বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩৫ পি.এম
দেশের রপ্তানি বাণিজ্যকে সম্প্রসারিত করার এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রচার বাড়ানোর উদ্দেশ্যে আগামী ১৭ নভেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’। রাজধানীর পূর্বাচল নতুন শহরে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনীর আয়োজন করা হবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এতে দেশি ও বিদেশি ক্রেতা, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
এক্সপো উপলক্ষে আগামী ১৮ নভেম্বর সকাল সাড়ে ১১টায় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসানও উপস্থিত থাকবেন।
ইপিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এক্সপোর আয়োজন, প্রস্তুতি এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত তথ্য প্রদান করা হবে। পাশাপাশি প্রদর্শনীটির প্রচার ও প্রসারে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন ক্রেতা ও ব্যবসায়িক যোগাযোগ তৈরি এবং রপ্তানি বাণিজ্যের নতুন সুযোগ অনুসন্ধানে এ ধরনের প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী ১১ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা বক্তব্য দেন। প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার। অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত অধ্যাপক ড. সিতারা পারভীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি উল্লেখ করেন, সিতারা পারভীন ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন সৎ, আন্তরিক ও নিবেদিতপ্রাণ শিক্ষক এবং গবেষক। এই পুরস্কার শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করবে এবং তাদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে সহায়তা করবে।
এ সময় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, প্রয়াত অধ্যাপকের আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করে সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য।
এ বছর পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন তাশাহুদ আহমেদ রাফিম, অর্জিতা সূত্রধর, মো. আকতারুল ইসলাম, মো. তাহমিদুল আলম, নওশীন মুশতারী, সাদিয়া পারভীন অর্পা, সাদিয়া রহমান, সানজানা জেবিন ছোঁয়া, মো. ফাহিম হাসান মাহদী, অনুস্কা ব্যানার্জী এবং আলী হাসান ওয়াহিদ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সিতারা পারভীন ছিলেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা এবং একই বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী। ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। গুরুতর রক্তক্ষরণ ও একাধিক শারীরিক জটিলতার কারণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক।
এরশাদুল হক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কিডনি সমস্যার পাশাপাশি সম্প্রতি সাহেদ স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণের শিকার হয়েছেন। এর ফলে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটে চলেছে। সর্বশেষ গুরুতর রক্তক্ষরণ শুরু হলে তাকে কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় রাখা হয়।
একজন চিকিৎসকের বরাত দিয়ে এরশাদুল হক জানান, সাহেদ কিডনির জটিলতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসের কারণে লিভারে প্রদাহে ভুগছেন। অস্বাভাবিক রক্তক্ষরণ তার শারীরিক পরিস্থিতিকে আরো সংকটাপন্ন করে তুলেছে। একাধিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় চিকিৎসা কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে। হাসপাতালের একজন চিকিৎসক কৃত্রিম শ্বাসযন্ত্রে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাহেদকে চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে। এরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার স্ট্রোক হয়, এরপর থেকে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। তিনি ফিসফিস করে ও ইশারায় মনের ভাব প্রকাশের চেষ্টা করছিলেন। এর মধ্যে পরীক্ষায় ডেঙ্গুও শনাক্ত হয়।
শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ৩১ অক্টোবর শেখ সাহেদকে অন্য একটি হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে আইসিইউতে নেওয়া হয়। সে সময় ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত ফিস্টুলায় রক্ত জমাট বাঁধাসহ আরো কিছু জটিলতা দেখা দিয়েছিল বলে জানান এরশাদুল হক।
অসুস্থতার কারণে সাহেদের দীর্ঘদিনের সংগীত আয়োজনও থেমে গেছে। ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংগ্রহের জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা ছিল। এ উপলক্ষে গত ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা থাকলেও শিল্পীর অসুস্থতার কারণে তা বাতিল করা হয়েছে।
এরশাদুল হক জানিয়েছেন, অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য সাহেদের দিল্লি যাওয়ার প্রস্তুতি ছিল। এ জন্য কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে।
শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করছেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিত এই শিল্পীর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তার প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরো পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।
সাহেদের সুস্থতার জন্য পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন এরশাদুল হক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়িবহরে সশস্ত্র ব্যক্তিদের দ্বারা অতর্কিত হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে পুলিশের সঙ্গে কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধে অন্তত ১০ পুলিশ সদস্য এবং ১৮ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। মোট ২৮ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ফয়সাল খান জানিয়েছেন, বুধবার আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এই হামলার ঘটনা ঘটে। কোহাটের নিকটবর্তী একটি এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে অভিযান শেষে ফেরার পথে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়।
তিনি আরও জানান, নিহত ১০ পুলিশ সদস্যের মধ্যে দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে কয়েক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। ঘটনার কয়েক ঘণ্টা পর পাকিস্তানি তালেবান হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি দেয়।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত এই গোষ্ঠী সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বৃদ্ধি করেছে। খাইবার পাখতুনখোয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, পরবর্তী বন্দুকযুদ্ধে ১৮ জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সরকার পাকিস্তানি তালেবান সদস্যদের বোঝাতে ‘খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে।
পুলিশের দাবি, অপরাধী চক্রের সঙ্গে যোগসাজশ করে সশস্ত্র ব্যক্তিরা এই হামলা চালিয়েছে। তাদের ভাষ্য, অবৈধ স্বর্ণ উত্তোলনের সঙ্গে জড়িত অপরাধী চক্রের সঙ্গে পাকিস্তানি তালেবানের যোগাযোগ রয়েছে। পুলিশ দাবি করেছে, বিদেশি শক্তির ইশারায় তারা একসঙ্গে কাজ করছে। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ তারা দেয়নি।
পুলিশ জানিয়েছে, জঙ্গি ও অপরাধী চক্রকে সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তারা ঘোষণা করেছে, কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ইসলামাবাদে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার নিন্দা জানিয়েছেন এবং নিহত পুলিশ কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব হামলার জন্য প্রধানত তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) দায়ী করা হয়। যদিও গোষ্ঠীটি আফগান তালেবান থেকে আলাদা, তারা তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। আফগান তালেবান ২০২১ সালে আফগানিস্তানে আবারও ক্ষমতায় ফিরে আসে।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপি সদস্যদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
ক্রমবর্ধমান সহিংসতার কারণে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে সম্পর্কের আরো অবনতি হয়েছে। গত বছর থেকে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে এবং সীমান্তবর্তী এলাকায় টিটিপির সম্ভাব্য গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার কলমাকান্দায় ধানক্ষেতে ইঁদুর মারা ফাঁদের তারে জড়িয়ে দস্তর আলী (৫৫) নামের কৃষকের মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার সীমান্ত এলাকা খারনৈ ইউনিয়নের আড়ালিয়া গৌরিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মারা যাওয়া দস্তর আলী ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র।
কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা জানিয়েছেন, দস্তর আলী নিজ বাড়ির সামনের জমিতে বীজতলা নষ্ট না করার জন্য বুধবার (১২ নভেম্বর) রাতে ইঁদুর মারার ফাঁদ পাতে। পরে মধ্যরাতে বিদ্যুৎ সংযোগ ঠিক রয়েছে কি-না দেখতে গিয়ে অসাবধানতাবশত নিজেই তারে জড়িয়ে পড়ে এবং জমিতেই তার মৃত্যু ঘটে।
এদিকে, বাড়ির লোকজন কাজে রয়েছে ভেবে ভোরের দিকে দেখতে যান। পরে ছেলে গিয়ে তাকে পড়ে থাকা অবস্থায় দেখে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ