১০:৫৭ পি.এম
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনা এবং সংঘাতময় পরিস্থিতির মাঝে এবার ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ সামরিক স্থাপনা ‘পিকঅ্যাক্স পর্বত’ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অত্যন্ত সংবেদনশীল কমপ্লেক্সটি মাটির গভীরে লুকানো রয়েছে। ট্রাম্প সতর্ক করেছেন যে খুব শিগগিরই মার্কিন সামরিক বাহিনী এই কমপ্লেক্সে হামলা চালাতে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে মঙ্গলবার (১৪ জুলাই) এই তথ্য জানানো হয়েছে।
এই স্থাপনাটিকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত সামরিক-পারমাণবিক কমপ্লেক্স হিসেবে বিবেচনা করা হয়। শক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমা দিয়েও যাতে ক্ষতি করা না যায়, সেজন্য মাটির অনেক নিচে দুটি বিশাল সুড়ঙ্গ কমপ্লেক্স তৈরি করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, কঠিন গ্রানাইট পাথরের নিচে এই স্থাপনা গড়ে তোলা হয়েছে যা কয়েক শ মিটার গভীর।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-মনিটরসহ বিভিন্ন সূত্রের তথ্যমতে, ওয়াশিংটন সন্দেহ করছে যে, ইরান এই পাহাড়ের ভেতরে গোপনে উন্নত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালানোর চেষ্টা করছে। এটি মূলত তেহরানের পারমাণবিক কর্মসূচির জন্য একটি ‘কৌশলগত ব্যাকআপ’ বা বিকল্প কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। তবে ইরান সরকার ২০২০ সালে এই প্রকল্পের নির্মাণকাজ শুরু করার পর থেকেই দাবি করে আসছে, এই স্থাপনাটি শুধুমাত্র উন্নত সেন্ট্রিফিউজ সংযোজন ও সাধারণ যন্ত্রাংশ উৎপাদনের জন্য ব্যবহৃত হচ্ছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো গোপন পরিকল্পনা তাদের নেই।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য হিউ হিউইট শো’তে দিয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমরা পিকঅ্যাক্স পর্বত গুঁড়িয়ে দেব। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।" সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "আমরা এই এলাকা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে তেমন কোনো বড় কার্যক্রম এখন আমাদের চোখে পড়ছে না। তাদের পারমাণবিক অবস্থান খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। যখনই আমরা কোনো সন্দেহজনক তথ্য বা তৎপরতার খবর পাই, আমরা তা ধ্বংস করে দিই। তাই তারা এ নিয়ে খুব একটা মুখ খুলতে চায় না। তবে খুব শিগগিরই আমরা পিকঅ্যাক্স পর্বতে সরাসরি হামলা চালাতে পারি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন