১০:৩২ এম
বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের যানবাহন সংকট দূর করার উদ্দেশ্যে, জরুরি সেবার মানোন্নয়ন এবং সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫ হাজার ৮৩০টি যানবাহন ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের জন্য মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬০৮.১৪ কোটি টাকা।
আজ রবিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) দুটি পৃথক প্রকল্পের অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। একনেক সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে গত ২২ অক্টোবর এ তথ্য জানানো হয়েছে।
প্রস্তাবিত মোট বিনিয়োগের মধ্যে ৪ হাজার ৮২৯টি সাধারণ অপারেশনাল যানবাহন কেনার জন্য ৪ হাজার ৩২৮ কোটি টাকা এবং এক হাজার ১টি বিশেষায়িত যানবাহনের জন্য ২ হাজার ২৮০.১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সরকারি অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পগুলোর মেয়াদকাল অক্টোবর ২০২৬ থেকে জুন ২০২৯ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: শ্যালকের অবৈধ সম্পদ মামলায় মনিরুল ইসলাম ফাঁসছেন
প্রকল্প প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, দেশের ৬৩৯টি প্রশাসনিক থানায় বর্তমানে মাত্র ১ হাজার ২৩৭টি যানবাহন রয়েছে, যা প্রায় ১ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় সেবা প্রদান করছে। অর্থাৎ, থানাগুলোর জন্য গড়ে দুটিরও কম গাড়ি রয়েছে এবং বিদ্যমান যানবাহনের প্রায় ৬৪ শতাংশই ১০ বছরেরও বেশি পুরোনো। এই কারণে নিয়মিত টহল, জরুরি সাড়াদান এবং প্রয়োজনের সময় দ্রুত ফোর্স মোতায়েনে পুলিশকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই প্রস্তাবিত বিনিয়োগ পুলিশের গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং অপরাধ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।
বিশেষায়িত যান প্রকল্পের অধীনে দাঙ্গা নিয়ন্ত্রণ গাড়ি, অল-টেরেইন ভেহিকল (এটিভি), মোবাইল কমান্ড সেন্টার এবং ক্রাইম সিন ভ্যান কেনার পরিকল্পনা রয়েছে, যা জনতা ব্যবস্থাপনা, দুর্গম এলাকায় অভিযান এবং তদন্তে আলামত সংগ্রহে ব্যবহৃত হবে। এছাড়া, দেশের বিশাল নৌপথ পাহারা, কেপিআই এলাকার নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী অভিযান ও উদ্ধার তৎপরতার জন্য স্পিডবোট এবং ইঞ্জিনচালিত নৌকা কেনার পরিকল্পনাও রয়েছে।
অর্থবছরভিত্তিক ব্যয়ের পরিকল্পনায় বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে ২ হাজার ৮০.৯৪ কোটি টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ২ হাজার ৮৬৭.৫৫ কোটি টাকা এবং ২০২৮-২৯ অর্থবছরে ১ হাজার ৬৬০.৫৮ কোটি টাকা ব্যয় করা হবে।
আরও পড়ুন: ‘আইজিপির ক্রসফায়ারের হুমকি দিয়ে পুলিশকে কলঙ্কিত করার চেষ্টা’ হাসনাত আবদুল্লাহর অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন