ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কমিউনিটি ব্যাংক পুলিশের সদস্যদের মোটরসাইকেল কিনতে ৯% সুদে ঋণ দেবে


কমিউনিটি ব্যাংক পুলিশের সদস্যদের মোটরসাইকেল কিনতে ৯% সুদে ঋণ দেবে

বাংলাদেশ পুলিশের সদস্যদের যাতায়াতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার উদ্দেশ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ইফাদ মটরস্ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারকের লক্ষ্য রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার জন্য বিশেষ ঋণ সুবিধা প্রদান করা। ইফাদ মটরস্ লিমিটেড বাংলাদেশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক হিসেবে পরিচিত।

এই সুবিধার আওতায়, যোগ্য পুলিশ সদস্যরা সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার জন্য। ঋণের সুদের হার নির্ধারিত হয়েছে ৯ শতাংশ এবং পরিশোধের মেয়াদ সর্বাধিক ১০ বছর। এ সুবিধা প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রহণ করা যাবে।

সম্প্রতি আয়োজিত একটি অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যেখানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন। ইফাদ গ্রুপের প্রতিনিধিত্ব করেন ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ আফছার উদ্দিন, এফ সি এ।

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বিশ্বজুড়ে ঐতিহ্য, নির্ভরযোগ্যতা ও সক্ষমতার জন্য পরিচিত। এটি পুলিশ সদস্যদের ব্যক্তিগত যাতায়াত ও দায়িত্ব পালনে আরও গতিশীলতা আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সহজ শর্তে অর্থায়নের সুযোগ তাঁদের পছন্দের মোটরসাইকেল কেনাকে আরও সহজলভ্য করে তুলবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা প্রদান করে আসছে। ইফাদ মটরস্ লিমিটেডের সঙ্গে এই সমঝোতা সেই ধারাবাহিক প্রচেষ্টার একটি নতুন সংযোজন। এটি পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনার সুযোগ বৃদ্ধি করার পাশাপাশি দুই প্রতিষ্ঠানের সহযোগিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাহমুদুর রহমানের বাসায় পুলিশ: গণমাধ্যমের কণ্ঠরোধের অপসংস্কৃতির প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


মাহমুদুর রহমানের বাসায় পুলিশ: গণমাধ্যমের কণ্ঠরোধের অপসংস্কৃতির প্রকাশ

দৈনিক আমার দেশ সম্পাদক ও মজলুম জননেতা মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা তামিলের উদ্দেশ্যে পুলিশ পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। তিনি এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের কণ্ঠরোধের পুরোনো অপসংস্কৃতির প্রকাশ হিসেবে চিহ্নিত করেছেন।

বৃহস্পতিবার তিনি গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়ে এই প্রতিবাদের কথা জানান। বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী উল্লেখ করেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে শুধুমাত্র সত্য প্রকাশ এবং দেশ ও ইসলামের পক্ষে আপসহীন অবস্থান গ্রহণের কারণে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে যেখানে ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক হয়রানিমূলক হাজার হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে, সেখানে উচ্চ আদালত কর্তৃক স্থগিতকৃত একটি পুরোনো মানহানি মামলার ওয়ারেন্ট তামিল করতে পুলিশ পাঠানো অত্যন্ত বিস্ময়কর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানানো হচ্ছে। গতকাল বুধবার সকালে মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে একটি রাষ্ট্রীয় মতবিনিময় সভায় যোগ দিতে যাওয়ার সময় পুলিশের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের পুরোনো অপসংস্কৃতির প্রকাশ। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা সরকার এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এমন কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বিবৃতিতে অবিলম্বে মাহমুদুর রহমানসহ দেশের আলেম-ওলামা, সাংবাদিক এবং দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে বিগত শাসনামলে দায়ের করা সব ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারের জোর দাবি জানান। পাশাপাশি স্থগিত মামলার ওয়ারেন্ট নিয়ে বাড়িতে গিয়ে হয়রানি করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

#ডব্লিউএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে উপাচার্যের দপ্তরে মারামারির ঘটনায় চার কর্মকর্তা সাময়িকভাবে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


বেরোবিতে উপাচার্যের দপ্তরে মারামারির ঘটনায় চার কর্মকর্তা সাময়িকভাবে বহিষ্কার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের দপ্তরে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এর মধ্যে জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের তিন নেতা রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত ১২৪তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সাময়িকভাবে বহিষ্কৃত চার কর্মকর্তার মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সহসভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার কর্মকর্তা ড. জিয়াউল হক, ফোরামের সভাপতি ও রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা ড. রোকনুজ্জামান, ফোরামের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় লাইব্রেরির উপ-গ্রন্থাগারিক মামদুদুর রহমান এবং সংস্থাপন শাখার কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

এর আগে, গত ৪ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর দপ্তরে দুই শিক্ষকের মধ্যে অভ্যন্তরীণ চিঠি আদান-প্রদান নিয়ে আলোচনা চলাকালীন কর্মকর্তাদের মধ্যে কথাকাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম আহত হন, যার বাম চোখের নিচে আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এই ঘটনার পর জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ড. রোকনুজ্জামানসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মারধরের অভিযোগ তদন্ত কর্মকর্তাদের কাছে জমা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিক শিল্পমেলা, ৬৪ জেলার পণ্য প্রদর্শিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


২৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিক শিল্পমেলা, ৬৪ জেলার পণ্য প্রদর্শিত হবে

‘দেশ থেকে বিশ্বে’ স্লোগান নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) তিন দিনব্যাপী ‘বিসিক শিল্পমেলা-এক জেলা এক পণ্য ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে। দেশীয় পণ্যের পরিচিতি বৃদ্ধি, স্থানীয় উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ ও ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের বিকাশের উদ্দেশ্যে আগামী ২৯ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের বিসিক কার্যালয়ে এক অনুষ্ঠানে মেলার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বেনজীর আহমেদ। তিনি জানান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়োজকেরা আশা করছেন, এই মেলায় দেড় থেকে দুই লাখ দর্শনার্থীর সমাগম ঘটবে।

এবারের মেলায় দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য ৬৪টি স্টল থাকবে। এর পাশাপাশি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের জন্য পৃথক কর্নার, ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের প্রদর্শনী এবং হস্ত ও কারুশিল্প তৈরির সরাসরি কার্যক্রম দেখার সুযোগ থাকবে।

বেনজীর আহমেদ বলেন, এ আয়োজনকে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প, দেশীয় পণ্য, স্থানীয় উদ্যোক্তা ও কারুশিল্পীদের সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি সমন্বিত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ‘এক জেলা এক পণ্য’ শিল্পমেলার আয়োজন করা হচ্ছে। বাংলাদেশের প্রতিটি জেলার নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, উৎপাদন সক্ষমতা ও বিশেষায়িত পণ্য রয়েছে। জামদানি, তাঁত, নকশিকাঁথা, মৃৎশিল্প, বাঁশ-বেতের সামগ্রী, পাটজাত পণ্যসহ বিভিন্ন কৃষি ও খাদ্যভিত্তিক পণ্যের অনেকগুলোর জাতীয় ও আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত পরিচিতি তৈরি হয়নি।

এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, বিসিক জেলাভিত্তিক মেলা করে এবং বর্তমানে বিসিকের একটি ক্যালেন্ডার রয়েছে। বিসিক এখন প্রতি মাসে আমাদের এই বিসিক ভবনে মেলা আয়োজন করে। তবে এত বৃহৎ পরিসরে এবং নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিসিক এই প্রথম এত বড় পরিসরে এই মেলার আয়োজন করছে। তিনি আরও বলেন, পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনকে জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬ দেওয়া হবে।

বিসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, মাটির সামগ্রী, নকশিকাঁথা, জামদানি, তাঁত, বাঁশ-বেত, পাটজাত পণ্য, কাঠ ও ধাতুর কারুশিল্পসহ বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে অসংখ্য কারুশিল্পীর শ্রম ও সৃজনশীলতা জড়িয়ে রয়েছে। তাঁদের দক্ষতা ও অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে কারুশিল্পের সঙ্গে সম্পৃক্ত করতে এ পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, মেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানসংক্রান্ত তথ্য সহজে সবার কাছে পৌঁছে দিতে সংবাদ সম্মেলনে একটি বিশেষ ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। উদ্যোক্তাদের মেলায় অংশগ্রহণ করতে কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছেন বেনজীর আহমেদ। তিনি বলেন, "আমার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। সম্পূর্ণ বিনামূল্যে স্টল পাবেন উদ্যোক্তারা।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাই সালাহউদ্দিনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


মৌলভীবাজারে শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাই সালাহউদ্দিনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত্যার অভিযোগে সালাহউদ্দিন নামক এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে, তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় প্রদান করেন।

আদালত ও মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক কলহের কারণে সালাহউদ্দিন তার স্ত্রী রায়না বেগম এবং ছয় মাসের শিশুসন্তানকে কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময়, বোনকে রক্ষা করতে এগিয়ে আসলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন তিনি।

মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী মন্তব্য করেন, "এ রায়ের মধ্য দিয়ে বাদী পক্ষ ন্যায়বিচার পেয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%