মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৪:০৩ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন নিয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) শহরের শহীদ সাটু হলে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করে সাজানো হবে। একটি দক্ষ, জ্ঞাননির্ভর ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. আবুল আমিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আইএমডি) মোহাম্মদ শহিদুল ইসলাম। সভায় বক্তারা বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলাই প্রাথমিক শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব শিশুকে বিদ্যালয়ে ভর্তি, নিয়মিত উপস্থিতি বৃদ্ধি, নির্ধারিত সময়ে পাঠ্যক্রম সম্পন্ন এবং ঝরে পড়ার হার কমানোর ওপর গুরুত্ব দিতে হবে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বিদ্যালয়ে তাদের প্রাণবন্ত ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচির গুরুত্ব অপরিসীম। প্রতিটি শিশুর মধ্যেই অফুরন্ত সম্ভাবনা ও সুপ্ত প্রতিভা রয়েছে। যথাযথ শিক্ষা ও পুষ্টির সমন্বয়ের মাধ্যমে এসব সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব। সভায় জানানো হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় প্রাথমিক শিক্ষার সার্বিক গুণগত মান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং স্কুল ফিডিং কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের খোকড়া হাকিমিয়া আফসারিয়া খানকা শরীফের উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুশ (র্যালি) অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক শত মোটরসাইকেলসহ হাজার হাজার ধর্মপ্রাণ নবীপ্রেমী মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম (পীর কেবলা সাহেব)-এর নেতৃত্বে র্যালিটি খানকা শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মাধপুর, দাপুনিয়া, জতাদম, সিটগোডাউন, আটমাইল হয়ে দাশুড়িয়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় খানকা শরীফে এসে শেষ হয়। পুরো পথজুড়ে নবীপ্রেমীদের কণ্ঠে দরুদ শরীফ ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা।
র্যালি শেষে খানকা শরীফ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পীর কেবলা সাহেব মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পরে মিলাদ মাহফিল ও দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এই জশনে জুলুশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
“মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে পৌর অডিটোরিয়াম হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। এছাড়াও বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, ডাঃ মোঃ আমিনুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেন।।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম শক্তি। শুধু ভালো ফলাফল নয়, সততা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে। মেধা ও নৈতিকতার সমন্বয়ের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা আরও বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই শেষ লক্ষ্য নয়। ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
এসময় বাংলাদেশ ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার অনান্য নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ায় রান্না করা বাসি তরকারি দিয়ে ভাত খাওয়ার পর বিষক্রিয়ায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও ৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) রাতে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিজতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে মরিজতলা গ্রামের সাইফুল ইসলাম (৫০), তার স্ত্রী শাহিনুর বেগম (৪০), মেয়ে সাথী খাতুন (২৩) ও জামাই সুমন মিয়াসহ (২৫) পরিবারের সদস্যরা কবুতরের মাংস ও পাঙাশ মাছের রান্না করা তরকারি দিয়ে ভাত খান। খাওয়ার পর অবশিষ্ট তরকারি একটি পাতিলে রেখে দেওয়া হয়। পরদিন সকালে তারা আবার ওই তরকারি দিয়ে ভাত খান।
খাবার খাওয়ার কিছুক্ষণ পর পরিবারের চার সদস্যের পেটে ব্যথা শুরু হয়। পরে তাদের ডায়রিয়া দেখা দেয়। একপর্যায়ে অসুস্থ চারজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে শাহিনুর বেগমের মৃত্যু হয়।
ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির বলেন, খাবারের বিষক্রিয়ার উপসর্গ নিয়ে চারজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খাবারের বিষক্রিয়ায় একজনের মৃত্যুর বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ কারণে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপি দলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি বা দখলদারিত্বে জড়িত হয়, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি প্রদান করেন।
রুহুল কবির রিজভী চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, "দলের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি বা দখলদারিত্বের সঙ্গে জড়িত হয় এবং তদন্তে যদি সেই অভিযোগের সত্যতা প্রমাণ হয়, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি সব সময় জনগণের সঙ্গে সমতার পরিচয় দিয়েছে এবং অঙ্গীকার রক্ষার পরিচয় দিয়েছে।
রিজভী বলেন, "নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার অত্যন্ত সততার সঙ্গে বাস্তবায়ন করছে। ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সরকার ব্যাপকভাবে কাজ করছে।"
সরকারের প্রথম ১৮০ দিনের মূল্যায়নে বিরোধী দলের আনা ব্যর্থতার অভিযোগ নাকচ করে তিনি বলেন, "এটি বিরোধী দলের একটি ঢালাও মন্তব্য। বিভিন্ন আন্তর্জাতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান সরকারের কাজের ডাটা প্রসেস করে ইতিবাচক প্রতিবেদন দিচ্ছে। সরকার বিজ্ঞানসম্মতভাবে ও পরিসংখ্যানের ভিত্তিতে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে।"
বিএনপির জাতীয় কাউন্সিলের তারিখ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রিজভী জানান, "কাউন্সিলের বিষয়টি নিয়ে দলের নীতি-নির্ধারণী ফোরামে আলোচনা চলছে। তবে দিন, তারিখ ও মাস এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে।"
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ