০৯:৪৩ এম
বাংলাদেশ ব্যাংক রপ্তানিমুখী শিল্পের প্রি-শিপমেন্ট ক্রেডিট বা রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল ৫ হাজার কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৭ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে। এই স্কিমের আওতায় নতুন ঋণ সুবিধায় গ্রাহক পর্যায়ে সুদের হার সর্বোচ্চ ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ৫ শতাংশ।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ-১ থেকে প্রকাশিত এক সার্কুলারে এ নির্দেশনা প্রদান করা হয়। সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রি-শিপমেন্ট ক্রেডিটের মাধ্যমে ঋণ সহায়তা প্রদান করে রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখা এবং বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সার্কুলারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়তার প্রাক-অর্থায়ন তহবিল (ইএফপিএফ) থেকে আরও ২ হাজার কোটি টাকা প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমে স্থানান্তর করা হয়েছে। এর ফলে এই স্কিমের মোট তহবিল ৭ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সঙ্গে ইএফপিএফের অবশিষ্ট তহবিলের পরিমাণ ৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: আহ্বান সরকারের সহযোগিতায় ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপন করুন : বিদ্যুৎ মন্ত্রীর
নতুন ঋণ সুবিধার আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ গ্রহণ করতে পারবে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণের বিপরীতে অংশগ্রহণকারী ব্যাংককে ৩ শতাংশ সুদ প্রদান করতে হবে, যা আগে ছিল ২ শতাংশ।
সার্কুলারে জানানো হয়েছে, পুনঃঅর্থায়নের অর্থ নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিশোধে কোনো ব্যাংক ব্যর্থ হলে, অনাদায়ী সময়ের জন্য ব্যাংক রেটে সুদ দিতে হবে।
এছাড়া, পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণকারী ব্যাংক মেয়াদ শেষ হওয়ার আগে নেওয়া অর্থের পুরোটা পরিশোধ অথবা আংশিক সমন্বয় করতে পারবে। এ ক্ষেত্রে আগাম পরিশোধ বা আংশিক সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণ নিয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন