বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৫৩ পি.এম
পঞ্চগড়ের আটোয়ারীতে আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সিটি ব্যাংক-এর একটি নতুন শাখার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। ১২ নভেম্বর রবিবার সকাল ১১টায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই শাখার কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সাবেক মহাপরিচালক মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান প্রমুখ।
এছাড়া, অনুষ্ঠানে সিটি ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ আজমল হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বক্তারা আটোয়ারীতে সিটি ব্যাংকের এই নতুন যাত্রাকে সাধুবাদ জানান। বক্তারা উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত সিটি ব্যাংক চালুর ফলে এই অঞ্চলের ব্যাবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজ শর্তে ও নিরাপদে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
মির্জা আবির হোসেনের তত্ত্বাবধান ও
পরিচালনায় এই ব্যাংকিং কার্যক্রমের সার্বিক উত্তরোত্তর সফলতা কামনা করে অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চিরিরবন্দরে নকল কীটনাশক বিক্রি ও সরবরাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসের তথ্য অনুযায়ী, গত ১১ নভেম্বর বুধবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে আব্দুলপুর ইউনিয়নের বাকী বাজারে উপজেলা আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেনের শাহ ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। নকল কীটনাশক বিক্রি ও সরবরাহের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এই অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত শাহ ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং কোম্পানি প্রতিনিধিকে ৭৫ হাজার টাকা জরিমানা করে। এছাড়া, নকল কীটনাশকগুলোও জব্দ করা হয়।
চিরিরবন্দরে নকল কীটনাশক বিক্রি ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা চলাকালীন পরীক্ষা শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।
কলেজ ও কেন্দ্র সূত্রে জানা যায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনস্থ সাত ক্যাম্পাসের মধ্যে কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দেয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
পরীক্ষা চলাকালে হল পর্যবেক্ষক ও শৃঙ্খলা কমিটির সদস্যরা তল্লাশি চালিয়ে চারজন পরীক্ষার্থীর কাছ থেকে বই, মোবাইল ফোন ও ব্লুটুথ ডিভাইস জব্দ করেন। পরীক্ষার হলে এ ধরনের নিষিদ্ধ সামগ্রী ও অসদুপায় অবলম্বনের দায়ে সংশ্লিষ্ট চার শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক আফসানা পারভিন বলেন, ‘অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার হলে শিক্ষার্থীদের কাছ থেকে বই, মোবাইল ও ব্লুটুথ ডিভাইস পাওয়া গেছে। শৃঙ্খলার পরিপন্থী এমন কার্যক্রমের অপরাধে চারজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিষিদ্ধ সিগারেট নয়; এবার চট্টগ্রাম বন্দরে ধরা পড়েছে মিথ্যা ঘোষণায় আমদানি করা সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের সম্পূর্ণ একটি সমন্বিত প্ল্যান্ট। এই প্ল্যান্টে সাতটি মেশিন রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এই প্ল্যান্টটি আটক করেছে।
সিগারেট প্যাকিং ও রেপিং মেশিন ঘোষণা দিয়েই চালানটি আমদানি করা হয়েছিল। এনবিআর সূত্রের তথ্য অনুযায়ী, এর মূল্য বাজার মূল্যের ২৫ ভাগের এক ভাগ দেখানো হয়েছে। এতে বড় অঙ্কের শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে।
এনবিআরের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার একটি বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা বিল অব এন্ট্রিতে (বিই) পণ্যটিকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা করা হয়।
তবে সিআইআইডি সন্দেহজনক হওয়ায় এই চালানটির কায়িক পরীক্ষার উদ্যোগ নেয়। পরীক্ষায় দেখা যায়, এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর্যাপার বা সেলোফেন ওভারর্যাপার পাওয়া যায়। অর্থাৎ, প্যাকিং সরঞ্জামের আড়ালে সিগারেট তৈরির মূল মেশিন বা পুরো প্ল্যান্টই আমদানি করা হয়েছে। এই প্ল্যান্টের ইনভয়েসের ঘোষিত মূল্য মাত্র ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার দেখানো হয়েছে। কিন্তু ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই প্ল্যান্টের মূল্য ৪ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার। যা ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ বেশি।
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরে প্রায়ই আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট আটক হয়। তবে এবারই প্রথম পুরো সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের প্ল্যান্ট আটক করল সিআইআইডি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রকল্পের মেয়াদ এখনও এক বছরের বেশি বাকি রয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু করা স্কুল ফিডিং বা মিড-ডে মিল কর্মসূচি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গত ১০ নভেম্বর থেকে শিক্ষার্থীদের খাবার সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের বিদ্যালয়মুখী রাখতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা করছেন শিক্ষকরা।
খাদ্য সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ১০ নভেম্বর থেকে খাবার সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের নির্ধারিত মেয়াদ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি শেষ হওয়ার কারণে মাঝপথে কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষক-অভিভাবকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
উপজেলা ইএসডিও অফিস সূত্রে জানা গেছে, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় রাজারহাটের ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৩২১ জন শিক্ষার্থী রয়েছে। কর্মসূচি শুরুর দিকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৯৪৩ জন। সেই হিসাবে কর্মসূচি শুরুর পর শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৩৭৮ জন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রকল্পের তথ্য অনুযায়ী, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’র মেয়াদ জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫ হাজার ৪৫২ কোটি ৪১ লাখ টাকা। দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধের লক্ষ্য নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সংস্থাটির উপজেলা প্রকল্প কর্মকর্তা মোছা. খালেদা আক্তার জানান, ১০ নভেম্বর ইএসডিওর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় খাবার সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি অধিদপ্তর থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে আলাদা কোনো চিঠিপত্র দেওয়া হয়নি। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও হঠাৎ খাবার বিতরণ বন্ধ হয়ে যাওয়ায় কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রাণ ডেইরি ঠিকাদারি প্রতিষ্ঠান গত অক্টোবর থেকে তাদের সরবরাহকরা দুধ এবং বিস্কুট বন্ধ করে দিয়েছে বলে বেশ কয়েকটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান অভিযোগ করেছেন। এ বিষয়ে তাদের সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে কোন কিছু জানা সম্ভব হয়নি।
উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধের লক্ষ্য নিয়ে সরকারের এ উদ্যোগ চালু করা হয়। ২০২৫ সালের ২৮ ডিসেম্বর রাজারহাটে শুরু হয় মিড-ডে মিল কার্যক্রম। এর আওতায় সপ্তাহের নির্ধারিত কর্মদিবসে শিক্ষার্থীদের বিস্কুট, কলা, বনরুটি, সিদ্ধ ডিম ও ইউএইচটি দুধ দেওয়া হচ্ছিল। বিদ্যালয়ে এসে পুষ্টিকর খাবার পাওয়ার সুযোগ শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতেও ভূমিকা রাখছিল।
কিন্তু হঠাৎ খাবার বিতরণ বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তৈরি হয়েছে নতুন সংকট। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের জন্য এ কর্মসূচি ছিল বাড়তি সহায়তা। শিক্ষকদের আশঙ্কা, খাবার বিতরণ দীর্ঘদিন বন্ধ থাকলে দরিদ্র পরিবারের কিছু শিক্ষার্থীর বিদ্যালয়ে আসার আগ্রহ কমে যেতে পারে। এতে উপস্থিতির হার কমার পাশাপাশি শিক্ষার্থী ঝরে পড়ার ঝুঁকিও বাড়তে পারে।
রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী অনুরাধা মন্ডল বলেন, "ম্যাডাম বলেছে বুধবার(১১নভেম্বর) থাকি আর কোন খাবার স্কুল থেকে দেওয়া হবে না। তাই তোমরা প্রতিদিন বাড়ি থেকে টিফিন নিয়ে আসবে।"
রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. মোহসিনা আক্তার বলেন, "সম্ভবত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন করে অন্য কোনো প্রতিষ্ঠান দায়িত্ব পেতে পারে। কিন্তু এ বিষয়ে আমড়া কোনো লিখিত কাগজপত্র পাইনি। হঠাৎ করে খাবার বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছি। এভাবে দীর্ঘদিন চললে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও রয়েছে।" এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতারুল ইসলাম বলেন, "সংস্থাটির সঙ্গে এক বছরের চুক্তি ছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কর্মসূচি বন্ধ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে পরবর্তী কার্যক্রম সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ