ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গার্মেন্টস শিল্প বাঁচাতে নতুন বিশ্ব ব্যবস্থায় নতুন রপ্তানি ক্ষেত্র তৈরি জরুরী


গার্মেন্টস শিল্প বাঁচাতে নতুন বিশ্ব ব্যবস্থায় নতুন রপ্তানি ক্ষেত্র তৈরি জরুরী

বিশ্ব রাজনীতির মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে। যে আন্তর্জাতিক ব্যবস্থা একসময় কয়েকটি শক্তিধর রাষ্ট্রের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল ছিল, তা আজ ধীরে ধীরে বহুমেরুকেন্দ্রিক বাস্তবতায় রূপ নিচ্ছে। এই পরিবর্তন শুধু সামরিক বা কূটনৈতিক নয়; এর সবচেয়ে গভীর অভিঘাত পড়ছে বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায়। এমন বাস্তবতায় বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত—তৈরি পোশাক শিল্প—এখনও যদি কয়েকটি পশ্চিমা বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীল থাকে, তবে সেটি কেবল অর্থনৈতিক ঝুঁকি নয়, বরং কৌশলগত দুর্বলতাও।

বাংলাদেশের তৈরি পোশাক আজ বিশ্বজুড়ে গুণগত মান, প্রতিযোগিতামূলক মূল্য এবং উৎপাদন সক্ষমতার জন্য সুপরিচিত। কিন্তু একটি মৌলিক প্রশ্ন থেকেই যায়—কেন এই সক্ষমতার সবচেয়ে বড় অংশ এখনও সীমিতসংখ্যক বাজারে আবদ্ধ থাকবে? কেন শত শত সম্ভাবনাময় বাজারকে উপেক্ষা করে একই ক্রেতাদের ওপর অতিনির্ভরশীল থাকতে হবে?

যে রাষ্ট্রের রপ্তানি কয়েকটি দেশের সিদ্ধান্তের ওপর অতিমাত্রায় নির্ভরশীল, সেই রাষ্ট্রের অর্থনীতি অদৃশ্য চাপের মুখে থাকে। আন্তর্জাতিক রাজনীতিতে সম্পর্কের টানাপোড়েন, বাণিজ্যিক নিষেধাজ্ঞা, নতুন শুল্কনীতি কিংবা ভূরাজনৈতিক সংঘাত—যেকোনো একটি ঘটনা মুহূর্তেই রপ্তানি আয়ে বড় ধাক্কা দিতে পারে। তখন ক্ষতিগ্রস্ত হয় শুধু একটি শিল্প নয়; কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতিও।

এ কারণেই এখন সময় এসেছে "নতুন বাজার কূটনীতি"কে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করার। আফ্রিকার দ্রুত বিকাশমান অর্থনীতি, মধ্য এশিয়া, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ, মধ্য এশিয়ার উদীয়মান ভোক্তা বাজার, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশ্বের বহু নতুন অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের তৈরি পোশাকের জন্য বিশাল সম্ভাবনা রয়েছে। সেখানে প্রবেশের জন্য প্রয়োজন পরিকল্পিত রাষ্ট্রনীতি, শক্তিশালী বাণিজ্য কূটনীতি এবং দীর্ঘমেয়াদি বাজার উন্নয়ন কৌশল।

শুধু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করলেই হবে না। প্রয়োজন বাণিজ্য মিশন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, নতুন শিপিং সংযোগ, স্থানীয় পরিবেশকদের সঙ্গে অংশীদারত্ব, ব্র্যান্ডিং, ডিজিটাল বিপণন এবং বিদেশে বাংলাদেশি বাণিজ্য প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা। প্রতিটি দূতাবাসকে কেবল ভিসা প্রদানকারী প্রতিষ্ঠান নয়, বরং রপ্তানি বাজার সম্প্রসারণের কার্যকর অর্থনৈতিক মিশনে পরিণত করতে হবে।

এ দায়িত্ব শুধু উদ্যোক্তাদের নয়। বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট সরকারি সংস্থা, ব্যবসায়ী সংগঠন এবং কূটনৈতিক মিশন—সবাইকে সমন্বিত কৌশলে কাজ করতে হবে। কারণ এটি কেবল একটি শিল্পের প্রশ্ন নয়; এটি বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন।

আজকের বিশ্বে অর্থনীতি আর রাজনীতি আলাদা কোনো বিষয় নয়। যে রাষ্ট্রের অর্থনৈতিক বিকল্প যত বেশি, তার কূটনৈতিক স্বাধীনতাও তত শক্তিশালী। আর যে রাষ্ট্রের বাজার যত বৈচিত্র্যময়, আন্তর্জাতিক দরকষাকষির টেবিলে তার অবস্থানও তত দৃঢ়। বহুমুখী রপ্তানি বাজার মানে শুধু বেশি বিক্রি নয়; বরং জাতীয় স্বার্থ রক্ষায় অধিক আত্মবিশ্বাস।

বাংলাদেশকে তাই এমন অবস্থানে পৌঁছাতে হবে, যেখানে কোনো একটি বা কয়েকটি বাজারের পরিবর্তন দেশের অর্থনীতিকে নাড়িয়ে দিতে না পারে। নতুন ক্রেতা, নতুন অঞ্চল এবং নতুন বাণিজ্যিক অংশীদার তৈরি করাই হবে আগামী দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কৌশল।
বিশ্ব দ্রুত বদলাচ্ছে। যারা পরিবর্তনের আগেই নিজেদের প্রস্তুত করবে, ভবিষ্যতের নেতৃত্ব তাদের হাতেই থাকবে। কিন্তু যারা পুরোনো নির্ভরতার নিরাপদ খাঁচায় বন্দি থাকবে, পরিবর্তিত বিশ্ব তাদের জন্য অপেক্ষা করবে না।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প শুধু রপ্তানি আয়ের উৎস নয়; এটি দেশের অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক সক্ষমতা এবং জাতীয় মর্যাদার অন্যতম ভিত্তি। তাই এখনই সময় একমুখী বাজারের শৃঙ্খল ভেঙে বহুমুখী বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচনের। কারণ শক্তিশালী অর্থনীতি কেবল উৎপাদনের ওপর দাঁড়ায় না—দাঁড়ায় বহুমাত্রিক বাজার, দূরদর্শী কৌশল এবং স্বাধীন অর্থনৈতিক সক্ষমতার ওপর-এমন কথা আজকের দিনে বলা অমূলক নয় বরং তা জরুরী।
লেখকঃ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর আওতায় আয়োজিত বাজেটবিষয়ক এক ডিব্রিফিং সেশন পরিচালনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সংসদ ভবনের শপথকক্ষে এই সেশন অনুষ্ঠিত হয়।

ডিব্রিফিং সেশনটিতে, প্রতিমন্ত্রী জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইনি কাঠামো, দায়িত্ব ও কার্যপরিধি তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি জাতীয় বাজেটে স্থানীয় সরকার খাতে বরাদ্দ, উন্নয়ন তহবিলের আওতায় খাত ভিত্তিক অর্থবণ্টন এবং এ সংক্রান্ত বিদ্যমান নীতিমালা ও নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দেশের সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, জনসেবা সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ সময়, তিনি জাতীয় বাজেটের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, জবাবদিহি এবং কার্যকর সমন্বয় জোরদারে গুরুত্বারোপ করেন।

উপস্থাপনা শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে, প্রতিমন্ত্রী সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং স্থানীয় সরকার ব্যবস্থাপনা, বাজেট বরাদ্দ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করেন।

‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর আওতায় আয়োজিত এ ডিব্রিফিং সেশনে, চিফ হুইপ মো. নূরুল ইসলামসহ জাতীয় সংসদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে নিরব (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত নিরব বগুড়া জেলার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে মরদেহ দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মরত কর্মীরা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনে সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দামেস্কের ফোর সিজনস হোটেলের কাছে দুটি বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


দামেস্কের ফোর সিজনস হোটেলের কাছে দুটি বিস্ফোরণ

সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত ফোর সিজনস হোটেলের কাছে মঙ্গলবার দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার, ৭ জুলাই, ২০২৬-এ এই বিস্ফোরণ ঘটে। এই হোটেলটিতেই আগের রাতে অবস্থান করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সিরিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য এএফপিকে নিশ্চিত করেছেন।

নিরাপত্তা সূত্র জানায়, একটি বোমা ময়লার ডাস্টবিনে ছিল এবং অন্যটি একটি গাড়িতে ছিল। দুটি বিস্ফোরণই ফোর সিজনস হোটেলের আশপাশে ঘটেছে।

ঘটনাস্থলে থাকা এএফপির প্রতিনিধিরা জানান, বিস্ফোরণের আগে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ হোটেল ত্যাগ করে প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছান। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেওয়া মেসির সাইন করা জার্সি জাতীয় জাদুঘরে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেওয়া মেসির সাইন করা জার্সি জাতীয় জাদুঘরে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার হিসেবে দেওয়া লিওনেল মেসির অটোগ্রাফ সংবলিত জার্সিটি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। জার্সিটি প্রধানমন্ত্রী প্রদর্শনের জন্য সাধারণ মানুষের দেখার উদ্দেশ্যে জাদুঘরে রাখা হয়েছে। এ কারণে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী আর্জেন্টিনার তিন তারকা লিওনেল মেসি, এঞ্জো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজের অটোগ্রাফ সংবলিত একটি অরিজিনাল জার্সি পান উপহার হিসেবে। পরবর্তীতে সেটি সাধারণ দর্শনার্থীদের কাছে প্রদর্শনের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘরে উপহার দেন। বর্তমানে জাদুঘরের নিচতলার লবিতে জার্সিটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলের অসংখ্য ফুটবলপ্রেমী জাদুঘরে এসে জার্সিটি দেখছেন এবং স্মৃতি হিসেবে ছবি তুলছেন। সিলেট থেকে সন্তানকে নিয়ে আসা এক অধ্যাপক জানিয়েছেন, বাবা-ছেলে দুজনেই আর্জেন্টিনার সমর্থক। মেসির অটোগ্রাফ সংবলিত জার্সি কাছ থেকে দেখতে পেয়ে তারা আনন্দিত।

অন্যদিকে, জামালপুরের শামীম রানা অফিস থেকে ছুটি নিয়ে টাঙ্গাইল হয়ে ঢাকায় এসেছেন শুধুমাত্র প্রিয় তারকার স্বাক্ষর করা জার্সিটি একবার দেখার জন্য। দর্শনার্থীরা মন্তব্য করছেন, প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া বিশেষ জার্সিটি এখন সাধারণ মানুষও দেখতে পাচ্ছেন, যা তাদের জন্য একটি আনন্দের এবং স্মরণীয় সুযোগ।

জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কিপার মনিরুল ইসলাম জানান, বিশ্বকাপ পর্যন্ত জার্সিটি নিচতলার লবিতেই প্রদর্শিত হবে। পরে এটি স্থায়ীভাবে কোন গ্যালারিতে সংরক্ষণ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে বাংলাদেশের বিপুলসংখ্যক ব্রাজিল সমর্থকদের কথা বিবেচনা করে ব্রাজিলের কোনও কিংবদন্তি ফুটবলারের স্বাক্ষর করা জার্সিও সংগ্রহ ও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%