০৬:২৬ পি.এম
সিরাজগঞ্জের কাজিপুরে গার্মেন্ট শ্রমিক ইয়াসিনের মোবাইল ও নগদ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা কেন্দ্র করে টাকা ফেরত চাওয়ায় তার চাচা মো. বেলাল হোসেনকে (৪০) পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহত বেলাল হোসেন লক্ষ্মীপুর গ্রামের মৃত ঘোসাল উদ্দিনের ছেলে এবং ছিনতাইয়ের শিকার ইয়াসিন একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় বেলাল হোসেনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চাকরি থেকে ছুটিতে বাড়ি ফেরেন গার্মেন্ট শ্রমিক ইয়াসিন। ঘটনার দিন বিকেলে তিনি লক্ষ্মীপুর বাজারে ওমর ফারুকের বিকাশ দোকান থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকা উত্তোলন করেন। ওই দিন রাতে স্থানীয় জুয়েল (৩০), রুবেল (২৫), কাচিহারা গ্রামের সোহেল (২৫) ও খোকন (৩০) মুঠোফোনে ইয়াসিনকে ডেকে কাচিহারা ভাঙা ব্রিজের কাছে নিয়ে যান।
অভিযোগ রয়েছে, ওই চার যুবক ইয়াসিনকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তার পকেটে থাকা মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তাড়িয়ে দেয়। পরে বিষয়টি ইয়াসিনের পরিবার স্থানীয়দের জানালেও তাৎক্ষণিকভাবে কোনো বিচার পায়নি।
এরই মধ্যে ইয়াসিন ছিনতাইকারীদের একজনকে আটক করে তার টাকা ফেরত চান। এ বিষয়ে গত ১১ নভেম্বর এলাকার বিকাশ দোকানদার ওমর ফারুকের দোকানে বিষয়টি মীমাংসার জন্য বসে উভয়পক্ষ। এ সময় জুয়েল, রুবেল, সোহেল ও খোকন লাঠিসোটা, রামদা ও বাটাম নিয়ে হঠাৎ অতর্কিত হামলা চালিয়ে ইয়াসিনের চাচা বেলাল হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এতে বেলাল গুরুতর আহত হয়ে দোকানে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও বিকাশ দোকানদার ওমর ফারুক বলেন, “মীমাংসার উদ্দেশ্যে ইয়াসিনের পরিবারের লোকজন আমার দোকানে বসা অবস্থায় জুয়েল, রুবেল, সোহেল ও খোকন সেখানে ঢুকে হামলা চালিয়ে বেলালকে মারপিট করে।”
স্থানীয় বাসিন্দা শাহীন, জামাল উদ্দিন, আয়নাল হক ও রুবিয়া খাতুন জানান, অভিযুক্ত জুয়েল, রুবেল, সোহেল ও খোকন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত। এলাকায় রাজনৈতিক ও দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোই তাদের নিত্যদিনের পেশা। ওই সন্ত্রাসীরা মারপিটের পরেও ভুক্তভোগী পরিবারকে নানাভাবে ভয়ভীতিসহ হত্যার হুমকি দিয়ে আসছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বিষয়টি সরেজমিনে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
জহুরুল ইসলাম
সিরাজগঞ্জ
১৪.১১.২৬
আরও পড়ুন: গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, জনতার বিক্ষোভে বাসে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন