ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আ. লীগের পথে হাঁটলে জনগণের আস্থা হারাবে: পানিসম্পদ মন্ত্রী


আ. লীগের পথে হাঁটলে জনগণের আস্থা হারাবে: পানিসম্পদ মন্ত্রী

আওয়ামী লীগের শাসনামলের ধারাবাহিকতা অনুসরণ করলে মানুষ বিএনপিকে বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লক্ষ্মীপুর জেলা আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, 'পার্লামেন্টে বক্তব্যটা দায়িত্বশীল আকারে দেওয়া দরকার। সেটা প্রত্যেক সংসদ সদস্যই গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন। দেশের প্রয়োজনে এবং জনসাধারণের প্রয়োজনের সেখানে আপনার বক্তব্যটা দিতে হবে। প্রথম অধিবেশনে বিরোধী দলকে পরামর্শ আকারে কিছু কথা বলেছি। এখন দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছেন। তারা দেশের বিভিন্ন এলাকায় সভা করেন। ম্যাচিউরড ও দেশপ্রেম নিয়ে যে কথাগুলো তুলে ধরা দরকার, তুলে আনা প্রয়োজন, তা তাদের সভায় উঠে আসছে না।'

তিনি বলেন, 'জামায়াতে ইসলামী এবং এনসিপির রাজনীতি থেকে দেশ কী পাবে, তারা কী দিচ্ছে কিংবা জনগণ কী আশা করতে পারে—এ বিষয়টি নবীন ও প্রবীণ সবাই বোঝেন। রাজনীতির সঙ্গে দেশপ্রেম, সমাজ ও দেশের ভবিষ্যৎ নিয়ে বাস্তবসম্মত চিন্তা এবং তা বাস্তবায়নের লক্ষ্য থাকা উচিত। সেখান থেকেই সেবা, সম্মান, শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা প্রকাশ পায়।'

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

আওয়ামী লীগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, '১৭ বছর আওয়ামী লীগের শাসন দেখে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এখন তাদের নিয়ে আলাদা করে বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে না। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে। আমরা আমাদের নেতাকর্মীদের বারবার স্মরণ করিয়ে দিই, আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, চাকরি দেওয়া থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ড—সেই একই পথে আমরা হাঁটলে মানুষ আমাদের কখনো বিশ্বাসের জায়গায় রাখবে না। জবাবদিহিতার ক্ষেত্রেও আমরা পিছিয়ে পড়ব।'

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরো বলেন, 'আমরা মনে করছি যুদ্ধ করতে করতে ব্যর্থ হচ্ছি, আর কত নিজেকে বিলিয়ে দিব? কিন্তু একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো পরাজিত হতে পারেন না, পিছপা হতে পারেন না। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের ও নবীন আইনজীবীদের পিছপা হওয়ার সুযোগ নেই।'

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানসহ অন্যান্য নেতারা।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংলিশদের অন্তর্বর্তীকালিন দায়িত্বে রুট-ট্রেসকোথিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


ইংলিশদের অন্তর্বর্তীকালিন দায়িত্বে রুট-ট্রেসকোথিক

বর্তমানে ইংল্যান্ড ক্রিকেট দল টালমাটাল অবস্থায় রয়েছে। অ্যাশেজে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তারা টেস্ট সিরিজও হারিয়েছে।

অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকস আচমকা অবসরের ঘোষণাও দিয়েছেন। এছাড়া ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চার বছর দায়িত্ব পালনের পর টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককলামকে অব্যাহতি দিয়েছে।

আগামী ১৯ আগস্ট শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে রুটই টেস্ট অধিনায়ক হিসেবে পুনরায় থাকবে। কিন্তু কোচ হিসেবে অন্তবর্তীকালীন দায়িত্ব নিতে চলেছে সহকারী কোচ মার্ক ট্রেসকোথিক।

কোচিং পরিস্থিতি যখন আরো জটিল হয়ে ওঠে, তখন ইংল্যান্ডের প্রথম পছন্দ অ্যান্ডি ফ্লাওয়ার ম্যাককালামের স্থলাভিষিক্ত হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন। তিনি তাঁর ফ্র্যাঞ্চাইজি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

ইসিবি এ সপ্তাহে অন্যান্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছে, তবে কোচ নিয়োগের ক্ষেত্রে তারা তাড়াহুড়ো করতে চায় না। পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট সিরিজ এবং ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সঠিক ব্যক্তিকে দায়িত্বে প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট সময় তাদের হাতে রয়েছে।

‘দি অ্যাথলেটিক’ জানিয়েছে, পাকিস্তান সিরিজের আগে একজন কোচ নিয়োগের কিছুটা সম্ভাবনা এখনো রয়েছে। তবে সাবেক ইংলিশ ব্যাটসম্যান এবং দীর্ঘদিনের সহকারী কোচ ট্রেসকোথিক পাকিস্তান সিরিজে অন্তর্বতীকালীন কোচের দায়িত্ব পালন করতে পারেন, তা একপ্রকার নিশ্চিত।

এ ছাড়াও শুনা যাচ্ছে, এই পদের জন্য তার স্বদেশি গ্ল্যামারগানের কোচ রিচার্ড ডসনও ইসিবির ভালো বইয়ে রয়েছেন।

যদি ইসিবি কোচ হিসেবে কোনো ইংলিশম্যানকে নিয়োগ না দেয়, তাহলে টেস্ট দলের কোচ হিসেবে তাদের প্রথম পছন্দ হচ্ছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি

প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তন করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষাব্যবস্থায় সংস্কারের জন্য নতুন পদক্ষেপ নিয়েছেন। বিশ্বখ্যাত ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রযুক্তিবিদ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করার ঘোষণা দিয়েছেন তিনি।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এই তথ্য জানান মোদি। সেখানেই তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় কেন্দ্র সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তিনি উল্লেখ করেন, যারা পরীক্ষায় অনিয়ম করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা বর্তমানে কারাগারে রয়েছে।

আমরা ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করেছি এবং পাশাপাশি কঠোর আইনি বিধান সংযোজন করে নতুন আইন প্রণয়নের দিকে যাত্রা শুরু করেছি বলে জানান তিনি। তবে ভবিষ্যতের দিকে নজর দিতে হবে, এবং আমাদের পরীক্ষা ব্যবস্থা অবশ্যই হতে হবে নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর।

প্রধানমন্ত্রী বলেন, নন্দন নিলেকানির নেতৃত্বে গঠিত টাস্কফোর্সটি পরীক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য সুপারিশ করবে এবং ভবিষ্যতের পরীক্ষাগুলোর স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে কাজ করবে।

এদিকে, ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি (সিজেপি) টানা ৩৭ দিনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। সংগঠনটির দাবি, কেন্দ্র সরকার তাদের উত্থাপিত প্রধান দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার কারণে তারা ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে কর্মসূচি স্থগিত করতে রাজি হয়েছে।

নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে সংবাদ সম্মেলনে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং সরকার তাদের বাকি দাবিগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পরে সরকার নিট পরীক্ষার্থী আত্মহত্যাকারীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে।

সিজেপি জানিয়েছে, তারা শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদি সংস্কারের লক্ষ্যে পাঁচ দফা প্রস্তাব সরকারের কাছে জমা দিয়েছে। চার সপ্তাহ পরে এ বিষয়ে সরকারের সঙ্গে আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হবে।

সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, তাদের প্রধান দাবিগুলো নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। সুতরাং আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএনসিসি: কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


ডিএনসিসি: কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

জনকল্যাণের উদ্দেশ্যে 'কথা কম, কাজ বেশি' নীতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন পরিচালিত হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি এসময় জানান, মানুষ যেন পুনরায় বিএনপির প্রতি আস্থা রাখতে পারে, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

রবিবার, ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করার সময় শফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক টানা কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে উন্নয়ন কাজ কিছুটা বিঘ্নিত হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে, তিনি এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেছেন।

তিনি আরও যোগ করেন, সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা করে দ্রুততম সময়ে উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।

পরিদর্শনের সময় বাংলাদেশি সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের সমাপনী আয়োজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের সমাপনী আয়োজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ১০ম বিশ্ববিদ্যালয় দিবসের দ্বিতীয় ও শেষ দিনের কর্মসূচি আজ রবিবার (২৬ জুলাই) উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ সকাল ৯:০০টায় বিশ্ববিদ্যালয় দিবসের শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ গিয়ে শেষ হয়। পরে বেলুন উড্ডয়ন এবং জাতীয় সংগীতের মাধ্যমে পরবর্তী অনুষ্ঠান শুরু হয়।

সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হয় নবীনবরণ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৬ প্রদান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩০ এর মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। স্বাগত বক্তব্য প্রদান করেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার সকল নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের প্রশংসাসহ ভবিষ্যৎ করনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতার চর্চা ও মানবিক গুনাবলী অর্জনের প্রতিও তিনি গুরুত্বারোপ করেন। উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের সকল নেতিবাচকতা পরিহার করে আত্মনিয়ন্ত্রণ এবং নিজেকে যোগ্য করে গড়ে তোলার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি উল্লেখ করেন যে, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মেধার অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজ অবস্থান তৈরী করে সমাজ ও দেশ গঠনে শিক্ষার্থীদের ভুমিকা রাখতে হবে। মাননীয় উপাচার্য মহোদয় উল্লেখ করেন যে, সফল মানুষদের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনের সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই স্বপ্ন পূরণে যথাযথভাবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন। এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয় দিবস আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সকল সম্মানিত অতিথিদের বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও আয়োজন সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বিশ্ববিদ্যালয় দিবস ও নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের জীবনে উচ্ছ্বাস-উদ্দীপনার পাশাপাশি গভীর পড়াশোনা ও কঠোর সংগ্রামের মানসিকতা রাখার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। এরপর তিনি ব্যক্তিগত জীবনে ফ্যাসিবাদের কঠোর আক্রোশের মধ্যেও নিজের পড়াশোনা ও নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য নিজের ত্যাগ ও কঠোর একাগ্রতার গল্প বলে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন এবং সেখান থেকে শিক্ষা গ্রহণের পরামর্শ দেন। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের হাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৬ তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গতকাল শনিবার (২৫ জুলাই) রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের প্রথম দিনের অনুষ্ঠান নানান আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%