০৭:৩২ পি.এম
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন, জাতীয় ছাত্রশক্তি।
শনিবার (১০ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর পাঠানো এক বার্তায় এই ক্ষোভ ও নিন্দা জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষায় তিন লাখের বেশি চাকরিপ্রার্থী অংশগ্রহণ করার কথা ছিল। সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া প্রশ্ন ছড়িয়ে পড়তে দেখা যায়। দূর-দূরান্ত থেকে টাকা খরচ করে এবং দীর্ঘ প্রস্তুতি নিয়ে আসা প্রার্থীদের শেষ মুহূর্তে জানানো হয়, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তরুণদের সঙ্গে সরকারের এ ধরনের আচরণ একটি নির্মম তামাশার শামিল। সরকারের কাছে তরুণদের সময়, অর্থ ও স্বপ্নের কোনো মূল্য নেই। "এক উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ!"
আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
বার্তায় আরও বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় যে মেধাভিত্তিক ও স্বচ্ছ রাষ্ট্রের স্বপ্ন দেখা হয়েছিল, প্রশ্নফাঁসের এই সংস্কৃতি তার সম্পূর্ণ বিপরীত। নিয়োগ প্রক্রিয়ার গোপনীয়তা রক্ষা করা সরকারের প্রাথমিক দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হয়েছে। নূন্যতম লজ্জাবোধ থাকলে লাখ লাখ বেকার তরুণের স্বপ্ন ধূলিসাৎ করার দায়ে সরকারের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। যে সরকার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করতে পারে না, সে সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্রের গোপনীয়তা রক্ষা করবে কীভাবে?
বার্তায় আরও বলা হয়েছে, জাতীয় ছাত্রশক্তি স্পষ্ট ভাষায় জানাতে চায়– প্রশ্নফাঁসের ঘটনায় অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত যত বড় প্রভাবশালীই হোক, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
জাতীয় ছাত্রশক্তি সরকারকে হুশিয়ারি দিয়ে জানাতে চায়– তরুণদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না। ছাত্রশক্তি চাকরিপ্রার্থী তরুণদের পাশে সবসময় ছিল, আছে, এবং থাকবে।
আরও পড়ুন: মকবুল হত্যা মামলায় সুলতান মনসুর ও মঈনউদ্দিনকে গ্রেপ্তার দেখাল আদালত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন