ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুর্মিটোলা হাসপাতাল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় নিহত ১


কুর্মিটোলা হাসপাতাল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় নিহত ১

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও কয়েকজন।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যাবেলা এ দুর্ঘটনাটি ঘটে। তবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহাখালী থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেওয়ালে ধাক্কা মারে, যার ফলে একজন ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এছাড়া আরও কয়েকজন আহত হন, যাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়া বাসটি জব্দ করা হয়েছে এবং হাসপাতাল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমটি সম্পূর্ণ ভেঙে পড়েছে।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি খালিদ মনসুরের বক্তব্য পাওয়া যায়নি, তবে ট্রাফিক সূত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিক জানান, ‘আমরা প্রায় ৪০ মিনিট আগে খবর পেয়েছি। একজন মারা গেছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তবে আহতের সংখ্যা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তারা কাজ করছেন।’

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল

যানবাহনের দৃশ্যমান স্থানে ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ কেন দেওয়া হবে না, সেটা জানতে চেয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছেন। একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কুইক রেসপন্স টিম গঠনের পাশাপাশি, বেপরোয়া গতির বিষয়ে প্রতিটি গণপরিবহনের ভেতরে-বাইরে ৩৬০ ডিগ্রি ক্যামেরা স্থাপন এবং একতলা বাসকে ডাবল ডেকারে রূপান্তর ঠেকাতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এটিও জানতে চেয়েছে আদালত।

আজ রবিবার, এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে নির্মিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় সেন্ট মার্টিন পরিবহনের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান এই রিটটি দায়ের করেন। হাইকোর্ট রুলে আইনজীবী বাহাউদ্দিন আল ইমরানকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সেটিও জানতে চেয়েছে।

অন্যদিকে, দুর্ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে করা তার আবেদন, আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে আদালত নির্দেশ দিয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

এর আগে, গত মে মাসে দুর্ঘটনায় আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিট আবেদনে উল্লিখিত দুর্ঘটনাকে কেন্দ্র করে ২০২৫ সালের ২২ অক্টোবর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘আরামের আড়ালে মারণফাঁদ’ শিরোনামে প্রকাশিত সংবাদ সংযুক্ত করা হয়।

বাংলাদেশ প্রতিদিনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ এক তলা বাসের চেসিসের ওপরেই তৈরি হচ্ছে দ্বিতল স্লিপার বাস। এর মধ্যে কোনো কোনো বাসের নিচ তলায় বিজনেস ক্লাস সিট এবং ওপরে স্লিপার সিট থাকে; আবার কিছু বাসে নিচে ও ওপরে দুই তলাতেই স্লিপার সিট থাকে। এই বাসগুলো সাধারণ এক তলা বাসের তুলনায় অধিক উচ্চতার তৈরি করা হয়। অনুমোদনহীন এই রূপান্তরের বিষয়ে বিআরটিএর কর্মকর্তারা সম্পূর্ণ নীরব।

নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর একজন কর্মকর্তা জানান, টাইপ অনুমোদন না থাকার কারণে স্লিপার বাসের অনুমোদনের সুযোগ বিআরটিএর নেই। তবে এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরির কাজ চলমান রয়েছে। দ্বিতল স্লিপার বাসের চেসিসের ধরন, বডির ডিজাইন এবং সিটের ধরন বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে সেই নীতিমালায়।

বর্তমানে কিভাবে স্লিপার বাস চলছে, এই প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা উল্লেখ করেন, প্রথমে সাধারণ বাসের অনুমোদন নিয়ে পরবর্তী সময়ে সেসব বাসকে রূপান্তর করে স্লিপার বাসে পরিণত করা হয়। কিন্তু বছর ঘুরে ফিটনেস সার্টিফিকেটের জন্য আসলে, এসব বাস কিভাবে ফিটনেস সনদ পায়, সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি ওই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগের পথে হাঁটলে জনগণের আস্থা হারাবে: পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


আ. লীগের পথে হাঁটলে জনগণের আস্থা হারাবে: পানিসম্পদ মন্ত্রী

আওয়ামী লীগের শাসনামলের ধারাবাহিকতা অনুসরণ করলে মানুষ বিএনপিকে বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লক্ষ্মীপুর জেলা আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, 'পার্লামেন্টে বক্তব্যটা দায়িত্বশীল আকারে দেওয়া দরকার। সেটা প্রত্যেক সংসদ সদস্যই গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন। দেশের প্রয়োজনে এবং জনসাধারণের প্রয়োজনের সেখানে আপনার বক্তব্যটা দিতে হবে। প্রথম অধিবেশনে বিরোধী দলকে পরামর্শ আকারে কিছু কথা বলেছি। এখন দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছেন। তারা দেশের বিভিন্ন এলাকায় সভা করেন। ম্যাচিউরড ও দেশপ্রেম নিয়ে যে কথাগুলো তুলে ধরা দরকার, তুলে আনা প্রয়োজন, তা তাদের সভায় উঠে আসছে না।'

তিনি বলেন, 'জামায়াতে ইসলামী এবং এনসিপির রাজনীতি থেকে দেশ কী পাবে, তারা কী দিচ্ছে কিংবা জনগণ কী আশা করতে পারে—এ বিষয়টি নবীন ও প্রবীণ সবাই বোঝেন। রাজনীতির সঙ্গে দেশপ্রেম, সমাজ ও দেশের ভবিষ্যৎ নিয়ে বাস্তবসম্মত চিন্তা এবং তা বাস্তবায়নের লক্ষ্য থাকা উচিত। সেখান থেকেই সেবা, সম্মান, শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা প্রকাশ পায়।'

আওয়ামী লীগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, '১৭ বছর আওয়ামী লীগের শাসন দেখে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এখন তাদের নিয়ে আলাদা করে বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে না। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে। আমরা আমাদের নেতাকর্মীদের বারবার স্মরণ করিয়ে দিই, আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, চাকরি দেওয়া থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ড—সেই একই পথে আমরা হাঁটলে মানুষ আমাদের কখনো বিশ্বাসের জায়গায় রাখবে না। জবাবদিহিতার ক্ষেত্রেও আমরা পিছিয়ে পড়ব।'

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরো বলেন, 'আমরা মনে করছি যুদ্ধ করতে করতে ব্যর্থ হচ্ছি, আর কত নিজেকে বিলিয়ে দিব? কিন্তু একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো পরাজিত হতে পারেন না, পিছপা হতে পারেন না। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের ও নবীন আইনজীবীদের পিছপা হওয়ার সুযোগ নেই।'

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানসহ অন্যান্য নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংলিশদের অন্তর্বর্তীকালিন দায়িত্বে রুট-ট্রেসকোথিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


ইংলিশদের অন্তর্বর্তীকালিন দায়িত্বে রুট-ট্রেসকোথিক

বর্তমানে ইংল্যান্ড ক্রিকেট দল টালমাটাল অবস্থায় রয়েছে। অ্যাশেজে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তারা টেস্ট সিরিজও হারিয়েছে।

অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকস আচমকা অবসরের ঘোষণাও দিয়েছেন। এছাড়া ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চার বছর দায়িত্ব পালনের পর টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককলামকে অব্যাহতি দিয়েছে।

আগামী ১৯ আগস্ট শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে রুটই টেস্ট অধিনায়ক হিসেবে পুনরায় থাকবে। কিন্তু কোচ হিসেবে অন্তবর্তীকালীন দায়িত্ব নিতে চলেছে সহকারী কোচ মার্ক ট্রেসকোথিক।

কোচিং পরিস্থিতি যখন আরো জটিল হয়ে ওঠে, তখন ইংল্যান্ডের প্রথম পছন্দ অ্যান্ডি ফ্লাওয়ার ম্যাককালামের স্থলাভিষিক্ত হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন। তিনি তাঁর ফ্র্যাঞ্চাইজি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

ইসিবি এ সপ্তাহে অন্যান্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছে, তবে কোচ নিয়োগের ক্ষেত্রে তারা তাড়াহুড়ো করতে চায় না। পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট সিরিজ এবং ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সঠিক ব্যক্তিকে দায়িত্বে প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট সময় তাদের হাতে রয়েছে।

‘দি অ্যাথলেটিক’ জানিয়েছে, পাকিস্তান সিরিজের আগে একজন কোচ নিয়োগের কিছুটা সম্ভাবনা এখনো রয়েছে। তবে সাবেক ইংলিশ ব্যাটসম্যান এবং দীর্ঘদিনের সহকারী কোচ ট্রেসকোথিক পাকিস্তান সিরিজে অন্তর্বতীকালীন কোচের দায়িত্ব পালন করতে পারেন, তা একপ্রকার নিশ্চিত।

এ ছাড়াও শুনা যাচ্ছে, এই পদের জন্য তার স্বদেশি গ্ল্যামারগানের কোচ রিচার্ড ডসনও ইসিবির ভালো বইয়ে রয়েছেন।

যদি ইসিবি কোচ হিসেবে কোনো ইংলিশম্যানকে নিয়োগ না দেয়, তাহলে টেস্ট দলের কোচ হিসেবে তাদের প্রথম পছন্দ হচ্ছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি

প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তন করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষাব্যবস্থায় সংস্কারের জন্য নতুন পদক্ষেপ নিয়েছেন। বিশ্বখ্যাত ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রযুক্তিবিদ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করার ঘোষণা দিয়েছেন তিনি।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এই তথ্য জানান মোদি। সেখানেই তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় কেন্দ্র সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তিনি উল্লেখ করেন, যারা পরীক্ষায় অনিয়ম করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা বর্তমানে কারাগারে রয়েছে।

আমরা ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করেছি এবং পাশাপাশি কঠোর আইনি বিধান সংযোজন করে নতুন আইন প্রণয়নের দিকে যাত্রা শুরু করেছি বলে জানান তিনি। তবে ভবিষ্যতের দিকে নজর দিতে হবে, এবং আমাদের পরীক্ষা ব্যবস্থা অবশ্যই হতে হবে নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর।

প্রধানমন্ত্রী বলেন, নন্দন নিলেকানির নেতৃত্বে গঠিত টাস্কফোর্সটি পরীক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য সুপারিশ করবে এবং ভবিষ্যতের পরীক্ষাগুলোর স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে কাজ করবে।

এদিকে, ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি (সিজেপি) টানা ৩৭ দিনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। সংগঠনটির দাবি, কেন্দ্র সরকার তাদের উত্থাপিত প্রধান দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার কারণে তারা ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে কর্মসূচি স্থগিত করতে রাজি হয়েছে।

নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে সংবাদ সম্মেলনে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং সরকার তাদের বাকি দাবিগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পরে সরকার নিট পরীক্ষার্থী আত্মহত্যাকারীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে।

সিজেপি জানিয়েছে, তারা শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদি সংস্কারের লক্ষ্যে পাঁচ দফা প্রস্তাব সরকারের কাছে জমা দিয়েছে। চার সপ্তাহ পরে এ বিষয়ে সরকারের সঙ্গে আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হবে।

সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, তাদের প্রধান দাবিগুলো নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। সুতরাং আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%