সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ ইং
০২:৩৪ এম
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহরের উত্তর-পশ্চিমে সুরিফ এলাকায় ইসরাইলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ৩০টি গাড়ি, একটি গ্রিনহাউস এবং বিদ্যুতের খুঁটিতে আগুন লাগিয়েছে। এই হামলার ঘটনা ঘটে রোববার। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।
সুরিফ পৌরসভার মেয়র হাজেম ঘনেইমাত জানিয়েছেন, রোববার মধ্যরাতের পর প্রায় ৩০ জন ইসরাইলি বসতি স্থাপনকারী শহরে হামলা চালায়। হামলার সময় তারা ফিলিস্তিনিদের মালিকানাধীন একটি ইয়ার্ডে আগুন ধরিয়ে দেয়, যা গাড়ির যন্ত্রাংশ বিক্রির কাজে ব্যবহৃত হচ্ছিল। এতে ৩০টি গাড়ি পুড়ে যায়।
তিনি আরও জানান, হামলাকারীরা কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেন। এই ঘটনায় কোনো ফিলিস্তিনি আহত হয়নি।
স্থানীয় সূত্রগুলো আনাদোলুকে জানায়, গাড়িতে আগুন দেওয়ার পর হামলাকারীরা পালিয়ে যায়। পালানোর সময় তারা আশপাশের বাড়িঘর ও অন্যান্য সম্পত্তিতে হামলা চালায়। পরে ফিলিস্তিনের দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
মেয়র ঘনেইমাত বলেন, সুরিফে এর আগে বারবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় গাছ কেটে ফেলা, বর্ণবাদী দেয়াললিখন এবং গুলিবর্ষণের মতো ঘটনা ঘটেছে। আগের হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন।
এদিকে, ফিলিস্তিনের জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাফেয়ার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের ৩৭টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। শুক্রবার সংস্থাটি ২১টি হামলার তথ্য জানিয়েছিল। ফলে দুই দিনে হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫৮টিতে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর ইসরাইলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়ে গেছে। ফিলিস্তিনি সূত্রের তথ্য অনুযায়ী, এরপর থেকে ওই অঞ্চলে অন্তত ১ হাজার ২২০ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১৩ হাজার ৭৫০ জন আহত এবং ২৬ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ