০৭:১৮ পি.এম
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের ছেলে নেকমেত্তিন বিলাল এরদোয়ানের লেবানন সফর এবং দেশটির শীর্ষ রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠল ঘিরে মধ্যপ্রাচ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। সরকারি কোনো পদে না থাকলেও, গত দুই দিনে লেবাননের প্রেসিডেন্টসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাৎ নতুন করে প্রশ্ন তুলেছে, এই সফরের প্রকৃত উদ্দেশ্য কী?
তবে লেবাননের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সফরটি মূলত সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতাকেন্দ্রিক। তুরস্কের ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে লেবাননে এসেছেন বিলাল। এর মাধ্যমে দেশটির প্রতি তুরস্কের সমর্থনের বার্তাও দিতে চেয়েছেন তিনি।
মিডল ইস্ট আইকে ওই কর্মকর্তা বলেন, সফরটি লেবাননের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: ১৮ মুসলিম দেশের নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা
এদিকে বিলালের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে তিনি যেসব সফর করেছেন, এটি তারই ধারাবাহিকতা। এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা ক্ষমতার উত্তরাধিকার নিয়ে আলোচনার সম্পর্ক নেই।
শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক
লেবাননের উপপ্রধানমন্ত্রী তারেক মিত্রির আমন্ত্রণে দেশটি সফর করছেন বিলাল এরদোয়ান। লেবাননের সঙ্গে তুরস্ক ও সিরিয়ার সম্পর্ক দেখভালের দায়িত্বে রয়েছেন মিত্রি।
বৃহস্পতিবার তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি, ফিউচার মুভমেন্টের ভাইস প্রেসিডেন্ট বাহিয়া হারিরি এবং সাবেক প্রগ্রেসিভ সোশ্যালিস্ট পার্টির প্রধান ও দ্রুজ নেতা ওয়ালিদ জুমব্লাটের সঙ্গে পৃথক বৈঠক করেন।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম সপ্তাহজুড়ে নিম্নমুখী, ব্রেন্ট ক্রুড ৯৫.৮৪ ডলারে
বৈঠকগুলোতে তুরস্কের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে লেবাননের সরকারি সংস্থাগুলোর যৌথ প্রকল্প নিয়ে আলোচনা হয়। পরিবহন, বাণিজ্য ও রপ্তানিসহ বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।
লেবাননের ওই সরকারি কর্মকর্তা জানান, প্রতিটি বৈঠকেই বিলাল ইসরাইলের সামরিক তৎপরতা এবং লেবানন ও সিরিয়ার জন্য দেশটির হুমকির বিষয়টি তুলে ধরেছেন। একই সঙ্গে দুই প্রতিবেশী দেশের মধ্যে সংযোগ স্থাপনে তুরস্কের ভূমিকার কথাও উল্লেখ করেছেন।
তবে সফর পরিকল্পনার সঙ্গে যুক্ত আরেকটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, এর পেছনে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। মূল উদ্দেশ্য সাংস্কৃতিক সম্পর্ক জোরদার, লেবাননের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়া এবং আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে তাদের বক্তব্য শোনা।
সিরিয়ার নতুন সরকার ও হিজবুল্লাহর মধ্যকার উত্তেজনা প্রশমনে বিলাল গোপনে কোনো ভূমিকা রাখছেন—এমন ধারণাও নাকচ করেছে সূত্রটি।
আরও পড়ুন: ইরান: সমন্বয় ছাড়া হরমুজ পার হওয়া জাহাজকে তেল পাচারকারী মনে করছে
ত্রিপোলিতে সংবর্ধনা, ধর্মীয় নেতাদের সঙ্গেও বৈঠক
সফরের দ্বিতীয় দিনে শুক্রবার লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলি যান বিলাল এরদোয়ান। শহরটি দেশটির সুন্নি মুসলিমদের অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে তুরস্ক ও লেবাননের পতাকা হাতে স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, ত্রিপোলির মুফতি শেখ মুহাম্মদ ইমাম এবং আলাউই ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ আলী কাদ্দুর তাকে অভ্যর্থনা জানান।
পরে একটি মসজিদের সভাকক্ষে মুসলিম ও খ্রিষ্টান ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এতে উপস্থিত ছিলেন ত্রিপোলির ম্যারোনাইট আর্চবিশপ ইউসেফ সুয়েইফ এবং গ্রিক অর্থোডক্স আর্চবিশপ এফ্রেম কিরিয়াকোসসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা।
আরও পড়ুন: নদীপাড়ের ভাড়া ঘর থেকে প্রেসিডেন্ট, সারল্যই ছিল জোকো উইদোদোর শক্তি
বৈঠকে বিলাল বলেন, তুরস্ক ও লেবাননের পাশাপাশি লেবানন ও সিরিয়া এবং তুরস্ক ও সিরিয়ার মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কও আরো জোরদার করা প্রয়োজন।
তিনি বলেন, মুসলিম দেশসহ এই অঞ্চলের অন্যান্য রাষ্ট্রের উচিত দূরবর্তী অঞ্চলের দিকে মনোযোগ দেওয়ার আগে নিজেদের নিকটবর্তী প্রতিবেশীদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া। আঞ্চলিক সংহতি ও পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেন তিনি।
ত্রিপোলি সফর শেষে স্থানীয় ইমান স্কাউটিং অ্যাসোসিয়েশনের সদস্যরা তুরস্ক ও লেবাননের পতাকা হাতে তাকে বিদায় জানান।
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তুরস্কের অভিজ্ঞতার কথা
আরও পড়ুন: মাইক্রোসফটের সার্ভার বিভ্রাট: রাতভর চেষ্টায় সচল হলো আউটলুক ও টিমস
শুক্রবার লেবাননের অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘লেবানন-তুরস্ক কৌশলগত নেতৃত্ব সংলাপে’ বক্তব্য দেন বিলাল এরদোয়ান। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ও ঐতিহাসিক-সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই তার এই সফর।
তার মতে, অনুকূল পরিবেশ ও স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে লেবানন ও সিরিয়াও গত দুই দশকে তুরস্কের মতো অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে পারে।
তিনি আরও বলেন, গ্রিস, আর্মেনিয়া, লেবানন ও সিরিয়াসহ প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতা তুরস্কের স্বার্থের সঙ্গে জড়িত। এসব দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হলে পুরো অঞ্চলের সমৃদ্ধি বাড়বে।
লেবাননে প্রভাব বাড়াতে চায় তুরস্ক?
আরও পড়ুন: সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা স্মারক কার্বন অর্থায়নে নতুন সুযোগ সৃষ্টি করবে: পরিবেশ প্রতিমন্ত্রী
বিলালের সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন লেবাননে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে তুরস্ক। বৈরুতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক গভীর করার পাশাপাশি সিরিয়া ও লেবাননের সম্পর্ক পুনর্গঠনে সহযোগিতা এবং কারিগরি ও অর্থনৈতিক সহায়তা দেওয়ার আগ্রহ দেখাচ্ছে আঙ্কারা।
গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সিরিয়ার গৃহযুদ্ধের সময় পরস্পরবিরোধী অবস্থানে থাকা হিজবুল্লাহ ও সিরিয়ার নতুন সরকারের মধ্যকার উত্তেজনা কমাতে তুরস্কের উদ্যোগে আলোচনা হয়েছে। তবে তুরস্ক ও সিরিয়া—উভয় সরকারই ওই খবর অস্বীকার করেছে।
এদিকে বিলাল এরদোয়ান তুরস্কের সরকারি প্রতিনিধি না হলেও আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড, মানবিক সহায়তা ও দাতব্য কার্যক্রমের সঙ্গে যুক্ত। সফরে তার সঙ্গে ছিলেন ইউনুস এমরে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট সেলিম আরগুন। তুর্কি ভাষা, শিল্পকলা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কাজ করে প্রতিষ্ঠানটি।
চলতি মাসের শুরুতে জাপানের রাজধানী টোকিও সফর করেন বিলাল। এ বছরের শুরুতে সিরিয়াতেও গিয়েছিলেন তিনি। এ ছাড়া ইউরোপ, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও ব্যক্তিগত উদ্যোগে সফর করেন।
মধ্যপ্রাচ্যের কোনো কোনো মহলে বিলালকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হলেও তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, লেবানন সফরের সঙ্গে তুরস্কের ক্ষমতার রাজনীতি বা ভবিষ্যৎ নেতৃত্বের কোনো সম্পর্ক নেই। বরং সাংস্কৃতিক যোগাযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্পর্ক বোঝার লক্ষেই তার এই সফর।
সূত্র: মিডল ইস্ট আই
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন