ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভিন্নমত দমনের সংস্কৃতি গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিপন্থি: শিক্ষক নেটওয়ার্ক


ভিন্নমত দমনের সংস্কৃতি গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিপন্থি: শিক্ষক নেটওয়ার্ক

ভিন্নমত দমনের সংস্কৃতিকে গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিপন্থী হিসেবে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক শিক্ষাঙ্গন ও জাতীয় ক্ষেত্রে দ্রুত সহিষ্ণু গণতান্ত্রিক পরিসর নিশ্চিত করার দাবি জানিয়েছে। সংগঠনটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর সাইবার আক্রমণ, হেনস্তা, মববাজি ও দায়িত্ব থেকে অপসারণের ঘটনার নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রেস টিমের মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বিচার, মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতা—এই তিনটি দ্বন্দ্বের সমন্বয় সাধন বাংলাদেশের জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক সহিষ্ণুতা প্রতিষ্ঠার জন্য একদিকে জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার ও সাজা নিশ্চিত করা প্রয়োজন, অন্যদিকে বিবদমান সব পক্ষের মধ্যে দ্রুত রাজনৈতিক মীমাংসা (রিকনসিলিয়েশন) জরুরি। অন্যথায়, জাতীয় রাজনীতিতে চলমান পরিস্থিতি রাষ্ট্রের জন্য এক অব্যাহত ঝুঁকির কারণ হয়ে উঠবে।

আরও পড়ুন: স্পিকার: হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইসিজের সাহায্য নেওয়া হতে পারে

নির্বাহী আদেশে একটি বড় রাজনৈতিক বর্গকে নিষিদ্ধ করে রাখা, গণহারে মামলা ও গ্রেপ্তার-বাণিজ্য এবং জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের পরিক্রমা থেকে বিচ্যুত হয়ে শুধুমাত্র একটি দলকে চিরতরে নিষিদ্ধের জন্য সংবিধান সংশোধনের হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। অন্যদিকে, জুলাই ও পূর্ববর্তী অপরাধের জন্য ক্ষমা চাওয়ার পরিবর্তে নিষিদ্ধ থাকার সুযোগ নিয়ে প্রথাগত সন্ত্রাসবাদের পথ গ্রহণের আওয়ামী পন্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকায় রাষ্ট্র ও জনগণকে সীমাহীন সংঘাত থেকে রক্ষা করার সর্বোচ্চ দায় তাদের। কিন্তু জুলাই-পরবর্তী প্রথম নির্বাচিত সরকারের আমলেও গণতান্ত্রিক সহিষ্ণুতার পথে প্রবেশ করা সম্ভব হয়নি। সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন বা অংশগ্রহণ না করলে যেকোনো রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার সবার রয়েছে উল্লেখ করে সংগঠনটি জানায়, বাংলাদেশে আবারও ট্যাগিংয়ের রাজনীতির প্রত্যাবর্তন ঘটেছে। বিগত অন্তর্বর্তী সরকারের আমল থেকেই বহু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ‘আওয়ামী ট্যাগ’ দিয়ে মব করে লাঞ্ছিত করা, তালিকা তৈরি এবং ক্লাস-পরীক্ষায় অবাঞ্ছিত করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আক্রমণ ও অগ্নিসংযোগের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, হয়রানি, সাইবার বুলিং ও দায়িত্ব থেকে অপসারণের ঘটনা ঘটছে বলে জানায় শিক্ষক নেটওয়ার্ক।

বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের ওপর আক্রমণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার টক শোর বক্তব্য খণ্ডিত করে তাকে ও তার পরিবারকে সাইবার বুলিং, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আলোচনা থেকে বাদ দেওয়া এবং কয়েকটি ছাত্রসংগঠনের চাপে জাবিতে দায়িত্ব থেকে অপসারণের ঘটনা তুলে ধরা হয়।

আরও পড়ুন: ভৈরবে বাস খাদে, ১৯ শিবির কর্মী আহত

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দলের সদস্যদের তালিকা তৈরি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সূত্রে জাবির অধ্যাপক আনিছা পারভীন জলির ওপর সাইবার আক্রমণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক আনু মুহাম্মদ ও অধ্যাপক সামিনা লুৎফাকে আক্রমণের সমালোচনা করা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আর নাসরীন, কামরুল হাসান মামুন, তানজীমউদ্দীন খান, কাজী শেহরীন ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ-আল মামুনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর নিয়মিত সাইবার আক্রমণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

দ্বন্দ্ব-সংঘাত, মামলা-হামলা, ট্যাগিং ও অপসারণের রাজনীতি কোনো রাষ্ট্রের পথ হতে পারে না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, অনতিবিলম্বে জুলাই-কেন্দ্রিক ঘটনাবলীর বিচার, মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতার পথনকশা বাস্তবায়নই রাষ্ট্রকে শান্ত করতে পারে। সব মত-পথের সমন্বয়ে দেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশের পূর্ণ বিকাশের দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে বাস খাদে, ১৯ শিবির কর্মী আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


ভৈরবে বাস খাদে, ১৯ শিবির কর্মী আহত

কিশোরগঞ্জের ভৈরবে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২টার পর ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর এলাকায় ব্রহ্মপুত্র সেতুর ঢালে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, আহত সকলেই যশোর এমএম কলেজের ছাত্রশিবির কর্মী।

পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় যশোর এমএম কলেজের ৪৫ থেকে ৫০ জন ছাত্রশিবির কর্মী নড়াইল এক্সপ্রেসের একটি বাসে করে সিলেটের জাফলংয়ে আনন্দ ভ্রমণে গিয়েছিলেন। আনন্দ ভ্রমণ শেষে শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে যশোরের দিকে যাত্রা শুরু করে বাসটি। রাত ২টার পর ভৈরবের জগন্নাথপুরে ব্রহ্মপুত্র সেতুতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ১৯ যাত্রী আহত হন।

ভৈরব হাইওয়ে পুলিশের টহল দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অন্যরা তিনটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় চলে যান।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদের মধ্যে চারজনের আঘাত গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই ছাত্রশিবির কর্মী; তারা আনন্দ ভ্রমণ শেষে যশোরে ফিরছিলেন। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকার: হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইসিজের সাহায্য নেওয়া হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


স্পিকার: হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইসিজের সাহায্য নেওয়া হতে পারে

ভারতের মাটিতে পলাতক থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সহায়তা নেওয়ার বিষয়ে বাংলাদেশ চিন্তা করতে পারে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ মন্তব্য করেছেন।

এই বক্তব্য তিনি পাকিস্তানে ছয় দিনের সফরের সময় দেন। এ সময় তিনি আরো উল্লেখ করেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন, তাহলে তাকে সরাসরি কারাগারে যেতে হবে। বৃহস্পতিবার বিবিসি উর্দুর মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে।

২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের ফলে ৭৯ বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে ঢাকা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে আসছে। ভারত বাংলাদেশ থেকে পাঠানো প্রত্যর্পণের অনুরোধের বিষয়টি নিশ্চিত করেছে, তবে এ সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। ভারত বলেছে, তারা প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করছে।

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য ঘোষণা আগামী ১৬ ডিসেম্বরের প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেন। তিনি বলেন, এই ধরনের ঘোষণা তার সমর্থকদের উজ্জীবিত রাখার জন্য দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনা দেশে ফিরবেন না।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার আলো পৌঁছে দিতে পারিনি: ড. সলিমুল্লাহ খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


শিক্ষার আলো পৌঁছে দিতে পারিনি: ড. সলিমুল্লাহ খান

‘সবার জন্য শিক্ষা’ স্লোগান প্রচারিত হলেও বাস্তবে দেশের প্রতিটি মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছানো সম্ভব হয়নি বলেই মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট গবেষক, চিন্তক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

তিনি উল্লেখ করেছেন, ‘আপনারা যদি মনে করেন, বিদেশি কোনো ভাষাকে শিক্ষার মাধ্যম করে পুরো দেশের মানুষকে শিক্ষিত করে তুলবেন, তাহলে সেই স্বপ্ন আগামী পাঁচশো বছরেও পূরণ হবে না। অনেকগুলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেয়ে অনেক বেশি প্রয়োজন প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা।’

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই কনফারেন্সটি আইআইইউসি’র কলা ও মানবিক অনুষদের উদ্যোগে এবং গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় আয়োজন করা হয়।

ড. সলিমুল্লাহ খান আরও বলেন, ‘আমরা শিক্ষার মানও চাই, আবার শিক্ষার প্রসারও চাই। কিন্তু আমরা মান ও সংখ্যার মধ্যে কৃত্রিম একটি বিরোধ তৈরি করছি। আমরা মনে করছি, শিক্ষার প্রকৃত মান উন্নত করতে হলে অবশ্যই ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা দিতে হবে। সমাজের সংস্কৃতি, সাহিত্য ও ভাষার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের একটি পরোক্ষ অবদান রয়েছে। মূলত এই সম্মেলনের বিষয়বস্তুও ভাষা, সাহিত্য ও মানবজাতির ভবিষ্যৎ। এখন সময় এসেছে বিষয়টি নিয়ে নতুন করে ভাবার এবং প্রয়োজনে পুরোনো ধারণাগুলো পুনর্বিবেচনা করার।’

তিনি উল্লেখ করেন, সংখ্যার দিক থেকে ডিগ্রি অর্জন এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এলেও বাঙালি মুসলমানদের অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তাদের মানসিকতা এখনো আগের মতোই রয়ে গেছে। বাংলায় মুসলমানদের নিজস্ব সংস্কৃতি কী হতে পারে, সেটিও ভুলে গেলে চলবে না। বর্তমান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নামকরণের সমালোচনা করে তিনি বলেন, হাতে গোনা কয়েকটি ব্যতিক্রম (যেমন—ডা. জাফরুল্লাহ প্রতিষ্ঠিত গণবিশ্ববিদ্যালয়) ছাড়া প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামই ইংরেজিতে রাখা হচ্ছে।

এই ভূখণ্ডের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে, যা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো অতীতের সঙ্গে বর্তমানের তুলনা করা।

অনুষ্ঠানে আইআইইউসি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামীম উদ্দিন খান, বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আহমেদ বশির, ইন্দোনেশিয়ার ইউআইএন শরীফ হিদায়াতুল্লাহ জাকার্তার ড. হাসনুল ইনসানি দোহার, আইআইইউসি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব.)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে সংঘর্ষের সুযোগে পাঁচ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট, ক্ষতি কোটি টাকার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


কালকিনিতে সংঘর্ষের সুযোগে পাঁচ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট, ক্ষতি কোটি টাকার

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর রাতের আঁধারে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টার পর উপজেলার অন্তত তিনটি পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। পাঁচটি বাড়ি থেকে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় এক কোটি টাকার সম্পদ লুট করা হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ ছাড়া একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার পর কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা রাতভর ঘটনাস্থলে অবস্থান করেন।

তবে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকার সুযোগে দুর্বৃত্তরা উপজেলার বিভিন্ন এলাকায় হামলা ও লুটপাট চালায় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের শিকারমঙ্গল বাজার-সংলগ্ন ব্যবসায়ী জামাল রাঢ়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বাড়ি থেকে নগদ টাকা ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।ভেঙে ফেলা হয়েছে নতুন মোটরসাইকেল।

অন্যদিকে কালকিনি পৌরসভার ঠেঙ্গামারা এলাকায় অন্তত তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বাড়িগুলো থেকে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় ৭০ লাখ টাকার সম্পদ লুট করা হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। এ সময় বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এ ছাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ইলিয়াস বালির ভাঙারির ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক।

সব মিলিয়ে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক দুই পক্ষের সংঘর্ষের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা না থাকলেও সাধারণ মানুষকে এভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে। হামলা ও লুটপাটের শিকার পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি নিরাপত্তার অভাবে অনেকেই থানায় অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না। তাঁদের আশঙ্কা, অভিযোগ করতে গেলে আবারও হামলার শিকার হতে পারেন।

এদিকে রাজনৈতিক সংঘর্ষের জেরে সাধারণ মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রশ্ন, রাজনৈতিক সংঘর্ষের বাইরে থাকা সাধারণ মানুষের জানমাল রক্ষার দায়িত্ব কে নেবে এবং তাঁদের ক্ষয়ক্ষতির দায়ভারই বা কে বহন করবে?

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ বলেন, “ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%