মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
০৩:২৪ পি.এম
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুপাড়া এলাকায় নিজ ঘর থেকে মো. হাসান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা ছিল— “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে বাবুপাড়া ভাঙা বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান স্থানীয় ফজলুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সোমবার রাতে হাসানের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান এবং হাসান বাড়িতে একাই অবস্থান করেন। পরদিন সকাল থেকে তাকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পাশের কক্ষের টিনের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তাকে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চিরকুটে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ ছিল।
নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে অতীতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগও করেছেন। কারামুক্ত হওয়ার পরও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি বলে অভিযোগ রয়েছে। মাদকাসক্তিকে কেন্দ্র করে তার সংসারে প্রায়ই অশান্তি দেখা দিত।
নিহতের স্ত্রী খোদেজা বেগম জানান, স্বামীর মাদকাসক্তির কারণে সংসারে দীর্ঘদিন ধরে অস্থিরতা চলছিল। তিনি নিয়মিত আয়-রোজগার করতেন না এবং প্রায়ই পারিবারিক বিরোধে জড়াতেন। ঘটনার আগের দিনও তাদের মধ্যে ঝগড়া হয়, যার পর তিনি আত্মীয়ের বাড়িতে চলে যান।
দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণতোষ বণিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। পারিবারিক কলহ, মাদকাসক্তি কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, সব বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের ফলাফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী বছরের এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
তিনি বলেছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। তবে ফেব্রুয়ারিতে রোজার কারণে সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে পরীক্ষা এক মাস পিছানোর সম্ভাবনা রয়েছে। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত নয়।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই বিষয়ে তিনি জানান।
মন্ত্রী এহছানুল হক মিলন আরও জানান, তারা প্রথম থেকেই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা আয়োজনের চেষ্টায় ছিলেন, কিন্তু রোজা এক মাস আগে ফেব্রুয়ারিতে আসছে বলে তা সম্ভব হচ্ছে না। আবার রোজার পূর্বে পরীক্ষা আয়োজন করাও সম্ভব নয়।
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে সরকার অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে ভাবছে। শুরুতে লক্ষ্য ছিল রমজানের আগেই পরীক্ষা শেষ করার, সে লক্ষ্যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল এবং তার জন্য রুটিনও প্রস্তুত করা হয়েছিল। তবে এখন বিভিন্ন মহল থেকে রমজানের পরে পরীক্ষা শেষ করার বিষয়ে মতামত আসছে।
শিক্ষামন্ত্রী বলেছেন, এসএসসি পরীক্ষা হলো একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা, যেখানে পূর্ণ সিলেবাস সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। রমজানের কারণে পরীক্ষার সময়সূচি কিছুটা সামলে নিয়ে চলার বিষয়টি বিবেচনায় এসেছে। তবে শিক্ষার্থীদের পড়াশোনা, সিলেবাস সম্পন্ন করা এবং সার্বিক বাস্তবতা গুলো বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ ও প্যাকেজিং শিল্পে বৃহৎ পরিসরে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, আইটি সেবা, পাটজাত পণ্য ও হস্তশিল্পসহ উচ্চমূল্যের পণ্যের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নরওয়ের বাজারে।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাণিজ্য, বিনিয়োগ সহযোগিতা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৭২ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে নরওয়ের প্রারম্ভিক স্বীকৃতি এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বর্তমান সরকারের বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ভিত্তি গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসন।
এসময় নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি জানান, নরওয়ে এখন প্রচলিত উন্নয়ন সহযোগিতার বাইরে গিয়ে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বেশি গুরুত্ব দিচ্ছে।
রাষ্ট্রদূতের এ অবস্থানকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশি পণ্যের রপ্তানি বহুমুখীকরণে নরওয়ের বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নরওয়ের আন্তর্জাতিক নেতৃত্বের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। তিনি গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং নরফান্ডের ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর প্রকল্পে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
এছাড়া শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, ডিজিটাল উদ্ভাবন, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও গবেষণায় দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নরওয়ের শিক্ষাবৃত্তির সুযোগ আরও সম্প্রসারণেরও অনুরোধ জানান।
বৈঠকে নরওয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করা হয়। দুই দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। বৈঠকে নরওজিয়ান দূতাবাসের পলিটিক্যাল অ্যাডভাইজার সারোয়ার জাহান চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
৪০০ বছর বয়সী জিনের বাদশা হিসেবে ভর্তি হয়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২১ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে আব্দুল হামিদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানালেন সিরাজগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।
তিনি আরও জানান, আব্দুল হামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় এক ভুক্তভোগী নারী মামলা দায়ের করেন। এরপর অভিযুক্তকে সলঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন নামে অ্যাপস চালু করে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বেকার যুবকসহ সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। কিছুদিন পর অ্যাপসগুলো বন্ধ করে নতুন অ্যাপস চালুর মাধ্যমে আবারও বিনিয়োগের আহ্বান জানাতেন।
যখন গ্রাহকেরা টাকা ফেরত চাইতেন বা যোগাযোগ করলে, তখন তিনি ‘Hamkail Moakael’ নামে একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে ৪০০ বছর বয়সী জিনের বাদশা হিসেবে পরিচয় দিতেন এবং ভয়ভীতি ও হুমকি প্রদান করতেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আব্দুল হামিদ প্রায় ১০০ জন মানুষের ২১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। আসামির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলমান এবং তদন্ত অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ