ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

তাইওয়ানের সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত


তাইওয়ানের সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

তাইওয়ানের একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের দুই পাইলট নিহত হয়েছে।

ইঞ্জিল বিকল হয়ে গেলে করণীয় কি, সে বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২ জুন) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ইয়েমেনে বাস্তুচ্যুতদের জন্য সউদীর ২৩২টি বাড়ি, স্কুল, মসজিদ ও খেলাধুলার সুযোগ

টি-৩৪ মডেলের বিমানটি স্থানীয় সময় সকাল ৮টার দিকে গাংশান বিমানঘাঁটির রানওয়ের উত্তর পাশে বিধ্বস্ত হয়।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বিমানঘাঁটির অবস্থান তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী কাওহসিউং-এ।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তাইওয়ানের বিমানবাহিনীর একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। নিহত দুই পাইলটের নাম লেফটেন্যান্ট কর্নেল লু এবং লেফটেন্যান্ট কর্নেল গুও।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এক বিবৃতিতে বলেন, প্রাণহানির ঘটনায় তিনি ‘গভীরভাবে শোকাহত’। নিহত পাইলটদের ‘বীর’ হিসেবে উল্লেখ করেন এবং তাইওয়ানের জন্য তাদের ‘ত্যাগ ও নিষ্ঠার’ প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন: হরমুজে ৩ জাহাজে আগুন, ইরান দাবি করেছে ২ মার্কিন ড্রোন জব্দ

বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিমানবাহিনীর এক মুখপাত্র এ বিষয়ে আর কোনো তথ্য দিতে রাজি হননি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, তাইওয়ানের বিমানবাহিনীতে পাইলটদের প্রাথমিক প্রশিক্ষণের জন্য প্রধান প্রশিক্ষণ বিমান হিসেবে এক ইঞ্জিনবিশিষ্ট টি-৩৪ বিচক্রাফট প্রপেলার বিমান ব্যবহার করা হয়। এই বিমানগুলো প্রথম ১৯৮৪ সালে তাইওয়ানকে সরবরাহ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১১:৫০ এম


দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: মীর শাহে আলম

সিটি করপোরেশনে কোনো জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে, এমনটি জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (০২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী এবং হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ওয়াসা কাজ করছে। স্যুয়ারেজ লাইনগুলোকে দাসেরকান্দি নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা তৈরি হচ্ছে। দ্রুতই এ প্রকল্প একনেকে উত্থাপন করা হবে।

ডেঙ্গু মশার উৎপত্তিস্থল চিহ্নিত করার পাশাপাশি লাভা ধ্বংসে কাজ চলমান রয়েছে, এই কথা জানিয়ে মীর শাহে আলম আরো বলেছেন, হাতিরঝিল লেকে পরিষ্কারের কাজ চলছে তবে এতে কিছু সময় লাগবে। কারণ সেখানে স্যুয়ারেজ লাইন বিদ্যমান। দূষণ রোধে স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) বাসাগুলোতেই করতে হবে যাতে ময়লা সরাসরি এসে না পড়ে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরো জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের পরের দিন ঢাকা শহরে ঘুরে দেখেছেন। কোথায় কী অবস্থা আছে, তিনি তা দেখেছেন। প্রটোকল ছাড়া, গাড়ি চালিয়ে ৪ ঘণ্টা তিনি পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কাজের গাফিলতি দেখা গেলে সেখানে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, ইতোমধ্যেই দায়িত্ব পালনে অবহেলার জন্য দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলেন পরিষ্কারের কাজের জন্য। যা গতকাল শেষ হয়েছে। মন্ত্রণালয়ের ২০টি টিম পরিচ্ছন্নতা তদারকির কাজ করছে। পরিষ্কারের কাজ চলমান রয়েছে, তবে এতে কিছুটা সময় প্রয়োজন বলেও তিনি জানান।

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নগরবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন। মীর শাহে আলম বলেন, আমরাও নগরবাসীর সহযোগিতা চাই। তিনি উল্লেখ করেন যে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকার দুই সিটির জনপ্রতিনিধি না থাকায় দেখভাল করার লোকের অভাব হবে। আগে যারা প্রশাসক ছিলেন তারা রুটিন কাজ করছেন। বর্তমানে কাজের গতি কিছুটা বেড়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান যে, বাজেটে নির্বাচন নিয়ে বরাদ্দ আসার পর জুলাই-আগস্ট মাস থেকে কোনো নির্বাচন কবে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে রাজউক চেয়ারম্যান বলেন, হাতিরঝিলের মূল পরিকল্পনা অনুযায়ী কাজ করা হবে। স্যুয়ারেজ লাইনটি দাসেরকান্দিতে নিতে পারলে তখন ময়লা যোগাযোগ কম হবে। দ্রুতই একনেকে এ প্রকল্প পাঠানো হবে।

তিনি আরও বলেন, নতুন ডিজাইনে বাড়ি করতে গেলে এসটিপি বাধ্যতামূলক করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাগাছের ভেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১১:৫৪ এম


কলাগাছের ভেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

শেরপুরে একটি ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে।

সোমবার (১ জুন) দুপুরে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত শিশুদের মধ্যে রয়েছে- উপজেলার পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে হানজালা (৯) এবং একই গ্রামের নেকাবর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬)।

পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দুপুরের সময়ে দুই শিশু বাড়ির পাশের একটি ডোবায় কলাগাছ দিয়ে তৈরি ভেলায় খেলছিল। তবে একপর্যায়ে তারা অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। এর পর দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ডোবা থেকে দুই শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম গণমাধ্যমকে জানান, সোমবার বিকেলেই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিরের আক্রমণের শিকার শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:০০ পি.এম


কুমিরের আক্রমণের শিকার শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাট এলাকায় গোসল করতে নামলে একটি কুমির ফাতেমাকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মামুনুর রশীদ বাসস’কে জানান, রাতভর উদ্ধার অভিযান পরিচালনার পর মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে দিঘীর উত্তর-পূর্ব দিক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি বাগেরহাট মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফিন বাসস’কে জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, ঘটনার পর মাজার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা তার মায়ের সঙ্গে মাজার এলাকায় অবস্থান করছিল। গোসল করতে নামার পর হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে উপস্থিত লোকজন নৌকা নিয়ে দিঘীতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম।

ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সহযোগিতায় সারারাত উদ্ধার অভিযান পরিচালনার পর মঙ্গলবার ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

এ মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাগেরহাট শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ রাতেই মাজার দিঘীর পাড়ে ভিড় করেন।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে। একই সঙ্গে মাজার দিঘীতে থাকা কুমিরের নিরাপত্তা ব্যবস্থাপনা, দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি পর্যালোচনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ওপর চাপ বাড়াতে সমুদ্রেও কঠোর হচ্ছে ইউরোপ!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


রাশিয়ার ওপর চাপ বাড়াতে সমুদ্রেও কঠোর হচ্ছে ইউরোপ!

রাশিয়ার ওপর চাপ বাড়ানোর লক্ষ্য নিয়ে এবার সমুদ্রেও কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপ। ফ্রান্স এবং যুক্তরাজ্যের সহায়তায় আটক করা হয়েছে রুশ 'শ্যাডো ফ্লিট'-সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কার। যদিও রোমানিয়ার ভূখণ্ডে রুশ ড্রোন আঘাত হানার ঘটনায় ন্যাটোজুড়ে উদ্বেগ ছড়িয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীরবতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হচ্ছে।

রাশিয়ার তেল রফতানি ও যুদ্ধের অর্থায়নে আঘাত হানার জন্য এবার একটি ভিন্ন কৌশল গ্রহণ করেছে ইউরোপ। আটলান্টিক অঞ্চলে রুশ 'শ্যাডো ফ্লিট'-সংশ্লিষ্ট সন্দেহে ফরাসি নৌবাহিনী 'ট্যাগর' নামের একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁয়ের হুঁশিয়ারী, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে ক্রেমলিনের এই অর্থের উৎস কোনোভাবেই চলতে দেয়া হবে না।

ফরাসি কর্তৃপক্ষ উল্লেখ করেছে, সংশ্লিষ্ট জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে চলাচল করছিল।

এই সমুদ্রের কড়াকড়ির মধ্যেই আকাশপথে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ন্যাটো সীমান্ত। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সম্প্রতি একটি রুশ ড্রোন রোমানিয়ার গালাতি শহরের আবাসিক ভবনে আঘাত হানে। এই ঘটনার ফলস্বরূপ ইউরোপীয় ইউনিয়ন এটি গুরুতর আকাশসীমার লঙ্ঘন বলে অভিহিত করেছে। ব্রাসেলসের বক্তব্য, এই আগ্রাসন প্রমাণ করে যে ইউক্রেনকে আরও বেশি সামরিক সহায়তা দেয়া এবং মস্কোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা এখন সময়ের দাবী।

এদিকে, ন্যাটো সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে রুশ ড্রোনের আঘাত হানার পরও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রহস্যজনকভাবে নীরব রয়েছেন। হোয়াইট হাউসের এই নীরবতা পশ্চিমা কূটনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের কয়েকটি অংশের দাবি, ট্রাম্পকে প্রায়ই ন্যাটোর ভূমিকা নিয়ে সমালোচনা করতে দেখা যায়, কিন্তু রাশিয়ার এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে তার ভাষায় সেই একই কঠোরতা দেখা যাচ্ছে না।

অন্যদিকে, ইউক্রেন সীমান্তে ড্রোন যুদ্ধ রাশিয়ার কর্মকাণ্ডকে আরও ভয়াবহ করে তুলেছে। মে মাসে, ইউক্রেন লক্ষ্য করে রেকর্ড ৮ হাজার ১৫০টি দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে মস্কো, যা যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ। ইউক্রেন দাবি করছে যে বেশিরভাগ ড্রোন আকাশেই ধ্বংস হয়েছে, কিন্তু কিয়েভ সতর্ক করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোলাবারুদের মজুত দ্রুত শেষ হয়ে আসছে। এর ফলে, যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং তা আরও দীর্ঘ এবং জটিল রূপ নিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%