মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:০৮ এম
কোয়েল মল্লিক এবার ছোটপর্দায় ‘ফিকশন’ শোতে অভিষেক করতে যাচ্ছেন। এর আগে তিনি নন-ফিকশন শোতে কাজ করেছেন।
তবে ধারাবাহিকের ক্ষেত্রে এটি তাঁর প্রথম অভিজ্ঞতা। ‘ডিয়ার নাইন্টিজ়’ নামক শো দিয়েই তিনি এই যাত্রা শুরু করতে চলেছেন।
আনন্দবাজার ডট কম-এর সঙ্গে একটি জমাটি আড্ডায় অংশ নেন নায়িকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার। উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে এইচএসসি পাসের পর ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করেছিলেন। প্রয়োজনীয় একাডেমিক কাগজপত্র আনতে চট্টগ্রাম সিটি কলেজে যাওয়ার উদ্দেশ্যে ১৯ বছর বয়সী তরুণী মিফতাহুল জান্নাত সেদিন বাড়ি থেকে বের হন। কিন্তু কলেজে পৌঁছানোর পূর্বেই সড়কে থেমে যায় তাঁর স্বপ্নের পথচলা। দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চলে যান। সেখানে সাত দিন লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত বাঁচতে পারলেন না তিনি।
রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিফতাহুল মারা যান। তাঁর মৃত্যুর খবর শুনে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, গত ১৭ নভেম্বর সকালে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকায় নানাবাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হন পটিয়ার মেয়ে মিফতাহুল। পথে চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে লাইফ সাপোর্টে রেখে চলে চিকিৎসা। হাসপাতালের বিছানায় চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা এবং স্বজনদের চোখেমুখে একটাই প্রত্যাশা ছিল, প্রিয় মানুষটি সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে রবিবার গভীর রাতে নিভে যায় মিফতাহুলের জীবনের আলো।
মিফতাহুল জান্নাত এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম সিটি কলেজ থেকে পাস করেছিলেন। সামনে ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াই, নতুন জীবনের স্বপ্ন এবং অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা। এসএসসি পরীক্ষার পর থেকে আনোয়ারার উত্তর চাতরী এলাকায় নানাবাড়ি থেকে পড়াশোনা করতেন তিনি। অথচ যে কলেজ থেকে উচ্চশিক্ষার স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সেখানেই প্রয়োজনীয় কাগজপত্র আনতে যাওয়ার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
নিহত মিফতাহুল পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার মৃত আনিসুজ্জামান এবং মা রিজিয়া বেগমের কন্যা। তিনি তিন ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয়। বাবাকে হারানোর পর মায়ের জীবনের আশা-ভরসার জায়গা ছিল এই সন্তান। কিন্তু সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তার সেই স্বপ্নও।
মিফতাহুলের মামা হারুনুর রশীদ জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সোমবার বিকেলে আসরের নামাজের পর পটিয়ার কৈয়গ্রামে তাদের গ্রামের বাড়িতে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ