ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান


প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান

আগামীকাল রবিবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি থেকে বাঁশখালী উপজেলায় যাবেন।

এরপর তিনি ফটিকছড়ি ও হাটহাজারীতে অনুষ্ঠান শেষে সন্ধ্যায় নগরীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী কার্যালয় ইতোমধ্যেই সফরসূচি চূড়ান্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনও সার্বিক প্রস্তুতি জোরদার করেছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী সফর ঘিরে বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।

আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে কোথায় ও কীভাবে স্বাগত জানানো হবে, সেই বিষয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করেছেন।

বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জানাচ্ছেন, দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের সফরে চট্টগ্রামের তিনটি ইউনিটের বিএনপি ও অঙ্গ-সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য নিয়ে সাংগঠনিক সভার আয়োজন করেছেন। এই সভায় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং তাদের কথা শুনবেন।

তিনি এখান থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেবেন। এই প্রথম বারের মতো এমন ব্যতিক্রমী উদ্যোগের কারণে, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অনেক উচ্ছ্বসিত, তারা প্রধানমন্ত্রীর কাছে মনের আবেগ প্রকাশ করার অপেক্ষায় আছেন।

পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ আগস্ট একদিনের সফরে কক্সবাজার ও চট্টগ্রাম আসছেন। তিনি ওইদিন সকাল ৯টায় মহেশখালী পৌঁছাবেন, সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন।

আরও পড়ুন: ঢাকা-সৌদি আরব রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, ২০ হাজার যাত্রী আটকে

এবং এরপর তিনি দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন, ত্রাণ বিতরণ করবেন ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন।

এরপর দুপুর একটায় প্রধানমন্ত্রী ফটিকছড়ি যাবেন। সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তারপর হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জেয়ারত করবেন।

জেলা পরিষদ ডাক বাংলোতে সংক্ষিপ্ত বিরতির পর, হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে, প্রতি পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ১৫ জন প্রতিবন্ধীকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেককে ১০ হাজার করে আর্থিক অনুদান তুলে দেবেন।

সন্ধ্যা বেলায় চট্টগ্রাম নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। রাত ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

আরও পড়ুন: ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

প্রধানমন্ত্রীর সফর সূচি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবার চট্টগ্রামের তিনটি সাংগঠনিক ইউনিটের (মহানগর, উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলবেন। সেখানে নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এটি তারেক রহমানের রাজনৈতিক দর্শন, এটাকে ধারণ করেই তিনি দেশ ও দলকে এগিয়ে নিতে চান।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী ও আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমান চট্টগ্রামের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন বলে আমাদের জানানো হয়েছে। একটি ক্রাইটেরিয়া (যোগ্যতা) নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী বিএনপি ও অংক-সংগঠনের পদে থাকা নেতারা অংশ নেবেন। তবে পদে নেই এমন কিছু সিনিয়র নেতৃবৃন্দ, যারা দীর্ঘদিন দলের দায়িত্ব পালন করেছেন, তাদেরও সেই সভায় আমন্ত্রণ জানানো হবে।’

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, ‘প্রধানমন্ত্রীর বাঁশখালীতে ত্রাণ বিতরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন বাড়ির চাবি হস্তান্তর করবেন। এখানে কোনো জনসভা হবে না। তবুও প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাপক জনপ্রিয়তার কারণে, তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত থাকবেন। সেই বিষয়টি মাথায় রেখে আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছি।’

সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন আজ বাসস’কে বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পুরো টিম কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছে।’

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর থেকে চুরি হওয়া লাগেজ উদ্ধার, একজন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলহাম থেকে ধারে নতুন ক্লাবে পাড়ি জমালেন বাংলাদেশের ফারহান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৭ এম


ফুলহাম থেকে ধারে নতুন ক্লাবে পাড়ি জমালেন বাংলাদেশের ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহামের মূল দলে অভিষেকের গুঞ্জনটি বেশ জোরেসোরেই উঠছিল, এবং প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে পারফর্ম করে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিলেন তিনি।

কিন্তু সেই সম্ভাবনার মাঝেই একটি ভিন্ন খবর সামনে এলো। বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ এক বছরের জন্য ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যাম উডে যোগ দিয়েছেন।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ১৯ বছর বয়সী এই সম্ভাবনাময় তরুণের ধারে দলবদলের তথ্যটি শুক্রবার নিশ্চিত করেছে ফুলহাম। ক্লাবটি একই সঙ্গে তরুণ এই উইঙ্গারের নতুন সফরের জন্য শুভকামনাও জানিয়েছে।

বোরহ্যাম উড গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনালে ওঠা একটি দল, এবং তারা শনিবার ট্যামওয়ার্থের বিরুদ্ধে ঘরের মাঠে নতুন মৌসুমের লড়াই শুরু করতে প্রস্তুত রয়েছে।

গত মৌসুমের সময় ফারহানের ফুলহামের হয়ে চমৎকার পারফরম্যান্স ছিল। তিনি ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে মাঠে নেমে ৭টি গোল করেছেন। পরে, অনূর্ধ্ব-২১ দলের জন্য অভিষেক ম্যাচে তিনি গোল করার সুযোগ পান।

যুব দলের জন্য মাত্র চার মাস খেলার অভিজ্ঞতায় গত বছরের নভেম্বরে তিনি পিএলটু-এর মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন; সে মাসে দুই ম্যাচে তিনটি গোল তার পা থেকে এসেছে।

ফারহানের যুব দলের এমন নজরকাড়া পারফরম্যান্সের ভিত্তিতে তাকে ফুলহামের মূল দলের প্রাক-মৌসুম প্রস্তুতি স্কোয়াডে সুযোগ দেওয়া হয়। প্রিপারেশন ম্যাচে নরিচ সিটির বিপক্ষে ২-০ গোলে হারের দিনে তিনি সিনিয়র জার্সিতে প্রথমবার মাঠে নামেন। এরপর আল-আহলির বিপক্ষে ১-১ ড্র এবং ফারেসির বিপক্ষে ২-১ জয়ের ম্যাচেও খেলতে দেখা যায় তাকে।

মূল দলের প্রাক-মৌসুম প্রস্তুতি শেষে ধারণা করা হচ্ছিল, খুব শীঘ্রই ফারহান প্রিমিয়ার লিগে ফুলহামের মূল স্কোয়াডে সুযোগ পাবেন।

কিন্তু প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকের অপেক্ষার মধ্যে তাকে ধারে পঞ্চম স্তরের ক্লাবে পাঠালো ফুলহাম।

এদিকে, ইংল্যান্ডের ফুটবলে সম্ভাবনার আলো ছড়ানো এই উদীয়মান তারকাকে লাল-সবুজের জাতীয় দলে খেলানোর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপন তথ্য ফাঁসের অভিযোগে মার্কিন বিমানবাহিনী সচিবের নিরাপত্তা ছাড়পত্র বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫০ এম


গোপন তথ্য ফাঁসের অভিযোগে মার্কিন বিমানবাহিনী সচিবের নিরাপত্তা ছাড়পত্র বাতিল

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল শুক্রবার (স্থানীয় সময়) জানিয়েছেন, সাবেক মার্কিন বিমানবাহিনী সচিব ফ্র্যাঙ্ক কেন্ডালের গোপন তথ্য দেখার অনুমতি বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে কোনো সংবেদনশীল পদে দায়িত্ব পালনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিমানবাহিনী ওয়ান নিয়ে অনুমতি ছাড়া গোপন তথ্য প্রকাশের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে পারনেল বলেন, এই সিদ্ধান্তটি সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। যুদ্ধ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, কেন্ডাল বিমানবাহিনী ওয়ানের সক্ষমতা নিয়ে গোপন তথ্য একটি সংবাদমাধ্যমকে প্রকাশ করেছিলেন। এ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পারনেল বলেন, 'অবিলম্বে কার্যকর হচ্ছে, সাবেক বিমানবাহিনী সচিব ফ্র্যাংক কেন্ডালের গোপন তথ্য দেখার অনুমতি বাতিল করেছে যুদ্ধ মন্ত্রণালয়। একই সঙ্গে কোনো সংবেদনশীল পদে দায়িত্ব পালনের অনুমতিও বাতিল করা হয়েছে। বিমানবাহিনী ওয়ানের সক্ষমতা নিয়ে গোপন তথ্য একটি সংবাদমাধ্যমকে অনুমতি ছাড়া প্রকাশ করার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।' সংবেদনশীল তথ্য রক্ষায় মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরে তিনি আরো বলেন, 'গোপন তথ্য রক্ষা করা এমন একটি দায়িত্ব, যেখানে কোনো ছাড় নেই। যারা এই বিশ্বাস ভঙ্গ করবেন, তারা গোপন তথ্য দেখার সুযোগ এবং এমন তথ্যের প্রয়োজন হয় এমন যেকোনো দায়িত্ব পালনের অধিকার হারাবেন।'

 

জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে ট্রাম্প প্রশাসনের ব্যাপক তদন্তের মধ্যেই এই ঘোষণা এলো। এর আগে জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিউইয়র্ক টাইমসের কয়েকজন সাংবাদিককে আদালতের নির্দেশে হাজিরার নোটিশ দেয়। কাতার থেকে দেওয়া বিমানবাহিনী ওয়ান বিমান নিয়ে নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের বিষয়ে পত্রিকাটির প্রতিবেদনকে কেন্দ্র করে তাদের ম্যানহাটনের একটি ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে সাক্ষ্য দিতে বাধ্য করাই ছিল এর উদ্দেশ্য। নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, নোটিশগুলো জারি করেছিলেন নিউইয়র্কের দক্ষিণাঞ্চলের ফেডারেল সরকারের আইনজীবী জে ক্লেটন। এসব নোটিশে সাংবাদিকদের ফেডারেল ফৌজদারি আইন লঙ্ঘনের অভিযোগের বিষয়ে সাক্ষ্য দিতে বলা হয়। কয়েকটি ক্ষেত্রে ফেডারেল এজেন্টরা সাংবাদিকদের বাড়িতে গিয়ে নোটিশ পৌঁছে দেন বলেও জানা গেছে।

নোটিশ পাওয়া সাংবাদিকদের নাম জানিয়েছে পত্রিকাটি। তারা হলেন জুলিয়ান ই. বার্নস, এরিক লিপটন, টাইলার পেজার এবং এরিক শ্মিট। তদন্তের কেন্দ্রে থাকা প্রতিবেদনগুলোতে বলা হয়েছিল, মার্কিন গোপন নিরাপত্তা সংস্থার পরামর্শ পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্ক থেকে পুরোনো বিমানবাহিনী ওয়ানে করে ভ্রমণ করেন। আরেকটি প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের ব্যবহারের জন্য কাতারের দেওয়া বোয়িং সাতচল্লিশ সাত-আট বিমানটিতে কিছু উন্নত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এর মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সক্ষমতাও ছিল না। সংবেদনশীল নিরাপত্তা বিষয়ে জানেন এমন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়।

 

সাংবাদিকদের আদালতে হাজিরার নোটিশ দেওয়ার ঘটনায় নিউইয়র্ক টাইমস সমালোচনা করে। পত্রিকাটি বলেছে, সাংবাদিকদের সাক্ষ্য দিতে বাধ্য করা হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে জনস্বার্থের বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশেও সাংবাদিকরা নিরুৎসাহিত হতে পারেন। পত্রিকাটি আরো বলেছে, পরপর কয়েকটি মার্কিন প্রশাসন গোপন তথ্য ফাঁসের ঘটনা তদন্ত করেছে। তবে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের আদালতের নোটিশ দেওয়া এখনো তুলনামূলকভাবে বিরল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিতর্কের মধ্যেই জেন-জিকে ‘জাতির শক্তি’ বললেন কঙ্গনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৬ এম


বিতর্কের মধ্যেই জেন-জিকে ‘জাতির শক্তি’ বললেন কঙ্গনা

তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর তীব্র সমালোচনার মুখে অবশেষে পিছু হটেছেন হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ এবং অভিনেত্রী কঙ্গনা রানাউত। নতুন প্রজন্মকে ‘নর্দমার প্রজন্ম’ হিসেবে কটাক্ষ করার পর দেশজুড়ে ক্ষোভ সৃষ্টি হলে তিনি নিজের বক্তব্যে ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন।

এবার তিনি তরুণদের ‘দেশের সবচেয়ে বড় শক্তি ও চালিকা শক্তি’ বলে আখ্যা দিয়েছেন।

ভারতে নিট আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে তরুণদের একাংশের মন্তব্যকে ‘কুরুচিকর’ বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছিলেন কঙ্গনা। তিনি সেই সব বিক্ষোভকারী তরুণ-তরুণীদের ‘জেনারেশন গাটার’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলে তীব্র আক্রমণ করেন এবং মন্তব্য করেন যে, আন্দোলনের ভিডিওগুলো ‘বমি উদ্রেককারী’।

মান্ডির বিজেপি সাংসদের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে দেশজুড়ে বিতর্ক ও নিন্দার ঝড় ওঠে।

শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘জেন-জি আমাদের দেশের আসল শক্তি এবং এক অর্থে জাতির জন্য এক বিশাল সম্পদ। আমাদের তরুণরা যেভাবে দেশের সংস্কৃতি ও পরিচয়ের নতুন দূত হিসেবে নিজেদের তুলে ধরছে, তা সত্যিই আনন্দের।’

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কঙ্গনার এই ইউ-টার্নের পেছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের একটি সাম্প্রতিক বার্তার বিশেষ প্রভাব রয়েছে।

মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে আরএসএস প্রধান জেন-জি প্রজন্মের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, চলমান তরুণ প্রজন্ম অত্যন্ত সৎ, যুক্তিগ্রাহ্য উত্তর পছন্দ করে এবং তাদের মতামত গুরুত্ব দিয়ে শোনা উচিত। আরএসএস প্রধানের এই ইতিবাচক মন্তব্যের পর বিজেপি দলে অবৈধ অস্বস্তি তৈরি হয়, যার ফলে বাধ্য হয়েই নিজের সুর বদলাতে হলো কঙ্গনাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৮ এম


ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর বা সংবেদনশীল ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে। বিশেষ করে শীত এবং শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়।

শনিবার (৮ আগস্ট) ঢাকার বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে অবস্থান করছে। বিশ্বের নানা দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে, সকাল সাড়ে ৯টায় ঢাকার দূষণের স্কোর ৭৩, যা তালিকার ২৬তম স্থানে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, পৃথিবীর বায়ুদূষণের তালিকার শিখরে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার স্কোর ১৮৬ এবং এটি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গোনা হচ্ছে। দ্বিতীয় স্থানে কাতারের দোহা রয়েছে, যার স্কোর ১৬৪।

তালিকায় তৃতীয় স্থানে ১৬৩ স্কোর নিয়ে বাহরাইনের মানামা রয়েছে। এছাড়াও, দোহা, জোহানেসবার্গ এবং দুবাইয়ের মতো শহরগুলো দূষণের দিক থেকে উপরের দিকে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ বলা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গন্য হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয় এবং স্কোর ৩০১-এর বেশি হলে সেটি ‘দুর্যোগপূর্ণ’ বলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%