০৫:৪৪ পি.এম
ঢাকা, ১০ আগস্ট ২০২৬ : ব্যাটিং ব্যর্থতার কারণে এক ম্যাচ আটকে থাকতেই দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হেরে গেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। গতরাতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হেরে যাওয়ায় মুর্শিদা-দিশাদের জন্য ২-০ ব্যবধানে পিছিয়ে সিরিজ হার নিশ্চিত হলো।
ডারবানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মারেন বাংলাদেশ ওপেনার সাথী রানী। এর পর ১৭ রানের মধ্যে আরও ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ দল।
চতুর্থ উইকেটে ২৪ রানের জুটিতে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন ওপেনার ও উইকেটরক্ষক মোসাম্মত ইভা এবং আফিয়া আসিমা। দলের রান ৫০ হওয়ার আগেই সাজঘরে ফিরে যান ইভা ও আসিমা। ইভা ১৯ ও আসিমা ১২ রান করেন।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
৪৮ রানে পঞ্চম উইকেট পতনের পর বাংলাদেশ বড় সংগ্রহ পেতে পারেনি। অধিনায়ক দিশা বিশ্বাসের অপরাজিত ১২ রানের সুবাধে ২০ ওভারে বাংলাদেশ ৮ উইকেটে ৭৫ রান অর্জন করে।
৭৫ রানের পুঁজি নিয়ে বাংলাদেশ ৮ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ২ উইকেট তুলে নিয়ে দারুণ সূচনা করে। ইনিংসের প্রথম বলে দক্ষিণ আফ্রিকার ওপেনার ইয়াসমিন খানকে বোল্ড করেন হাবিবা ইসলাম। চতুর্থ ওভারে অন্য ওপেনার আলেক্সজান্দ্রা ক্যান্ডলারকে ৬ রানে থামান দিশা।
কিন্তু শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার পর ৪০ বল বাকী থাকতে জয় নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ফে টুনিক্লিফ সর্বোচ্চ ৪১ এবং সিমোন লরেন্স ২২ রান করেন।
বাংলাদেশের হাবিবা, দিশা এবং জান্নাতুল ফেরদৌস ১টি করে উইকেট নেন।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামী ১১ আগস্ট ডারবানে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ইমার্জিং দল।
এছাড়া দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও বাংলাদেশ ২-০ ব্যবধানে হেরেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন