শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৩০ পি.এম
আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রেক্ষাপটে গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর, জেলার পাঁচ উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। কাশিয়ানীর ফুকরা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ির সামনে মশাল মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর একাধিক স্থানে আকস্মিক এসব কর্মসূচিতে স্থানীয়দের মধ্যে নতুন করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার সন্ধ্যার পর গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় এই বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে লকডাউন কর্মসূচির পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। এ সময় একই সড়ক দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল গাড়ি চলাচল করছিল। টহল গাড়ির উপস্থিতিতে মিছিলকারীদের স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, কোটালীপাড়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি লেক পার্ক ঘুরে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান আজরা বলেন, "আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে সারা দেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছেন। কোটালীপাড়াও এর ব্যতিক্রম নয়। আগামীকালও মশাল মিছিল চলবে। ইতোমধ্যে জেলা আওয়ামী লীগ আট দফা দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। অনতিবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করতে হবে।"
একই সময়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকাতেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে বিক্ষোভ ও মিছিল করার খবর পাওয়া গেছে।
লকডাউন কর্মসূচির আগে সন্ধ্যার পর জেলার বিভিন্ন স্থানে একযোগে এসব কর্মসূচি পালনের ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
সব মিলিয়ে আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে জেলার রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কালিগঞ্জে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (২০ নভেম্বর) আসরের নামাজবাদে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবীর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম, নলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার শাহীনুর রহমান, রিপন, সোহাগ ও শাহাজান আলী মোড়ল প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, কালিগঞ্জ উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃ যুগ্ম আহবায়ক শাহাজান আলী মোড়ল, সদস্য সচিব মোস্তাফিজ, ছাত্রদলের জাকির, নাসিম, সুমন, ওমরসহ বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেণ উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলা আব্দুল মজিদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই নিয়োগকে আইনগতভাবে টেকসই নয় বলে উল্লেখ করেছেন।
একই সঙ্গে আদালত বিধানসভার স্পিকারকে নির্দেশ দিয়েছেন যে বিষয়টি পুনর্বিবেচনা করে যুক্তিসংগত কারণ উল্লেখ করে নতুন সিদ্ধান্ত দিতে হবে। স্পিকারকে আগামী ১০ দিনের মধ্যে নতুন সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, চলতি বছরের শুরুতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর স্পিকার রবীন্দ্রনাথ বসু তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী অংশের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেন। একই সঙ্গে আখরুজ্জামানকে বিধানসভার মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করা হয়।
স্পিকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের অংশের জ্যেষ্ঠ নেতা।
এর আগে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আখরুজ্জামানকে তাদের নিজ নিজ পদে দুই মাস দায়িত্ব পালনের অনুমতি দিয়েছিলেন।
তবে শুক্রবারের আদেশে সেই নিয়োগের বৈধতা নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণের পথ তৈরি হলো। এখন স্পিকারের পুনর্বিবেচনার ওপর নির্ভর করছে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতার পদে কে দায়িত্ব পালন করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিছু গান এমন আছে, যেগুলো প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে এবং সময়ের গণ্ডি পেরিয়ে যায়। যদিও সময় পরিবর্তিত হয় এবং মানুষের জীবনযাত্রায় নানা পরিবর্তন আসে, তবুও পুরনো দিনের পরিচিত সুরগুলো হৃদয়ে অন্য রকম অনুভূতি জাগায়।
কখনো প্রেমের আবেশ, কখনো বিরহের বিষণ্নতা, কখনো দেশ ও মাটির টান, আবার কখনো জীবনের ফেলে আসা দিনগুলোর স্মৃতি। এমন সব কালজয়ী বাংলা গানের সুরে শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে এক নান্দনিক সন্ধ্যা উপভোগের সুযোগ তৈরি হয়েছে।
রাজধানীর ৩০০ ফুট সড়কের ব্যস্ততা পেরিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলেই চারপাশের আবহ বদলে যাবে। বাইরে যানবাহনের ছুটে চলা এবং নগরজীবনের কোলাহল, ভেতরে মৃদু আলো, রাজকীয় মোঘল সাজসজ্জা এবং প্রিয় বাংলা গানের মূর্ছনা।
টেবিলে সাজানো রয়েছে নানা পদের ঐতিহ্যবাহী মোঘল খাবার। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে আড্ডার ফাঁকে মঞ্চের পরিবেশনায় মেতে ওঠার সুযোগ, সব মিলিয়ে সন্ধ্যাটি স্মৃতি ও আনন্দের এক বিশেষ আয়োজন হয়ে উঠেছে।
এই দিন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হচ্ছে ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ এর বিশেষ পর্ব ‘এডিশন : কালজয়ী বাংলা গান’। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে এ আয়োজন। এবারের পর্বে বাংলা গানের সোনালি দিনের জনপ্রিয় ও কালজয়ী সব সৃষ্টি প্রাধান্য পাবে।
বাংলা গানের ভান্ডার বৈচিত্র্যে ভরপুর। আধুনিক গান, চলচ্চিত্রের গান, ব্যান্ডসংগীত কিংবা লোকজ ধারার গান, প্রতিটি ক্ষেত্রেই রয়েছে অসংখ্য স্মরণীয় সৃষ্টি। কিছু গান মানুষের শৈশব কৈশোরের স্মৃতি জাগিয়ে তোলে, কিছু গান মনে করিয়ে দেয় জীবনের বিশেষ কোনো মুহূর্ত। আবার এমন অনেক গান রয়েছে, যেগুলো শুনলেই অজান্তে ঠোঁটে সুর চলে আসে। সেই চেনা গানগুলোই এ সন্ধ্যায় সংগীতপ্রেমীদের ফিরিয়ে নেবে সোনালি দিনের আবেগে।
এ আয়োজনের বিশেষত্ব হলো, এখানে গান শোনার পাশাপাশি অতিথিরা উপভোগ করতে পারবেন ঐতিহ্যবাহী মোঘল খাবার। আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের অন্যতম আকর্ষণ মোঘল রন্ধনশৈলীতে তৈরি নানা পদ। পুরোনো রেসিপি ও ঐতিহ্যের ছোঁয়ায় তৈরি এসব খাবারের স্বাদে রয়েছে ভিন্নতা। খাবার পরিবেশনেও রাখা হয়েছে রাজকীয় আয়োজন। মোঘল পোশাকে পরিবেশনকর্মীদের উপস্থিতি এবং ঐতিহ্যবাহী সাজসজ্জা অতিথিদের সামনে তুলে ধরে এক ভিন্ন আবহ।
ফলে এ সন্ধ্যায় খাবার কেবল নৈশভোজের আয়োজনেই সীমাবদ্ধ থাকছে না। বরং সংগীতের সঙ্গে মিলেমিশে তৈরি করবে উপভোগের নতুন মাত্রা। একদিকে মঞ্চে ভেসে আসবে প্রিয় বাংলা গানের সুর, অন্যদিকে টেবিলে চলছে খাবারের স্বাদ নেওয়া আর প্রাণখোলা আড্ডা। পরিচিত কোনো গান বেজে উঠলে অতিথিদের অনেকেই হয়তো গুনগুন করে গলা মেলাবেন, ফিরে যাবেন জীবনের কোনো স্মৃতিময় সময়ে।
‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ এর আয়োজনের আরেকটি দিক হলো, প্রতি শুক্রবার সংগীতের ভিন্ন ভিন্ন ধারা নিয়ে সাজানো হচ্ছে একেকটি পর্ব। ফলে একই স্থানে বারবার এলেও অতিথিদের জন্য থাকছে নতুন অভিজ্ঞতা। নব্বইয়ের দশকের হিন্দি গান থেকে শুরু করে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি এবং কালজয়ী বাংলা গান এভাবেই সংগীতের নানা ধারাকে এক মঞ্চে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের সূচি অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পিয়ানো ও ভোকাল সংগীতের আয়োজন। এরপর ১১ ডিসেম্বর থাকছে শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর পরিবেশিত হবে লোকসংগীত বা ফোক।
সব মিলিয়ে ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ শুধু গান কিংবা খাবারের আয়োজন নয়; এটি ব্যস্ত নগরজীবনের মাঝে প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটানো, পুরোনো দিনের স্মৃতি রোমন্থন এবং ঐতিহ্যের স্বাদ নেওয়ার একটি উপলক্ষ। কালজয়ী বাংলা গানের আবেগ আর মোঘল খাবারের রাজকীয় স্বাদ মিলিয়ে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের এ আয়োজন সংগীত ও খাদ্যপ্রেমীদের জন্য হয়ে উঠতে পারে এক স্মরণীয় সন্ধ্যা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ