১২:৩৪ পি.এম
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা মাঝারফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে একটি মার্কেটের ১৪টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে রেজা মার্কেটে এই আগুনের ঘটনা ঘটে, যার ফলে নগদ অর্থ ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে রেজা মার্কেটের একটি ডেকোরেটার্সের দোকানে টমটম চার্জে বসানো ছিল। সেখান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং একের পর এক দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, আগুনে জিয়াবুল হকের ওষুধের ফার্মেসি, তারেক সওদাগরের মুদির দোকান, তামজিদুল ইসলামের হার্ডওয়্যার ও তেলের দোকান, তৌহিদুল ইসলামের মুরগির দোকান, মনজুর আলমের হার্ডওয়্যার এবং আনছারের কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া চারটি সেলুন, দুটি ইলেকট্রনিক্স ও ডেকোরেটার্সের দোকান এবং একটি লন্ড্রি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি দোকান।
আরও পড়ুন: কালিয়াকৈরে বেতন বৃদ্ধির পর শ্রমিকেরা আনন্দ মিছিল করে কাজে ফিরলেন
ক্ষতিগ্রস্ত ফার্মেসির মালিক জিয়াবুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ফার্মেসিতে থাকা নগদ ৫-৬ লাখ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। জীবিকার প্রধান উৎস এভাবে ধ্বংস হয়ে যাবে, তা কল্পনাও করিনি।’
অন্য ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে নগদ অর্থ ও মালামাল মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ দিদারুল হক বলেন, ‘ভোররাতে কাকারা মাঝারফাঁড়ি বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: অসচ্ছল নারীদের জন্য মাসে ৩০ কেজি চাল, আবেদন ১ ডিসেম্বর থেকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন