প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দৈনিক আমার দেশ সম্পাদক ও মজলুম জননেতা মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা তামিলের উদ্দেশ্যে পুলিশ পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। তিনি এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের কণ্ঠরোধের পুরোনো অপসংস্কৃতির প্রকাশ হিসেবে চিহ্নিত করেছেন।
বৃহস্পতিবার তিনি গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়ে এই প্রতিবাদের কথা জানান। বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী উল্লেখ করেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে শুধুমাত্র সত্য প্রকাশ এবং দেশ ও ইসলামের পক্ষে আপসহীন অবস্থান গ্রহণের কারণে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে যেখানে ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক হয়রানিমূলক হাজার হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে, সেখানে উচ্চ আদালত কর্তৃক স্থগিতকৃত একটি পুরোনো মানহানি মামলার ওয়ারেন্ট তামিল করতে পুলিশ পাঠানো অত্যন্ত বিস্ময়কর এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানানো হচ্ছে। গতকাল বুধবার সকালে মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে একটি রাষ্ট্রীয় মতবিনিময় সভায় যোগ দিতে যাওয়ার সময় পুলিশের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের পুরোনো অপসংস্কৃতির প্রকাশ। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা সরকার এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এমন কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি।
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বিবৃতিতে অবিলম্বে মাহমুদুর রহমানসহ দেশের আলেম-ওলামা, সাংবাদিক এবং দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে বিগত শাসনামলে দায়ের করা সব ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারের জোর দাবি জানান। পাশাপাশি স্থগিত মামলার ওয়ারেন্ট নিয়ে বাড়িতে গিয়ে হয়রানি করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
#ডব্লিউএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন