ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোমস্তাপুরে ৯৪২৫ কৃষকের জন্য সুখবর, বিনামূল্যে মিলছে বীজ ও সার


গোমস্তাপুরে ৯৪২৫ কৃষকের জন্য সুখবর, বিনামূল্যে মিলছে বীজ ও সার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ হাজার ৪২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমান।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ১০ কিলোমিটার যানজট, উদ্ধারকাজ চলছে

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, এলজিইডি কর্মকর্তা আছহাবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, মিঠুন দেবনাথসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৯ হাজার ৪২৫ জন কৃষক বিনামূল্যে বীজ ও সার পাবেন। এর মধ্যে সরিষা চাষের জন্য ৯ হাজার ৩০০ জন, মসুর চাষের জন্য ৭৫ জন এবং খেসারি চাষের জন্য ৫০ জন কৃষককে এ সহায়তা দেওয়া হবে।

প্রণোদনার আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে এক বিঘা জমির বিপরীতে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। মসুর চাষের জন্য প্রত্যেক কৃষক পাবেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। অন্যদিকে, খেসারি চাষের জন্য দেওয়া হবে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এসব প্রণোদনা বিতরণ করা হবে। ইউনিয়নভিত্তিক তালিকা অনুযায়ী, গোমস্তাপুরে ১ হাজার ৩৫ জন, বাঙ্গাবাড়ীতে ১ হাজার ৩৫ জন, রাধানগরে ১ হাজার ৩৫০ জন, পার্বতীপুরে ১ হাজার ৩১৫ জন, রহনপুরে ১ হাজার ১১৫ জন, চৌডালায় ৮৩৫ জন, বোয়ালিয়ায় ৯৭০ জন, আলীনগরে ৮৬০ জন এবং রহনপুর পৌরসভায় ৯১০ জন কৃষক এ সুবিধা পাবেন।

আরও পড়ুন: যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা হামলায় চালক-হেলপার দগ্ধ

কৃষি উৎপাদন বৃদ্ধি, রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি আবাদের সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে সরকার এ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়ে কৃষকরা উপকৃত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টি, নদ-নদীর পানি বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ এম


ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টি, নদ-নদীর পানি বৃদ্ধি

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদফতর, যা প্রভাবিত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’- এর কারণে।

বৃহস্পতিবার(১৯ নভেম্বর) ভোর থেকে বাগেরহাটের উপকূলজুড়ে বৃষ্টি শুরু হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। যদিও বাতাসের চাপ উল্লেখযোগ্যভাবে বাড়েনি, তবুও জোয়ারের ফলে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, নিম্নআয়ের মানুষ এই ঘূর্ণিঝড়ের কারণে বিপাকে পড়েছে।

মোংলা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. হারুন উর রশিদ জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টি হচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। পরবর্তী দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও তিনি জানান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. সালাহ্ উদ্দিন কবির বলেছেন, ‘তিন নম্বর সতর্ক সংকেত জারি থাকলেও আবহাওয়া এখনও অনুকূলে রয়েছে। তাই মোংলা বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে।’

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এই পরিস্থিতিতে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে স্বাভাবিক অফিস-আদালত, সচল ব্যবসাপ্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ এম


রাজধানীতে স্বাভাবিক অফিস-আদালত, সচল ব্যবসাপ্রতিষ্ঠান

রাজধানী ঢাকায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রভাব দেখা যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যানবাহন চলাচল, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম অন্যান্য দিনের মতোই অব্যাহত রয়েছে। কর্মজীবী মানুষ স্বাভাবিকভাবে কর্মস্থলে যাচ্ছেন। দোকানপাট ও বিপণিবিতানও খোলা রয়েছে।

লকডাউন কর্মসূচির ফলে রাজধানীতে জনজীবন অচল হয়ে পড়ার কোনো চিত্র নেই। সকাল থেকেই বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। গণপরিবহন চলাচলও স্বাভাবিক রয়েছে। ফলে কর্মস্থল ও প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।

রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলকারী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, লকডাউন কর্মসূচির কারণে তাদের দৈনন্দিন কাজে তেমন কোনো প্রভাব পড়েনি। অফিসগামী মানুষ, ব্যবসায়ী ও কর্মজীবীরা স্বাভাবিকভাবেই তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তবে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা চান না তারা।

তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের জীবনযাত্রা ও জীবিকা যেন ব্যাহত না হয়, সেটি নিশ্চিত করা জরুরি।

সাধারণ মানুষের প্রত্যাশা, রাজধানীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। তারা চান, কোনো ধরনের সংঘাত, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটবে না। স্বাভাবিকভাবে কর্মস্থলে যাওয়া, ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং নিরাপদে বাড়ি ফেরার নিশ্চয়তা চান তারা।

যাত্রাবাড়ীতে প্রতিবেদকের সঙ্গে কথা হয় মামুন নামের এক দোকানির। তিনি বলেন, "কিসের লকডাউন। আমরা কোনো লকডাউনের খবর জানি না। তবে নিষিদ্ধ ও পালাতক দল যেভাবে গাড়িতে আগুন, ভাঙচুর করছে-এটা মেনে নেওয়া যায় না। আমরা আমাদের জীবনের স্বাভাবিকতা চাই। কোনো রাজনৈতিক দলের গাড়িতে আগুন দেওয়া কোনো কর্মসূচি হতে পারে না।"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগের কেউ দেশে নেই, বিদেশে বসে কোন দেশে লকডাউন দিলো সেটাও একটা প্রশ্ন।"

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। তবে তাদের উপস্থিতির কারণে সাধারণ মানুষের চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি। কোথাও কোথাও যানবাহনের স্বাভাবিক চাপ থাকলেও লকডাউনের কারণে সড়ক ফাঁকা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

এদিকে সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, দোকানপাট ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে দৈনন্দিন কাজকর্ম চলছে। প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া মানুষও স্বাভাবিকভাবে চলাচল করছেন। রাজধানীর ব্যবসা-বাণিজ্য ও পরিবহন খাতেও কর্মসূচির দৃশ্যমান কোনো প্রভাব লক্ষ করা যায়নি।

এর আগে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা তৈরি হয়। সম্ভাব্য নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও টহল বাড়ানো হয়।

রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা থাকলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা সচল রয়েছে। মানুষের দৈনন্দিন কাজকর্ম, যানবাহন চলাচল ও ব্যবসা-বাণিজ্যে লকডাউনের দৃশ্যমান প্রভাব পড়েনি।

মফিজুল ইসলাম নামে এক বেসরকারি চাকরিজীবী ইনকিলাবকে বলেন, "পলাতক কোনো দলের আহ্বান জনগণ মানে না। তারা যদি লকডাউন দিতে চায়, তাহলে দেশে এসে কর্মসূচি দিক। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার কোনো যৌক্তিকতা নেই। দেশের মানুষের মধ্যে তাদের কোনো অবস্থান নেই।"

সার্বিকভাবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানী ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি কার্যত কোনো প্রভাব ফেলতে পারেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফেসবুক পোস্টে মারুফ কামাল

আ.লীগ আর কত রক্ত ঝরাবে, ধ্বংসযজ্ঞ চালাবে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


আ.লীগ আর কত রক্ত ঝরাবে, ধ্বংসযজ্ঞ চালাবে?

মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিগত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন সহিংস কর্মকাণ্ড এবং সাম্প্রতিক সহিংসতার চিত্র তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

মারুফ কামাল বলেন, "লগি-বৈঠার তাণ্ডব থেকে শুরু করে ১৭ বছরে ওরা কতো লোককে নৃশংসভাবে হত্যা করেছে? কতো মানুষকে গুম করেছে? কতো মানুষ, কতো পরিবার নির্যাতিত হয়েছে ওদের পৈশাচিক উল্লাসে, ক্ষমতার মদমত্ততায়?"

তিনি আরও উল্লেখ করেন, "দেশের সর্বস্তরের মানুষের উত্তাল জাগরণ স্তব্ধ করতে ক্ষমতা ছেড়ে পালাবার আগে ওরা শিশু-নারী-তরু সহ দেড় হাজারের বেশি মানুষকে নির্বিচারে গুলি করে মেরেছে।"

স্ট্যাটাসে বিএনপির রাজনীতির সমালোচনা করে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক দিয়েছেন মারুফ কামাল।

ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এই জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, "অনুশোচনাহীন সন্ত্রাসী ঘাতক পাতক ফ্যাসিবাদের পুনরুত্থানের আশঙ্কাকে রুখতে হবে যে-কোনো মূল্যে, সম্মিলিত প্রতিরোধে। আমরা নিরাপদে বাঁচতে চাই। নির্বিঘ্ন জীবন চাই। আমাদের এই শান্তির জনপদকে আমরা ফের শ্বাপদসংকুল অরণ্যে পরিণত করতে দেব না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনবল-প্রযুক্তির সংকটে স্থবির যশোরের তুলা গবেষণা খামার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


জনবল-প্রযুক্তির সংকটে স্থবির যশোরের তুলা গবেষণা খামার

যশোরের চৌগাছার জগদীশপুর তুলা গবেষণা ও বীজ বর্ধন খামার সম্ভাবনা থাকা সত্ত্বেও জনবল ও প্রযুক্তির অভাবে স্থবির হয়ে পড়েছে। কৃষকদের মতে, লাভজনক এই ফসল চাষে সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পেলে পোশাক খাতের কাঁচামাল আমদানির ওপর নির্ভরতা অনেকাংশে কমানো সম্ভব হবে। তবে কেন্দ্রের কর্মকর্তারা নানা সীমাবদ্ধতার মধ্যেও নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন।

১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দ্বারা প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে বড় এই তুলা গবেষণা খামারটি পরবর্তী সময়ে পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কাঙ্ক্ষিত বিকাশ অর্জন করতে পারেনি। বিশেষ করে তীব্র জনবল সংকট এবং আধুনিক প্রযুক্তির অভাবে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, ধানসহ অন্যান্য প্রচলিত ফসলের তুলনায় তুলা চাষ অধিক লাভজনক হলেও দেশে এর আবাদ সেভাবে বাড়েনি। সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পেলে তুলার চাষ বহুগুণে বৃদ্ধি পেত। কৃষকরা লাভবান হতেন এবং দেশের পোশাকশিল্পের জন্য তুলা আমদানির ওপর নির্ভরতা কমতো। পাশাপাশি বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতেও এটি সহায়ক হতো।

এক তুলা চাষি আমজাদ হোসেন বলেন, বর্তমান প্রেক্ষাপটে ধান ও পাটের তুলনায় তুলা চাষ অনেক বেশি লাভজনক। এক বিঘা জমিতে ধান চাষে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হলেও বিক্রির পর সবসময় লাভ হয় না। অথচ সঠিক পরিচর্যার মাধ্যমে প্রতি বিঘা তুলা চাষে খরচ হয় মাত্র ১২ হাজার টাকা। বিঘাপ্রতি ১৬ থেকে ১৭ মণ তুলা উৎপাদন হয়, যার বাজারদর মণপ্রতি ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা। এতে বিঘাপ্রতি ৬০ থেকে ৬৫ হাজার টাকা আয় হয়, খরচ বাদে লাভ থাকে ৪০ থেকে ৪৫ হাজার টাকা।

আলিম হোসেন নামে আরেক কৃষক বলেন, সিবি হাইব্রিড-১, রুপালি গোল্ড ও ডিএম-৪ জাতের তুলা চাষে সার ও কীটনাশকের বড় একটি অংশ সরকারিভাবে দেয়া হয়। কৃষকদের জন্য বাকি সামান্য খরচ বহন করতে হয়। জুলাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত তুলা রোপণ করা হয়। বিঘাপ্রতি ১৫ থেকে ১৬ মণ তুলা পাওয়া যায়, যা মণপ্রতি প্রায় ৪ হাজার টাকায় বিক্রি হয়। এতে বিঘাপ্রতি ৫০ থেকে ৫৫ হাজার টাকা আয় হয়, যা ধান চাষের চেয়ে অনেক লাভজনক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%