বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:০৭ পি.এম
সীতাকুণ্ডের কদমরসুল বাজারে অগ্নিকাণ্ডের ফলে ৪০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ভোরের দিকে ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল বাজারে একটি দোকানে আগুন লেগে যায়, যা দ্রুত আশপাশের ৪০টি দোকানে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অধিকাংশ দোকানের মালপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী শাহা আলম জানান, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে তারা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন।
তার দুটি বিয়ের অনুষ্ঠানের জন্য জরুরি ফার্নিচার আজ বুধবার ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত ছিল। চার লাখ টাকার এই ফার্নিচারসহ সবকিছু পুড়ে গেছে। মুহূর্তের মধ্যে তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
অন্যদিকে, ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ ইয়াকুব জানান, তার ব্যবসাপ্রতিষ্ঠানটি তার বাবা এক যুগ আগে প্রতিষ্ঠা করেছিলেন।
এই ভয়াবহ আগুনে তার ব্যবসাপ্রতিষ্ঠানের সমস্ত মালপত্র পুড়ে গেছে। বাজারের ৪০ ব্যবসায়ী দেড় কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে তারা জানিয়েছেন।
কুমিরা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে দোকানিরা ৪০টি দোকান পুড়েছে বলে জানালেও ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা ৩০টি দোকান পুড়েছে বলে উল্লেখ করেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে।
এর মধ্যে দুটি ইউনিট কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন থেকে এবং অপর একটি আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে এসেছে। ক্ষতির পরিমাণ সম্পর্কে তারা এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে ডেঙ্গু রোগে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৬৩ জন। চলতি বছরের শুরু থেকে ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা ১৩৩ জনে পৌঁছেছে, এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৩৮ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পক্ষ থেকে ডেঙ্গু বিষয়ক একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯২ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ১৬৯ জন ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের বাইরে অন্যান্য বিভাগে ২৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, খুলনায় ২৫৫ জন, ময়মনসিংহে ৮৮ জন, রংপুরে ১৭৪ জন এবং সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহ করে আসছে। ২০২৩ সালে ডেঙ্গু রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু ঘটে।
গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল এবং সে বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার আদমদীঘিতে তিন কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হবির মোড় এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার মংলা বাজার গ্রামের আব্দুল করিমের স্ত্রী পারুল বেগম (৫৬)। অপরজন হলেন একই উপজেলার ঘাসুড়িয়া গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী রূপালী বেগম (৪০)।
সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আক্কেলপুরের তিলকপুর এলাকা থেকে বগুড়ার সান্তাহারের উদ্দেশে মাদকের একটি চালান আসার খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম-ইসবপুর এলাকায় অবস্থান নেয়। এরপর বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
এ সময় নম্বরবিহীন একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হলে যাত্রীবেশে থাকা পারুল বেগম ও রূপালী বেগমের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ তাদের দুজনকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ৫৫ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা হয়েছে। একই সময়ে নতুন ৮১ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট এবং ৫৯ কিলোমিটার রিজিড পেভমেন্ট নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
আজ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. জাহান্দার আলী মিয়ার (মাদারীপুর-২) লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য প্রদান করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
মন্ত্রী আরও জানান, ওই অর্থবছরে সরকার ২৫৯ দশমিক ৫৩ কিলোমিটার সড়ক প্রশস্ত করেছে। এছাড়া ১৫৮ কিলোমিটার সড়ক শক্তিশালীকরণ এবং ২৫৮ কিলোমিটার মহাসড়ক পুনঃপৃষ্ঠায়নের কাজও সম্পন্ন হয়েছে।
তিনি উল্লেখ করেন, এ সময়ে মোট ৪ হাজার ৫৮৮ মিটার দৈর্ঘ্যের ৫৮টি সেতু, ১ হাজার ১৫২ মিটার দৈর্ঘ্যের ২১৪টি কালভার্ট, ৭০০ মিটার দৈর্ঘ্যের একটি ফ্লাইওভার, ৪২ মিটার দৈর্ঘ্যের একটি ওভারপাস এবং মোট ২১ দশমিক ৩৫ মিটার দৈর্ঘ্যের দু’টি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে।
মন্ত্রী জানালেন, বর্তমানে মোট ১৫ হাজার ৮৫১ কোটি ৮ লাখ টাকা এডিপি বরাদ্দে ৯৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা পাবলিক মাঠসংলগ্ন এলাকায় ব্র্যাক অফিসের উদ্যোগে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স (দাবি কর্মসূচি)-এর সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে ৪১০ জন চক্ষু রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন জামালপুর শহরের প্রাণকেন্দ্র পাঁচরাস্তা এলাকায় অবস্থিত হযরত শাহজামাল (রহ.) জেনারেল হাসপাতাল লিমিটেডের চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আলী জিন্নাহ, ডা. নাহিদ ফেরদৌস এবং প্যারামেডিক মো. জুলহাস উদ্দিন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক সাদেক হোসেন ও এলাকা ব্যবস্থাপক আলীম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক জামালপুর জেলার সমন্বয়কারী (এমএসএলডি) মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্র্যাক বকশীগঞ্জ আঞ্চলিক অফিসের ড্রিম ডিভাইড প্রধান কুমার দে, আঞ্চলিক সমন্বয়কারী এমএসএলডি মো. রফিকুল ইসলাম, সারমারা শাখা ব্যবস্থাপক (দাবি) ছালেম আওয়াল, ব্রিম এক্সপি মো. রবিউল ইসলাম, হযরত শাহজামাল (রহ.) জেনারেল হাসপাতাল লিমিটেডের মার্কেটিং ইনচার্জ মো. রফিকুল ইসলাম রতনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, এমন জনকল্যাণমূলক উদ্যোগ এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য অত্যন্ত উপকারী ভূমিকা পালন করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ