয় প্রমাণপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। এর ফলে প্রতিনিধি পরিচালক নিয়োগের ক্ষেত্রে শুধু কোম্পানির মনোনয়ন যথেষ্ট হবে না; মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট কোম্পানিতে প্রকৃত মালিকানা বা স্বত্বের বিষয়টিও যাচাই করবে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলার জারির অব্যবহিত আগে ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার কোম্পানির পক্ষে নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি পরিচালকদের পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন সার্কুলারের নির্দেশনা অনুসরণ করতে হবে।
অর্থাৎ, পুরোনো ব্যবস্থায় নিয়োগ পাওয়া প্রতিনিধি পরিচালকদের ক্ষেত্রেও ভবিষ্যতে পুনর্নিয়োগ বা পরিবর্তনের সময় নতুন শর্তগুলো প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংক সার্কুলারে উল্লেখ করেছে, ব্যাংক-কোম্পানির পরিচালকদের অবগতির জন্য এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে পর্ষদ সভায় এ সার্কুলারে বর্ণিত বিষয়গুলো উপস্থাপন করতে হবে। পাশাপাশি ব্যাংক-কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও শেয়ারহোল্ডারদেরও বিষয়টি অবহিত করার ব্যবস্থা নিতে হবে। ফলে, নতুন নির্দেশনা সম্পর্কে শুধু পরিচালনা পর্ষদ নয়, ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শেয়ারহোল্ডারদেরও অবহিত করার দায়িত্ব ব্যাংকগুলোর ওপর দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে। নতুন এই কাঠামোর ফলে ব্যাংক-কোম্পানিতে শেয়ারহোল্ডার কোম্পানির মালিকানা এবং পরিচালনা পর্ষদে তাদের প্রতিনিধিত্বের মধ্যে আরও স্পষ্ট সম্পর্ক তৈরি হলো। একই সঙ্গে কোম্পানির আর্থিক সক্ষমতার তুলনায় অতিরিক্ত ব্যাংক শেয়ার ধারণের সুযোগ সীমিত করা হয়েছে।
বিশেষ করে শেয়ারহোল্ডার কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব শেয়ার মালিকানা, কোম্পানির সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক এবং বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের শর্ত আরোপের মাধ্যমে পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্বের বিষয়টি আরও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের মূল লক্ষ্য হিসেবে ব্যাংক-কোমপানির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা, বিনিয়োগের সামঞ্জস্য, প্রতিনিধি পরিচালকদের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে আটজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। কলেজ গেইট এলাকার মাহাবুব আলমের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে কোতয়ালী থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাঙামাটি পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কলেজ গেইট এলাকার মো. মাহাবুব আলমকে আটক করা হয়। পুলিশের দাবি অনুযায়ী, তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাহাবুব আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য উদ্ধারের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, মাদক কারবারির অভিযোগে মো. মানিক উদ্দীন, মো. আকবর আলী, মো. জুয়েল ও মো. সিদ্দিকুর বাবুকে আটক করা হয়েছে। অন্যদিকে, দাঙ্গা সংগঠনের অভিযোগে মো. মাসুদ রানাকে এবং মাদক সেবনের অভিযোগে মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে।
সিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে মো. আবুল কালামকেও গ্রেপ্তার করা হয়েছে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানিয়েছেন, রাঙ্গামাটি শহরে পরিচালিত এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের জন্য ৮ জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন। মুকুহলানি আইসিসির ইতিহাসে প্রথম জিম্বাবুইয়ান হিসেবে ডেপুটি চেয়ারম্যানের পদে বসার কৃতিত্ব অর্জন করেছেন।
বর্তমানে মুকুহলানি আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটি এবং মনোনয়ন কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। তার কাঁধে মানবসম্পদ ও পারিশ্রমিক কমিটির চেয়ারম্যানের দায়িত্বও রয়েছে।
জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে। মুকুহলানির আইসিসির গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়াকে আফ্রিকান ক্রিকেটের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আইসিসির চেয়ারম্যান জয় শাহ নতুন ডেপুটি চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ায় আমি তাভেংওয়া মুকুহলানিকে আন্তরিক অভিনন্দন জানাই। ক্রিকেট প্রশাসনে তার অভিজ্ঞতা, বৈশ্বিক খেলা সম্পর্কে তার স্পষ্ট ধারণা এবং ক্রিকেটের উন্নয়নের প্রতি তার অঙ্গীকার আইসিসি বোর্ডের জন্য অত্যন্ত মূল্যবান হবে।’
মুকুহলানি দায়িত্ব পেয়ে আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আইসিসি বোর্ডের সকল পরিচালকের এই আস্থার জন্য আমি গভীরভাবে সম্মানিত। ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’
ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে মুকুহলানি বলেন, ‘অলিম্পিক গেমসে ফিরে আসার মধ্য দিয়ে ক্রিকেট একটি নতুন ও রোমাঞ্চকর যুগে প্রবেশ করছে। আমাদের চেয়ারম্যান এবং বোর্ড পরিচালকদের সঙ্গে নিয়ে ক্রিকেটের যৌথ অগ্রাধিকার নিশ্চিত করা এবং বৈশ্বিক ক্রিকেটের স্বার্থে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রাবিরতি প্রদান করবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস। একইসাথে, রাতে চলাচলকারী তিনটি আন্তঃনগর ট্রেনের জন্য শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে শাটল বাসের ব্যবস্থা করবে রাবি প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাকসু ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।
সালাউদ্দিন আম্মার এ সময় বলেন, শিক্ষার্থীরা মনে করছেন, অনুমোদন হওয়ার পর থেকেই ট্রেন যাত্রাবিরতি দেবে। কিন্তু বিষয়টি ভিন্ন। এটি দুই যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। সুতরাং, এটি সংস্কার করতে কিছুটা সময়ের প্রয়োজন। সে সময়টুকু আপনারা শিক্ষার্থীসুলভ আচরণ করুন।
তিনি আরও জানান, আনুমানিক আগামী ১৫ অক্টোবর থেকে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস নামের দুটি আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি দেবে। গভীর রাতে চলাচলকারী আরও তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্যও আলোচনা চলছে। ততদিন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাত্রিকালীন ট্রেনের সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাস থেকে রাজশাহী স্টেশনে শাটল বাসের ব্যবস্থা করা হবে।
তিনি শিক্ষার্থীদের অনুরোধ করে বলেন, আপনারা দয়া করে টিকিট ছাড়া ভ্রমণ করবেন না এবং সর্বদা শিক্ষার্থীবান্ধব আচরণ করবেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনটি প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ৬ আগস্ট দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেয় বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ২০২৮ সালে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানায়, যা প্রেসিডেন্টের একজন শীর্ষ উপদেষ্টার বরাত দিয়ে প্রকাশিত হয়েছে।
তুর্কিভিত্তিক বেসরকারি সম্প্রচারমাধ্যম এনটিভি এবং দৈনিক 'জুমহুরিয়েত'-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট এরদোগানের প্রধান উপদেষ্টা মেহমেত উচুম জানান, নির্ধারিত সময়ের কিছুটা আগে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি উল্লেখ করেন, “যদি দেশটির পার্লামেন্টের অন্তত ৩৬০ জন আইনপ্রণেতা একটি নতুন আগাম নির্বাচনের প্রস্তাব অনুমোদন করেন, তবে আগামী ২০২৮ সালের ১৬ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তুরস্কের সংবিধান অনুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৮ সালের মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সংবিধানের নিয়ম অনুসারে, ৬০০ আসনবিশিষ্ট পার্লামেন্টের ৩৬০ জন সংসদ সদস্য যদি আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন, তাহলে বর্তমান প্রেসিডেন্ট মেয়াদসংক্রান্ত আইনি বাধা টপকে পুনরায় প্রার্থী হওয়ার সুযোগ পান।
বর্তমানে এরদোগানের ক্ষমতাসীন দল 'একে পার্টি' (একেপি) এবং তাদের মিত্র জাতীয়তাবাদী দল 'এমএইচপি'-র যৌথভাবে পার্লামেন্টে ৩২৬টি আসন রয়েছে। ৩৬০টি ভোটের কোটা পূরণ করতে তাদের বিরোধী দলের সমর্থন প্রয়োজন হবে।
উল্লেখযোগ্য যে, ৭২ বছর বয়সী রিসেপ তাইয়েপ এরদোগান ২০০৩ সালে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তুরস্কের রাষ্ট্রক্ষমতায় আসেন। তিনি টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পর ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনে তিনি পুনরায় জয়লাভ করেন। ২০২৩ সালের মে মাসে সর্বশেষ জয়ের পর এরদোগান এটিই তার শেষ মেয়াদী শাসন হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন এবং তরুণদের হাতে দেশের ভবিষ্যৎ তুলে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে আবারও তার প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ