০৩:৫৩ এম
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার (১৭ জুলাই) প্রাক-খুতবায় ধর্মীয় আলোচনা করবেন উপমহাদেশের নামকরা আলেম এবং মুসলিম বিশ্বের একজন পরিচিত ইসলামী চিন্তাবিদ আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।
বৃহস্পতিবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম।
এতে উল্লেখ করা হয়, আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বর্তমানে বাংলাদেশে ১১ দিনের দাওয়াতি ও শিক্ষাবিষয়ক সফরে অবস্থান করছেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে ইসলামী আলেম প্রতিনিধিদলের সাক্ষাৎ, ফ্যাসিবাদী শাসনের স্মৃতি স্মরণ
এই সফরের অধীনে ১৭ জুলাই রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পূর্বে প্রাক-খুতবায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। ইসলামী চিন্তা, সমকালীন বিশ্বে মুসলিম সমাজের চ্যালেঞ্জ, জ্ঞানচর্চা, দাওয়াহ এবং উম্মাহর ভবিষ্যৎ করণীয় বিষয়ে তার আলোচনা হবে বলে জানা গেছে।
১৯৫৫ সালে ভারতের লখনৌতে জন্মগ্রহণ করা আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী উপমহাদেশের অন্যতম শীর্ষ ইসলামী চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ ও লেখক। তিনি ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া, তিনি মুম্বাইভিত্তিক ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এবং জামিআ দারুল উলুম ইমামে রব্বানী, ভারতের পরিচালক হিসেবে ইসলামী শিক্ষা ও গবেষণার খেদমতে নিয়োজিত রয়েছেন।
দারুল উলুম নদওয়াতুল উলামা, দারুল উলুম দেওবন্দ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার কৃতী শিক্ষার্থী আল্লামা সাজ্জাদ নোমানী কুরআন, হাদিস, ইসলামী চিন্তাধারা ও সমসাময়িক বিষয়াবলীতে গভীর গবেষণা ও প্রজ্ঞার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে প্রশংসিত।
আরও পড়ুন: আল্লাহর নামের মাধ্যমে দোয়া করলে কবুলের আশা
আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় সমান পারদর্শী এই গবেষক-আলেম ইসলামী শিক্ষা, গবেষণা, দাওয়াহ, সামাজিক সম্প্রীতি এবং মুসলিম সমাজের অধিকার ও কল্যাণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন