প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৬ মাস আগে ব্রায়ান লারার ৪০০ রানের টেস্ট রেকর্ড ভাঙার সুযোগ সামনে আসলেও উইয়ান মুল্ডার সেই চেষ্টা থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার তিনি এমন এক কীর্তি গড়েছেন, যেখানে তার সঙ্গী বলতে নেই কেউই।
টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার পাশাপাশি এক ইনিংসে ৭ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার এখন মুল্ডার। গ্যারি সোবার্স ও মাইকেল ক্লার্ক ট্রিপল সেঞ্চুরি করার পাশাপাশি এক ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন। তবে মুল্ডার তাদের ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছেছেন। একই টেস্টে সেঞ্চুরি ও এক ইনিংসে ৭ উইকেট নেওয়া একমাত্র দক্ষিণ আফ্রিকানও তিনিই। পাশাপাশি টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার ছয় ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা করে নিয়েছেন মুল্ডার। এ কীর্তি দুবার আছে জ্যাক ক্যালিসের।
তবে নিজের এই কীর্তি এখনও বিশ্বাস করতে পারছেন না মুল্ডার। সাংবাদিকের কাছে শুনে বিস্মিত মুল্ডারের পাল্টা প্রশ্ন, ‘আমি? আমার নাম গ্যারি সোবার্সের সঙ্গে একই বাক্যে উচ্চারিত হচ্ছে?’ এরপর তিনি বলেন, ‘না, না! এটা হতে পারে না। এটা একবারের ঘটনা। তারা বহু বছর ধরে এসব করেছেন।’
এত অর্জনের পরও নিজের অবস্থান নিয়ে মুল্ডার বেশ নির্লিপ্ত। তার কাছে রেকর্ডের চেয়ে দলের জয়ই বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘রেকর্ড আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমি জিততে চাই।’
দক্ষিণ আফ্রিকা এখন জয়ের ধারায় অভ্যস্ত। সর্বশেষ ১৯ টেস্টের মধ্যে ১৭টিতেই জিতেছে তারা। এর মধ্যে ১৬টি ম্যাচেই খেলেছেন মুল্ডার। এই সময়ের মধ্যে হাঁকিয়েছেন পাঁচটি টেস্ট সেঞ্চুরি। চার উইকেট বা তার বেশি নেওয়ার সব কটি কীর্তিও এই সময়ের মধ্যে।
আইসিসি র্যাঙ্কিং ও মুল্ডার নিজেও সতীর্থ মার্কো ইয়ানসেনকে বিশ্বের সেরা বলে স্বীকৃতি দেন। তবে এমন একজনও ছিলেন, যিনি বরাবরই মুল্ডারকে সেরাদের কাতারে দেখেছেন এবং তাকে সেই বিশ্বাসের কথা জানিয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড।
মুল্ডার বলেন, ‘শুকস (কনরাড) সব সময় আমাকে সমর্থন করেছেন, দায়িত্ব যেটাই হোক না কেন।’ কনরাড নিজেও সেই গল্প নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ক্যারিবীয় সফরে বিষয়টির শুরু, সেখানে মার্কো ইয়ানসেন ছিল না। ওয়িয়ান এমন কিছু বোলিং স্পেল করেছিল, যা আমাদের একটি টেস্ট জিততে সাহায্য করে। এরপর আমরা বাংলাদেশে গেলাম, সেখানে সে সেঞ্চুরি করল। ধীরে ধীরে সে নিজের সামর্থ্য জানান দিচ্ছিল।’
‘এরপর এ বছর ডারবানে আমি ওর সঙ্গে বসে বললাম, “আমার মনে হয়, তুমিই বিশ্বের সেরা অলরাউন্ডার।” ওয়িয়ান বরাবরই বিনয়ী। আমি কথাটা বলার আগ পর্যন্ত সে নিজেকে এভাবে ভাবেনি। আমি তাকে বললাম, “বেন স্টোকস তো অবসর নিয়েছে। তোমার মতো আর কোন অলরাউন্ডার আছে, যে ভালো গতিতে বোলিং করতে পারে এবং সেঞ্চুরিও করতে পারে?” এরপর একে একে সব দলের অলরাউন্ডারদের নিয়ে আলোচনা করলাম। তখন সে বুঝতে শুরু করল, হয়তো আমি ভুল বলছি না। বিষয়টি আসলে বিশ্বাস এবং ধৈর্য ধরে সেই বিশ্বাস ধরে রাখার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন