১০:২০ পি.এম
রাজধানীর বেইলি রোডে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর চলমান ফুটপাত ও ড্রেনেজ উন্নয়নকাজে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
একই সঙ্গে, অনিয়ম করে নির্মিত ৯ মিটার গাইড ওয়াল ভেঙে পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে ডিএসসিসির পক্ষ থেকে।
সোমবার (৩ আগস্ট) ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডিএসসিসির অঞ্চল-১ এর ১৯ নম্বর ওয়ার্ডের বেইলি রোড এলাকায় অফিসার্স ক্লাব মোড় থেকে হেয়ার রোড পর্যন্ত চলমান উন্নয়নকাজে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম আকস্মিকভাবে উন্নয়নকাজটি পরিদর্শন করেন। সে সময় তিনি দেখতে পান যে, ৯ মিটার গাইড ওয়াল নির্মাণে সিডিউল ও স্পেসিফিকেশন অনুযায়ী নির্ধারিত মানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়নি।
এছাড়া, সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী কিংবা কার্য-সহকারীর উপস্থিতি ছাড়াই রাতে অননুমোদিতভাবে ঢালাইয়ের কাজ চলছিল।
ডিএসসিসি জানায়, চুক্তি দলিলের গুণগত মান নিয়ন্ত্রণসংক্রান্ত শর্ত অনুযায়ী প্রতিটি উন্নয়নকাজে নির্ধারিত মানের নির্মাণসামগ্রী ব্যবহার বাধ্যতামূলক। অনিয়মের প্রেক্ষিতে স্পেসিফিকেশনবহির্ভূত কাজ বন্ধ করে ইতিমধ্যে নির্মিত অংশ ভেঙে পুনরায় নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্যারিস খাল বাঁচাতে ডিএনসিসির সহায়তায় মাঠে তরুণ স্বেচ্ছাসেবীরা
এ ঘটনায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ও চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান DIC & AW (JV)-কে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
ডিএসসিসির অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় স্বাক্ষরিত একটি স্মারকে সোমবার এ শোকজ নোটিশ জারি করা হয়।
ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নগরীর উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের কাজের বিষয়ে সিটি কর্পোরেশন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক নৈশ পরিদর্শন অব্যাহত থাকবে।
আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন