০৩:১৬ পি.এম
মেহেরপুরে ঘটেছে একটি মর্মান্তিক ঘটনা যেখানে গরুবোঝাই লাটাহাম্বা উল্টে উজ্জ্বল (৩৫) নামে এক গরু ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন গরু ব্যবসায়ী।
ঘটনাটি ঘটে বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার রাইপুর বাজারে। নিহত ব্যবসায়ী উজ্জ্বল স্থানীয় মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে গরুবোঝাই লাটাহাম্বাটি গাংনীর রায়পুর বাজার হয়ে আলমডাঙ্গা পশু হাটে যাচ্ছিল। রায়পুর বাজারে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে লাটাহাম্বাটি উল্টে যায়। এই দুর্ঘটনায় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন ব্যবসায়ী উজ্জ্বল। স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে দ্রুত প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও পড়ুন: মাদারীপুরে খাবারের অভাবে লোকালয়ে ছড়িয়ে পড়ছে বানর, সংখ্যা কমছে
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন মৃত্যু বরণ করেছেন এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী নিশ্চিত করেন যে, এ ব্যাপারে আইনি ব্যবস্থার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন