১১:৩৭ এম
জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং গ্যাস ও তেল অনুসন্ধানে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) নিজস্ব রিগের মাধ্যমে ৬৯টি কূপ খনন করার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি ৩১টি কূপের ওয়ার্কওভার সম্পন্ন করার উদ্যোগও গ্রহণ করা হয়েছে। এ কর্মকাণ্ডের সঙ্গে সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানীগুলোকে আকৃষ্ট করার লক্ষ্যে নতুন করে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড’ ঘোষণা করা হয়েছে।
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত জানান। বৃহস্পতিবার (১১ জুন) বাজেট বক্তৃতায় তিনি জ্বালানি খাতের সামনের রূপরেখা তুলে ধরেন।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বাপেক্সের ভবিষ্যৎ পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। তিনি বলেন, ‘বাপেক্সের মাধ্যমে ২০২৫-২৬ থেকে ২০২৭-২৮ পর্যন্ত সময়ে ২৭০ কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপ, ৭০০ লাইনের টু-ডি (২-ডি) সাইসমিক জরিপ এবং ৭০০ বর্গকিলোমিটার থ্রি-ডি (৩-ডি) সাইসমিক জরিপ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভার আগে রাজশাহীর মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ
সমুদ্রের তেল ও গ্যাস উত্তোলন এবং অনুসন্ধানকে গুরুত্ব দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘সমুদ্রাঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য নতুন করে বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ঘোষণা করা হয়েছে। অফশোর গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন আকর্ষণীয় করাসহ আন্তর্জাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য দেশের স্বার্থের কথা মাথায় রেখে মডেল প্রোডাকশন শেয়ারিং কনট্রাক্ট (পিএসসি) সংশোধন করা হয়েছে।’
অর্থমন্ত্রী জানিয়েছেন, অগভীর সমুদ্রে ৯টি এবং গভীর সমুদ্রে ১৫টি ব্লক আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করা হয়েছে। এসব ব্লকের আওতায় উৎপাদন-বণ্টন চুক্তির মাধ্যমে অনুসন্ধানের কাজ পরিচালিত হবে।
জ্বালানি অনুসন্ধান সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বাপেক্সের জন্য দুটি নতুন অনুসন্ধান রিগ ক্রয়ের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘সরকার ক্রিটিক্যাল মিনারেল এক্সপ্লোরেশন উদ্যোগের মাধ্যমে প্রথাগত জ্বালানি পণ্যের বাইরেও অফশোর গ্যাস ও আনকনভেনশনাল হাইড্রোকার্বন অনুসন্ধানে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারকে স্বাক্ষরের সম্ভাবনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন