ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ভূঞাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা বিতরণ করেননি শিক্ষা কর্মকর্তা


ভূঞাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা বিতরণ করেননি শিক্ষা কর্মকর্তা

টাঙ্গাইলের ভূঞাপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক উপকরণ কেনার জন্য বরাদ্দ করা ৫০ হাজার টাকা উত্তোলন করার পর বিতরণ না করার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আক্তার বানুর বিরুদ্ধে। ২০২৫-২৬ অর্থবছরে আট শিক্ষার্থীর জন্য বরাদ্দ করা এই অর্থ উত্তোলনের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা কোনো সহায়ক উপকরণ পায়নি।

নিয়ম অনুযায়ী, গত জুন মাসের মধ্যে বরাদ্দের অর্থ ব্যবহার করে শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে হুইলচেয়ার, চশমা, শ্রবণযন্ত্র, ক্রাচ ও ওষুধসহ বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করার কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক উপকরণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আট শিক্ষার্থীর তালিকা উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়। তাদের জন্য বরাদ্দ দেওয়া হয় ৫০ হাজার টাকা। অভিযোগ রয়েছে, শিক্ষা কর্মকর্তা নির্ধারিত সময়ে টাকা উত্তোলন করলেও শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণ করেননি।

আরও পড়ুন: সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সরেজমিনে তালিকাভুক্ত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, কেউই সরকারি সহায়তা পায়নি। তাদের মধ্যে অনেকের পরিবার মানবেতর জীবনযাপন করছে।

চর অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী দুই বোন তানিয়া ও সোনিয়াকে নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন তাদের বাবা রফিকুল ইসলাম। তিনিও দৃষ্টিপ্রতিবন্ধী। অন্যদিকে একই বিদ্যালয়ের বাক্প্রতিবন্ধী শিক্ষার্থী সুবর্ণা আক্তারের বাবা আট মাস আগে সৌদি আরবে মারা যান। অর্থাভাবে তার মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। তিন মেয়েকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে সুবর্ণার মায়ের।

ভারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রাজিনও বাবাকে হারিয়েছে। তার বাবা বুলবুল ইসলাম মারা যাওয়ার পর মাকে নিয়ে অনাহার-অর্ধাহারে দিন কাটছে তার।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের তালিকা পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো সুফল পাওয়া যায়নি।

আরও পড়ুন: ১৯ দিন ধরে জ্বলতে থাকা আগুন নেভাতে প্রস্তুত বাপেক্স, গ্যাসের সন্ধান হবে পরে

অভিযোগের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. আক্তার বানু বলেন, "সুযোগ বুঝে শিক্ষার্থীদের মধ্যে উপকরণগুলো বিতরণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশেই আছে ‘ভুদুম বাঁশ’, তবে নেই বাজারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


দেশেই আছে ‘ভুদুম বাঁশ’, তবে নেই বাজারে

দেশে একটি বিশেষ প্রজাতির বাঁশ রয়েছে, যার নাম ভুদুম। এই বাঁশের উচ্চতা প্রায় ২৫ মিটার এবং এর কাণ্ডের গোড়ার দিকের ব্যাস প্রায় ১৯ সেন্টিমিটার। সাধারণ বাঁশের তুলনায় এটি আকারে অনেক বড়। কাঠের বিকল্প হিসেবে আসবাব ও নির্মাণসামগ্রী তৈরিতে এর সম্ভাবনা থাকলেও, বংশবিস্তারে জটিলতার কারণে বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়নি।

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানের বাঁশবাগানে ভুদুম বাঁশের কিছু ঝাড় রয়েছে। দর্শনার্থীদের কাছে এর অস্বাভাবিক মোটা কাণ্ড বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে।

উদ্যানের মালি আবদুল আলিম গণমাধ্যমকে জানান, ভুদুম বাঁশের বৈজ্ঞানিক নাম ডেনড্রোক্যালামাস গিগ্যান্টিয়াস। এর কাণ্ড ভেতরে ফাঁপা এবং নিচের দিকে কঞ্চি বা শাখা না থাকায় ঝাড়গুলো দেখতে বেশ পরিপাটি।

জাতীয় উদ্ভিদ উদ্যানের কর্মকর্তাদের তথ্যমতে, সেখানে ভুদুম বাঁশ ছাড়াও ১৭ প্রজাতির বাঁশ রয়েছে। উদ্যানের ৩৫, ৪৮ ও ৫০ নম্বর সেকশনে এসব বাঁশের ঝাড় দেখা যায়। উল্লেখযোগ্য প্রজাতির মধ্যে বরাক, ঘটি, লতা ও ডলুয়া বাঁশ অন্তর্ভুক্ত।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘গ্লোবাল ব্যাম্বু রিসোর্সেস’ প্রতিবেদন অনুযায়ী, বাঁশের প্রজাতিবৈচিত্র্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশে মোট ৩৩ প্রজাতির বাঁশ পাওয়া যায়, যেখানে ৫০০ প্রজাতি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চীন। ব্রাজিল ২৩২ প্রজাতি নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার অঞ্চলে ভুদুম বাঁশের উপস্থিতি বেশি। সাধারণত এ বাঁশের গড় উচ্চতা প্রায় ২৫ মিটার। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) এক গবেষণায় এর গঠনগত বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।

২০১৭ সালে ‘জার্নাল অব বায়োডাইভারসিটি কনজারভেশন অ্যান্ড বায়োরিসোর্স ম্যানেজমেন্ট’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ভুদুম বাঁশের গোড়ার দিকে কাণ্ডের ব্যাস ১৮ দশমিক ৭২ সেন্টিমিটার এবং পুরুত্ব ৩ দশমিক ৪৫ সেন্টিমিটার। মাঝের দিকে কাণ্ডের ব্যাস কমে ১১ সেন্টিমিটার এবং পুরুত্ব দাঁড়ায় প্রায় শূন্য দশমিক ৭০ সেন্টিমিটারে।

বিশেষজ্ঞদের মতে, ভুদুম বাঁশের মোটা কাণ্ড দিয়ে বিভিন্ন ধরনের আসবাব ও নির্মাণসামগ্রী তৈরি করা সম্ভব। এর ব্যবহার বৃদ্ধি পেলে কাঠের ওপর চাপ কমানো সম্ভব। এছাড়া, বাঁশটির শিকড় মাটির গভীরে ও চারপাশে বিস্তৃত হওয়ায় মাটিক্ষয় রোধেও ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের আবহাওয়া ভুদুম বাঁশ চাষের জন্য উপযোগী।

তবে, এর চাষ সম্প্রসারণে প্রধান বাধা হলো চারা উৎপাদন। বংশবিস্তার তুলনামূলক জটিল হওয়ায় দেশে এখনো এর বাণিজ্যিক চাষ গড়ে ওঠেনি। বর্তমানে বিভিন্ন এলাকায় মূলত শখের বশে বা বাগানের সৌন্দর্য বাড়াতে এ বাঁশ লাগানো হয়।

গবেষকরা ভুদুম বাঁশের চারা উৎপাদনে আশার কথা জানিয়েছেন। ২০২৩ সালে ‘বাংলাদেশ জার্নাল অব বোটানি’ সাময়িকীতে প্রকাশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তিন গবেষকের প্রতিবেদনে টিস্যু কালচারের মাধ্যমে এ বাঁশের নতুন চারা উৎপাদনের সফল পদ্ধতি তুলে ধরা হয়েছে। এতে ভুদুম বাঁশের গিঁটযুক্ত কাণ্ডের অংশ ব্যবহার করে পরীক্ষাগারে নতুন চারা উৎপাদন করা হয়।

দেশে বাঁশের বহুমুখী ব্যবহার রয়েছে। গ্রামাঞ্চলে বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে আসবাব, কুটিরশিল্প ও কাগজ তৈরিতে বাঁশ ব্যবহৃত হয়। পাহাড়ি এলাকায় বাঁশের নরম অংশ বা বাঁশকোঁড়ল খাদ্য হিসেবেও প্রচলিত। নান্দনিক স্থাপনা ও রেস্তোরাঁ নির্মাণেও বাড়ছে এর ব্যবহার। ফলে, ভুদুম বাঁশের চারা উৎপাদন ও চাষ সম্প্রসারণ করা গেলে কাঠের বিকল্প উপকরণ হিসেবে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত, ২২ মামলার নথি গায়েব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত, ২২ মামলার নথি গায়েব

নীলফামারীর কিশোরগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ছয়জনকে খাসজমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ উঠেছে। এর পাশাপাশি, ভূমিসংক্রান্ত ২২টি মিস কেসের নথি গায়েব করে সহকারী কমিশনারের (ভূমি) জাল স্বাক্ষরে ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রসিদ) ইস্যু করা হয়েছে।

উপজেলা ভূমি অফিসের উপপ্রশাসনিক কর্মকর্তা (নাজির) মিজানুর রহমানের বিরুদ্ধে এই জালিয়াতির অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে দেখা যায়, বাহাগিলী ইউনিয়নের পাঁচজন এবং গাড়াগ্রাম ইউনিয়নের একজন ভূমিহীন ব্যক্তি খাসজমি চিরস্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করেছেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্যত্র বদলি হয়ে যান।

এই সুযোগে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ব্যাকডেটে ওই দুই কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভূমি অফিস থেকে ফাইলগুলো অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) যাচাই শেষে প্রস্তাবিত খাসজমি চিরস্থায়ী বন্দোবস্তের ফাইলগুলো অগ্রায়ণ করলে ৮ এপ্রিল জেলা প্রশাসক সেগুলো অনুমোদন করেন।

খাসজমি বন্দোবস্ত পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল গ্রামের মৃত মজনু মামুদের ছেলে দেলোয়ার হোসেন, আবু হোসেন ও তার স্ত্রী নূরবানু, মৃত আমের হোসেনের স্ত্রী মরজিনা বেওয়া, মৃত মজিবর রহমানের ছেলে আলী হোসেন ও নূরনবী হোসেন। এছাড়া, গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামের লাবনী আক্তার ও তার স্বামী গোলাম রব্বানীও এতে অন্তর্ভুক্ত।

এদিকে, ভূমিসংক্রান্ত ২২টি মিস কেসের তথ্য রেজিস্টারে থাকলেও সংশ্লিষ্ট নথি খুঁজে না পাওয়া এবং জাল স্বাক্ষরে ডিসিআর দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী।

তিনি জানান, খাসজমি বন্দোবস্ত ও মিস কেসের ডিসিআর প্রদানের ফাইল মিজানের নামে কার্যাদেশ দেওয়া ছিল। তিনি নিজেই এ দুটি ফাইল পরিচালনা করেছেন। জাল স্বাক্ষরে জমি বন্দোবস্ত ও ডিসিআর দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ভূমি অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান বর্তমানে ডোমার ইউএনওর কার্যালয়ে কর্মরত। তিনি জানান, খাসজমি বন্দোবস্তের ফাইল তার নামে কর্মবণ্টন করা ছিল না। এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। সার্ভেয়ার মিরাজ ওই ফাইল পরিচালনা করেছেন। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সময় মিস কেসের ১৭টি ফাইল ও ডিসিআরে স্যার রংপুরের বাসায় স্বাক্ষর দিয়েছেন। তিনি আরও জানান, আটটি ডিসিআরে স্যারের স্বাক্ষরের বিষয়ে অফিস সহকারী লিটনকে জিজ্ঞাসা করতে বলেছেন। কারণ, স্যারের মৌখিক নির্দেশে তিনিই এসব ফাইল পরিচালনা করেছেন।

তৎকালীন ইউএনও প্রীতম সাহা বলেন, জাল স্বাক্ষরে খাসজমি বন্দোবস্তের বিষয়টি এসিল্যান্ড তাকে জানিয়েছে। ইউএনও হিসেবে কিশোরগঞ্জে দায়িত্ব পালনকালে তিনি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির কোনো সভা করেননি। অথচ তার স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্তের ফাইল জেলা প্রশাসকের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জালিয়াতি করার সাহস না পায়।

বর্তমান ইউএনও আরিফুর রহমান জানান, ভূমি অফিসের ঘটনায় জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওপেন ইউনিভার্সিটিতে নকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


ওপেন ইউনিভার্সিটিতে নকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন নকলের প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, "নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি।" তিনি সতর্ক করে বলেন, "বেড়িয়ে আসতে হবে, লাস্ট ওয়ার্নিং নোওয়ে।"

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, কাজ করছি তোমাদের জন্য। বুঝেশুনে আন্দোলন কর।" তিনি আরও বলেন, "আর যদি মনেই কর, আন্দোলন করতে হবে, একবার এসে আমার সঙ্গে ডিবেট করে যাও, জিজ্ঞেস কর। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব।"

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, "বিনা কারণে হৈচৈ করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা যাবে না।" তিনি বলেন, "এভাবে একটি রাষ্ট্রকে কখনও এগোতে দেওয়া যায় না।"

তিনি আরও বলেন, "অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে। যারা একটি সরকারের ছয় মাস বয়স না হতেই মিথ্যা অযুহাত দিয়ে রাজনীতি করে, তারা মূলত এ দেশের উন্নতি চায় না, তারা মূলত অধঃপতন চায়।" তিনি যোগ করেন, "অতএব তাদের নেতৃত্ব জনগণ কখনো মেনে নেবে না।"

এসএসসির ফল প্রসঙ্গে তিনি বলেন, "শূন্য পাশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও জানান, "সরকারের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলো কেন ভালো করছে না, তাও খতিয়ে দেখবে সরকার।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন

রাজশাহীর মোহনপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকের মাঝে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন এবং মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।

২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণে ৫০ জন কৃষকের মধ্যে একটি করে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি ঘর স্থাপনের জন্য প্রত্যেককে সাত হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%