ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি


সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জের ধরে সাংবাদিক হাফিজুর রহমান শফিককে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সাংবাদিক নেতারা। যদি আগামীকালের মধ্যে তাঁকে মুক্তি না দেওয়া হয়, তাহলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা।

বুধবার ২২ জুলাই রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ সাংবাদিক সমাজের আয়োজিত এক মানববন্ধনে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।

মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ বলেন, শাহবাগ থানার ওসি যে মামলা নিয়েছেন, সেটি রক্ষা করতে পারবেন কি না, তা ভেবে দেখা উচিত ছিল। তিনি প্রশ্ন রেখে বলেন, কোন আইনে মামলাটি নেওয়া হয়েছে এবং সেটি কোনো চাপে করা হয়েছে কি না, সেটিও জানতে চান।

আরও পড়ুন: ইশরাক: নাহিদের উদ্দেশে ‘ঘোড়ার ডিম রাজনীতি করবে এরা, কিছুই পরিবর্তন করতে পারবে না’

পুলিশ সদস্যদের উদ্দেশে এরফানুল হক নাহিদ বলেন, অতি উৎসাহী আচরণ না করে আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত ছিল। তাঁর ভাষ্য, বিষয়টি আদালতের মাধ্যমে তদন্ত হয়ে গ্রেপ্তারি পরোয়ানা এলে তখন গ্রেপ্তার করা যেত।

তিনি বলেন, তাঁরা কোনো অন্যায়ের প্রশ্রয় দিচ্ছেন না। হাফিজুর রহমান শফিক একজন অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পরিচিত সাংবাদিক। তাঁর প্রতিবেদনের সঙ্গে কারও দ্বিমত থাকলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে জবাব দেওয়া বা আদালতে মানহানির মামলার সুযোগ ছিল। থানায় মামলা করার সমালোচনা করে তিনি বলেন, ২০২৪ সালের আগের পরিস্থিতি ভেবে কেউ যেন অন্যায় না করেন।

শাহবাগ থানার ওসি ও গ্রেপ্তারে জড়িত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। অন্যথায় তাঁদের প্রত্যাহারের দাবি তোলাও হবে। একই সাথে তিনি বলেন, সাংবাদিক নির্যাতনের আগে ২৪–এর আন্দোলনের আত্মত্যাগ স্মরণ রাখা উচিত।

এরফানুল হক নাহিদ আরও বলেন, ফায়ার সার্ভিসকে নিয়ে অতীতে নানা সংবাদ প্রকাশিত হয়েছে। বর্তমান প্রশাসনে যারা দায়িত্বে আছেন, তাঁদের মাথা ঠান্ডা রেখে সাংবাদিক সমাজকে উসকানি না দেওয়ার আহ্বান জানানো উচিত।

আরও পড়ুন: দোকানে চুরির অভিযোগে ধাওয়া, পুলিশের গুলিতে প্রাণ গেল ১ বছরের শিশুর

তিনি বলেন, আগামীকালের মধ্যে হাফিজুর রহমান শফিককে মুক্তি দিতে হবে। অন্যথায় শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার বলেন, অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের পরীক্ষিত সংবাদকর্মী হাফিজুর রহমান শফিককে একটি অনুসন্ধানী প্রতিবেদনের কারণে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দিদারুল আলম দিদার বলেন, অনুসন্ধানী প্রতিবেদনে মামলা করার উপাদান আছে—এ কথা শাহবাগ থানার ওসিকে কে বলেছেন, সেটি জানতে চান তিনি।

তিনি বলেন, গত দেড় দশক ধরে তথ্যপ্রযুক্তি আইন, ডিজিটাল সিকিউরিটি আইন ও সাইবার নিরাপত্তা আইনের বিরুদ্ধে সাংবাদিক সংগঠনগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য আন্দোলন করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে আবারও সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা তাঁরা কল্পনাও করেননি।

আরও পড়ুন: মঙ্গলবার রাজধানীর নির্দিষ্ট এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

দিদারুল আলম দিদারের অভিযোগ, এই ঘটনা প্রমাণ করে সিভিল ডিফেন্স ও পুলিশের মধ্যে এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মারা রয়েছে। তিনি তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান, যারা মামলা করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। একই সাথে যে প্রতিবেদনের কারণে শফিককে গ্রেপ্তার করা হয়েছে, সেই প্রতিবেদনে যাঁদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি অবিলম্বে মামলা প্রত্যাহার করে হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় সাংবাদিকদের শীর্ষ সংগঠনগুলো আরও তীব্র কর্মসূচি দেবে বলেও জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সঠিক সংবাদ প্রকাশ করতে হলে মাঠপর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহ করতে হয়। কিন্তু বর্তমানে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সামান্য ঘটনাতেই মানুষকে মারধর, নির্যাতন ও মিথ্যা মামলার মুখোমুখি হতে হচ্ছে। অপরাধ করলে বিচার হবে, তবে নিরপরাধ কাউকে মব সৃষ্টি করে হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানো কাম্য নয় বলেও মন্তব্য করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের বাঁচাতে হলে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকেও টিকিয়ে রাখতে হবে।

আরও পড়ুন: চট্টগ্রাম বিভাগে বৃষ্টির আভাস, আবহাওয়া অফিসের তাপমাত্রা সংক্রান্ত বার্তা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ মাসুদ এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য নিজামুদ্দিন দরবেশ, রাজু আহমেদ, তালুকদার রুমি, ফখরুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী কমিটির সদস্য এইচএম আল-আমিন, জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য তাপস, রাসেল, জিয়াউর রহমান, বিএফইউজের কাউন্সিলর নুরুল আবছার, ডিইউজের সদস্য আকাশ মনি সহ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্ডানে নিখোঁজ মার্কিন সেনার ভাগ্যে কী ঘটেছে, জানাল পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


জর্ডানে নিখোঁজ মার্কিন সেনার ভাগ্যে কী ঘটেছে, জানাল পেন্টাগন

জর্ডানের মুওয়াফফাক আল-সালতি বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিখোঁজ থাকা মার্কিন সেনাসদস্য সার্জেন্ট অ্যাঞ্জেল এস. র‌্যাম্পারসাড নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)।

 

পেন্টাগনের তথ্য অনুযায়ী, ২৮ বছর বয়সি এই নারী সেনা নিউইয়র্কের ওজোন পার্ক এলাকার বাসিন্দা ছিলেন। তিনি জার্মানির আনসবাখে অবস্থানরত ১ম ব্যাটালিয়ন, ৫৭তম এয়ার ডিফেন্স আর্টিলারি রেজিমেন্ট, ৫২তম এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেড, ১০ম আর্মি এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডে কর্মরত ছিলেন।

গত ১৭ জুলাই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর তাকে প্রথমে নিখোঁজ ঘোষণা করা হয়। পরে ঘটনাস্থলের তদন্ত ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার সামরিক অবস্থান ‘অজ্ঞাত’ থেকে ‘নিহত বলে ধারণা করা হচ্ছে’ হিসেবে হালনাগাদ করা হয়। ঘটনার তদন্ত এখনও চলছে।

এর আগে একই হামলায় নিহত দুই মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছিল পেন্টাগন। তারা হলেন ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহ্যান (২৫) এবং প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস (১৯)। র‌্যাম্পারসাডের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় জর্ডানের ওই হামলায় মার্কিন নিহত সেনার সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো বিমানঘাঁটির সেনাদের আবাসন হিসেবে ব্যবহৃত কনটেইনারাইজড হাউজিং ইউনিটে (সিএইচইউ) আঘাত হানে। হামলায় প্রায় ১০০ জন মার্কিন সেনা আহত হন, যাদের অধিকাংশই কনকাশন বা বিস্ফোরণজনিত আঘাতে আক্রান্ত হন।

এই হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, হামলাটি চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অন্যতম প্রাণঘাতী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

টানা ১১তম রাতেও ইরানে মার্কিন হামলা

এদিকে মঙ্গলবার (২১ জুলাই) ইরানে টানা ১১তম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান পাল্টা হামলা অব্যাহত রেখেছে। দেশটি বাহরাইন, কুয়েত ও জর্ডানের দিকে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত বা প্রতিহত করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা ‘‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ খুব শিগগিরই ‘খুব বড় ধরনের’ হামলা চালানো হতে পারে। এর জবাবে তেহরান ঘোষণা দিয়েছে, ‘যেকোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে’ এবং দেশের বিরুদ্ধে শত্রুতামূলক যেকোনো পদক্ষেপের মোকাবিলা করবে ইরান।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন এখনো তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে পৌঁছাতে প্রস্তুত। তবে তিনি অভিযোগ করেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের চলমান হামলা ‘অগ্রহণযোগ্য’। রুবিও আরও বলেন, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল রক্ষা অব্যাহত রাখবে।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের ফলে উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়।

জনসাধারণের অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় সরাসরি শুনে দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রতি বুধবার আয়োজিত এ গণশুনানিতে সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগসহকারে শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত গণশুনানিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নারায়ণগঞ্জ || ২২ জুলাই, ২০২৬ খ্রি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল।

এ সাক্ষাৎ বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়ণের চ্যালেঞ্জ, ডিটেইলড এরিয়া প্ল্যান (DAP) বাস্তবায়নের ফলে উদ্ভূত বিভিন্ন বাস্তব সমস্যা এবং এ খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রিহ্যাবের প্রতিনিধিদল জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর আবেদন জানায়।

এছাড়াও, আবাসন খাত-সংশ্লিষ্ট সরকারি সেবাসমূহ পুরোপুরি ডিজিটাল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

রাজধানীর সীমিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে যৌক্তিকভাবে ফ্লোর এরিয়া রেশিও (FAR) বৃদ্ধি এবং উল্লম্ব (Vertical) নগরায়ণের ওপরও জোর দেওয়া হয়।

এসময়, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির একটি প্রধান চালিকাশক্তি।

এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকার এমন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে আবাসন খাতের উন্নয়ন হবে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত।

তিনি উল্লেখ করেন, “কেউ যেন আবাসন খাতে অনিয়ম করতে না পারে,” সে লক্ষ্যে সরকার ইতিমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং আরও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নগরায়ণ শুধু ঢাকাকেন্দ্রিক হবে না; দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে।

সঙ্গে সাথে কৃষিজমি রক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরিনহোর সবুজ সংকেত: ধারে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আর্জেন্টাইন তারকা মাস্তানতুওনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


মরিনহোর সবুজ সংকেত: ধারে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আর্জেন্টাইন তারকা মাস্তানতুওনো

ফ্রাঙ্কো মাস্তানতুওনো, আর্জেন্টাইন তরুণ তারকা, চলতি গ্রীষ্মকালীন দলবদলের সময় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ধারে অন্য ক্লাবে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন কোচ জোসে মরিনহো এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।

গত মৌসুমে ক্লাবে যোগ দেওয়ার পর এই ১৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার প্রত্যাশামাফিক একাদশে সুযোগ পাননি। মরিনহোর নতুন পরিকল্পনার কারণে তার নিয়মিত সুযোগ পাওয়ার সম্ভাবনা কম থাকায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

১৮ বছর বয়সী মাস্তানতুওনোর সাথে রিয়াল মাদ্রিদের ২০৩১ সালের জুন পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। তাই তরুণ প্রতিভার ওপর আস্থা থেকেই পর্যাপ্ত ম্যাচ টাইম এবং ধারাবাহিকতা নিশ্চিত করতে, কেনার অপশন ছাড়া সরাসরি ধারে অন্য ক্লাবে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের ওপর নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চায়। গত মৌসুমে এন্ড্রিকের ক্ষেত্রেও তারা একই নীতি অনুসরণ করেছিল।

মাস্তানতুওনো ধারে যাওয়ার খবর সামনে আসার পর, লা লিগা এবং ইউরোপের বেশ কয়েকটি ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে যোগাযোগ শুরু করেছে। যদিও মাদ্রিদের প্রথম পছন্দ হচ্ছে স্পেনের কোনো ক্লাবেই থাকা এই আর্জেন্টাইন।

বর্তমানে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল অগ্রগামী হয়ে উঠেছে এই দৌড়ে।

এছাড়া প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামও মাস্তান্তুওনোকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। বেনফিকা এবং স্পোর্টিং লিসবনসহ পর্তুগালের দুই পরাশক্তি এবং ইতালির কিছু ক্লাবও তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

খেলোয়াড় এবং রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ যৌথভাবে আলোচনা করে পরবর্তী কয়েক দিনের মধ্যে তার নতুন গন্তব্য চূড়ান্ত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%