বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৪৮ পি.এম
জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন। মুকুহলানি আইসিসির ইতিহাসে প্রথম জিম্বাবুইয়ান হিসেবে ডেপুটি চেয়ারম্যানের পদে বসার কৃতিত্ব অর্জন করেছেন।
বর্তমানে মুকুহলানি আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটি এবং মনোনয়ন কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। তার কাঁধে মানবসম্পদ ও পারিশ্রমিক কমিটির চেয়ারম্যানের দায়িত্বও রয়েছে।
জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে। মুকুহলানির আইসিসির গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়াকে আফ্রিকান ক্রিকেটের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আইসিসির চেয়ারম্যান জয় শাহ নতুন ডেপুটি চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ায় আমি তাভেংওয়া মুকুহলানিকে আন্তরিক অভিনন্দন জানাই। ক্রিকেট প্রশাসনে তার অভিজ্ঞতা, বৈশ্বিক খেলা সম্পর্কে তার স্পষ্ট ধারণা এবং ক্রিকেটের উন্নয়নের প্রতি তার অঙ্গীকার আইসিসি বোর্ডের জন্য অত্যন্ত মূল্যবান হবে।’
মুকুহলানি দায়িত্ব পেয়ে আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আইসিসি বোর্ডের সকল পরিচালকের এই আস্থার জন্য আমি গভীরভাবে সম্মানিত। ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’
ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে মুকুহলানি বলেন, ‘অলিম্পিক গেমসে ফিরে আসার মধ্য দিয়ে ক্রিকেট একটি নতুন ও রোমাঞ্চকর যুগে প্রবেশ করছে। আমাদের চেয়ারম্যান এবং বোর্ড পরিচালকদের সঙ্গে নিয়ে ক্রিকেটের যৌথ অগ্রাধিকার নিশ্চিত করা এবং বৈশ্বিক ক্রিকেটের স্বার্থে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রাবিরতি প্রদান করবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস। একইসাথে, রাতে চলাচলকারী তিনটি আন্তঃনগর ট্রেনের জন্য শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে শাটল বাসের ব্যবস্থা করবে রাবি প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাকসু ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।
সালাউদ্দিন আম্মার এ সময় বলেন, শিক্ষার্থীরা মনে করছেন, অনুমোদন হওয়ার পর থেকেই ট্রেন যাত্রাবিরতি দেবে। কিন্তু বিষয়টি ভিন্ন। এটি দুই যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। সুতরাং, এটি সংস্কার করতে কিছুটা সময়ের প্রয়োজন। সে সময়টুকু আপনারা শিক্ষার্থীসুলভ আচরণ করুন।
তিনি আরও জানান, আনুমানিক আগামী ১৫ অক্টোবর থেকে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস নামের দুটি আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি দেবে। গভীর রাতে চলাচলকারী আরও তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্যও আলোচনা চলছে। ততদিন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাত্রিকালীন ট্রেনের সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাস থেকে রাজশাহী স্টেশনে শাটল বাসের ব্যবস্থা করা হবে।
তিনি শিক্ষার্থীদের অনুরোধ করে বলেন, আপনারা দয়া করে টিকিট ছাড়া ভ্রমণ করবেন না এবং সর্বদা শিক্ষার্থীবান্ধব আচরণ করবেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনটি প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ৬ আগস্ট দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেয় বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ২০২৮ সালে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানায়, যা প্রেসিডেন্টের একজন শীর্ষ উপদেষ্টার বরাত দিয়ে প্রকাশিত হয়েছে।
তুর্কিভিত্তিক বেসরকারি সম্প্রচারমাধ্যম এনটিভি এবং দৈনিক 'জুমহুরিয়েত'-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট এরদোগানের প্রধান উপদেষ্টা মেহমেত উচুম জানান, নির্ধারিত সময়ের কিছুটা আগে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি উল্লেখ করেন, “যদি দেশটির পার্লামেন্টের অন্তত ৩৬০ জন আইনপ্রণেতা একটি নতুন আগাম নির্বাচনের প্রস্তাব অনুমোদন করেন, তবে আগামী ২০২৮ সালের ১৬ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তুরস্কের সংবিধান অনুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৮ সালের মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সংবিধানের নিয়ম অনুসারে, ৬০০ আসনবিশিষ্ট পার্লামেন্টের ৩৬০ জন সংসদ সদস্য যদি আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন, তাহলে বর্তমান প্রেসিডেন্ট মেয়াদসংক্রান্ত আইনি বাধা টপকে পুনরায় প্রার্থী হওয়ার সুযোগ পান।
বর্তমানে এরদোগানের ক্ষমতাসীন দল 'একে পার্টি' (একেপি) এবং তাদের মিত্র জাতীয়তাবাদী দল 'এমএইচপি'-র যৌথভাবে পার্লামেন্টে ৩২৬টি আসন রয়েছে। ৩৬০টি ভোটের কোটা পূরণ করতে তাদের বিরোধী দলের সমর্থন প্রয়োজন হবে।
উল্লেখযোগ্য যে, ৭২ বছর বয়সী রিসেপ তাইয়েপ এরদোগান ২০০৩ সালে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তুরস্কের রাষ্ট্রক্ষমতায় আসেন। তিনি টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পর ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনে তিনি পুনরায় জয়লাভ করেন। ২০২৩ সালের মে মাসে সর্বশেষ জয়ের পর এরদোগান এটিই তার শেষ মেয়াদী শাসন হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন এবং তরুণদের হাতে দেশের ভবিষ্যৎ তুলে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে আবারও তার প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত বছরের নভেম্বরে মা হওয়ার অভিজ্ঞতা অর্জন করেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এরপর থেকে তিনি অনেকটা আড়ালে কাটিয়েছেন সময়। অভিনয় থেকে বিরত থাকার পাশাপাশি পাপারাজ্জিদের ক্যামেরা থেকেও নিজেকে দূরে রেখেছিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি, স্বামী ও অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে আম্বানিদের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দীর্ঘদিন পর প্রকাশ্যে আসেন ক্যাটরিনা। সেখানে তিনি হাসিমুখে ক্যামেরার সামনে পোজও দেন। প্রিয় তারকাকে এভাবে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভক্তরা।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন চিত্র দেখা গেছে। বরাবরই ছিপছিপে গড়নের ক্যাটরিনার শরীরে মাতৃত্বের পর কিছুটা পরিবর্তন এসেছে। এটি সন্তান জন্মের পর একজন নারীর স্বাভাবিক শারীরিক পরিবর্তন হলেও বিষয়টি অনেক নেটিজেন মেনে নিতে পারেননি। বরং তার চেহারা ও ওজন নিয়ে শুরু হয়েছে নানা ধরনের কটূক্তি।
ক্যাটরিনাকে ঘিরে এমন নেতিবাচক মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশি অভিনেত্রী সালহা খানম নাদিয়া। নিজেও মা হওয়ার কারণে মাতৃত্বের পর একজন নারীর জীবন ও শরীরে আসা পরিবর্তনের অভিজ্ঞতা রয়েছে তার। তাই ক্যাটরিনার একটি ছবির সঙ্গে নিজের ছবি কোলাজ করে সামাজিক মাধ্যমে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন নাদিয়া।
সেখানে তিনি উল্লেখ করেন, ‘একজন নারী যখন মা হন, তখন শুধু তার জীবনটাই বদলে যায় না, বদলে যায় তার শরীরও। গর্ভধারণ, সন্তান জন্ম দেওয়া, ঘুমহীন রাত, মানসিক চাপ, হরমোনের পরিবর্তন—সবকিছুর ছাপ কোথাও না কোথাও থেকে যায়। একটি নতুন জীবনকে পৃথিবীতে আনার সুযোগ পাওয়া সৃষ্টিকর্তার দেওয়া এক অপার আশীর্বাদ।’
মাতৃত্বের এই পরিবর্তনকে সম্মানের চোখে দেখার আহ্বান জানিয়ে নাদিয়া আরও বলেন, ‘একজন নারীর শরীরের মাধ্যমে একটি নতুন প্রজন্ম পৃথিবীর আলো দেখে, এর চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে! এই সৌভাগ্য সবার জীবনে আসে না। আর যাদের জীবনে আসে, তারাও কখনো কখনো এই আশীর্বাদের মূল্যটা ভুলে গিয়ে মায়ের বদলে যাওয়া শরীরটাকেই দেখতে শুরু করে।’
সামাজিক মাধ্যমে মায়েদের শরীর নিয়ে করা মন্তব্যের প্রসঙ্গে নাদিয়া লিখেছেন, ‘আশ্চর্যের বিষয় হলো, একজন মায়ের এই পরিবর্তনগুলোকে আমরা অনেক সময় ভালোবাসা আর সম্মানের চোখে দেখার বদলে বিচারের চোখে দেখি। ‘আগের মতো নেই কেন?’, ‘ওজন এত বেড়ে গেল কেন?’, ‘আগের ফিগারটা কোথায়?’, ‘নিজেকে একটু মেইনটেইন করা উচিত’—এই কথাগুলো বলার সময় হয়ত খুব সাধারণ মনে হয়। কিন্তু একজন মায়ের জন্য এগুলো কখনো কখনো নিজের শরীর, নিজের আত্মবিশ্বাস এবং নিজের পরিচয় নিয়ে প্রশ্ন তৈরি করে।’
মাতৃত্বের পর শরীর বদলে যাওয়াকে স্বাভাবিক হিসেবে দেখার আহ্বান জানিয়ে নাদিয়া বলেন, যে শরীর একটি জীবনকে পৃথিবীতে এনেছে, রাতের পর রাত জেগেছে, ক্লান্ত হয়েছে এবং পরদিন আবারও উঠে দাঁড়িয়েছে—সেই শরীরে পরিবর্তন আসাটাই স্বাভাবিক।
তিনি লেখেন, ‘একজন মায়ের শরীরকে আগের মতো করার চাপ না দিয়ে, ‘তুমি কেমন আছো?’—এই প্রশ্নটা করি। মায়েদের শরীর কোনো আগে-পরের ছবি নয়, কোনো পাবলিক প্রপার্টি নয়। আর একজন নারীর মূল্য তার ওজন, কোমরের মাপ বা চেহারার পরিবর্তনে কখনোই নির্ধারিত হয় না।’
নিজের অভিজ্ঞতা তুলে ধরে নাদিয়া আরও বলেন, ‘আমি একজন মা। আমিও জানি, মা হওয়ার পর নিজের জন্য সময় বের করা কতটা কঠিন। কখনো নিজের যত্ন নেওয়ার সুযোগ আসে, কখনো আসে না। কখনো নিজের শরীরকে ভালো লাগে, কখনো নতুন শরীরটাকে চিনতেই একটু সময় লাগে। কিন্তু আমি বিশ্বাস করি—মায়েদের একে অপরকে বিচার নয়, বরং একটু বেশি বোঝাপড়া, একটু বেশি ভালোবাসা আর একটু বেশি সাপোর্ট দেওয়া দরকার।’
মা হওয়ার পর কোনো নারীর সৌন্দর্য কমে যায় না—এমন বার্তাও দিয়েছেন নাদিয়া। তার ভাষায়, ‘কারও শরীর নিয়ে মন্তব্য করার আগে একবার ভাবুন, আপনার একটা কথা হয়ত তার কাছে শুধু একটা কথা নয়। চলুন, মায়েদের শরীর নিয়ে মন্তব্য করার সংস্কৃতি বদলাই। তাদের শরীরের পরিবর্তন নিয়ে প্রশ্ন না তুলে, তাদের শক্তিটাকে উদযাপন করি। কারণ মা হওয়ার পর একজন নারী কম সুন্দর হয়ে যান না; তিনি শুধু জীবনের একটা অসাধারণ অধ্যায়ের মধ্য দিয়ে বদলে যান।’
প্রসঙ্গত, ২০২৪ সালের জুনে অভিনেতা সালমান আরাফাতের সঙ্গে বিয়ে হয় সালহা খানম নাদিয়ার। চলতি বছরের জানুয়ারিতে তাদের ঘরে আসে কন্যাসন্তান। মা হওয়ার পর এখন মেয়ে ও সংসার নিয়েই ব্যস্ত সময় কাটছে নাদিয়ার। এর পাশাপাশি ছোট পরিসরে কিছু কাজও করছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার সময় একজন বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ইয়েমেনের নাগরিক, যিনি সৌদি আরবে বসবাস করতেন।
সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা তায়েফের দিকে একটি ড্রোন উৎক্ষেপণ করেছিল। ওই ড্রোনটি প্রতিহত করার সময় এই হতাহতের ঘটনা ঘটে। আহত দুজনের পরিচয় এবং তাদের আঘাতের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ মাসে সৌদি আরবে হুথিদের হামলা বৃদ্ধি পাওয়ার পর এটি দেশটিতে প্রথম প্রাণহানির ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইয়েমেনের হুথিরা পূর্বে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবও নিয়মিতভাবে এসব হামলা প্রতিহত করার দাবি করে আসছে।
এদিকে, ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হওয়ায় সৌদির ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা বা ইন্টারসেপ্টর সংখ্যা কমে আসছে। এই পরিস্থিতিতে রিয়াদ মহা বিপাকে পড়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে বিমান প্রতিরক্ষা সহায়তা চেয়েছে তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ