ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পঞ্চগড়ে দ্বিতীয় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ


পঞ্চগড়ে দ্বিতীয় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

পঞ্চগড়, ৭ অক্টোবর, ২০২৬ : করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার খবর পেয়ে নদীর দুই পাড়ের বাসিন্দারা আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন। সদর উপজেলার মীরগড় এলাকায় এই সেতুর নির্মাণের বিষয়টি জানার পর স্থানীয়রা আজ বুধবার বিকেলে মিষ্টি বিতরণ করেন।

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। সেতুটি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে সদর উপজেলার মীরগড় সড়কের মীরগড় এলাকায় নির্মিত হবে। সেতুর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারিত হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।

নতুন সেতু নির্মাণ হলে নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমে যাবে। কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের জন্য যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে করতোয়া নদীর ওপর কাঠের সেতু দিয়ে দুই পাড়ের মানুষ ও যানবাহন চলাচল করে। সেতুটি ব্যবহার করতে গিয়ে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। প্রতিদিন পারাপার হতে ১০ টাকা করে দিতে হয়। কৃষকরা উৎপাদিত ফসল বাজারে নিতে এবং অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য উপজেলা ও জেলা সদরে নিতে সমস্যায় পড়েন। নতুন সেতু নির্মাণ হলে এসব ভোগান্তি অনেকটাই কমে যাবে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

সেতু নির্মাণের খবর পেয়ে বুধবার বিকেলে মীরগড় এলাকায় স্থানীয়রা একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করেন। এ সময় দুই পাড়ের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় বাসিন্দা জয় বলেন, "দীর্ঘদিন ধরে কাঠের সেতু দিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। বর্ষাকালে ও ভারী যানবাহন চলাচলের সময় বেশি সমস্যা হয়। নতুন সেতু নির্মাণের খবর আমাদের জন্য খুবই আনন্দের। সেতুটি হলে যাতায়াতের কষ্ট অনেকটাই কমে যাবে।"

আসিম উদ্দিন বলেন, "এই সেতু হলে কৃষিপণ্য সহজে বাজারে নেওয়া যাবে। পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের জন্য পঞ্চগড় শহরে যাতায়াতও সহজ হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় আমরা আনন্দিত।"

পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী বাসসকে জানান, মীরগড় এলাকায় দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে করতোয়া নদী পারাপারে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। একই সঙ্গে এ সড়কে যানবাহন চলাচল ও পণ্য পরিবহন আরও সহজ হবে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের প্রতিবাদী অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের প্রতিবাদী অবস্থান কর্মসূচি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত কর্মচারীরা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা আপগ্রেডেশন থেকে বঞ্চিত থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন। তারা বৈষম্য, প্রহসন এবং হয়রানির বিরুদ্ধে এ কর্মসূচি গ্রহণ করেন।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান করে কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। অবস্থানকারীরা জানিয়েছেন, পদোন্নতি বা আপগ্রেডেশন না দেওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

তৃতীয় শ্রেণির কর্মচারী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মো. মাহফুজার রহমান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত। কেউ ১০ বছর, কেউ সাত বছর ধরে পদোন্নতি পাননি। আমাদের নীতিমালা অনুযায়ী পাঁচ বছর পরপর আপগ্রেডেশন দেওয়ার কথা। কিন্তু প্রশাসনকে বারবার জানানোর পরও আমাদের আপগ্রেডেশন বোর্ডের আয়োজন করা হয়নি। এ জন্য আমরা উপাচার্য ও রেজিস্ট্রারকে চিঠি দিয়েছি। আমরা প্রথমে দুই ঘণ্টা করে অবস্থান করব। এরপর দাবি আদায় না হলে আমরা সবাই অনশনে যাব।”

গণিত বিভাগের সেমিনার সহকারী কাকলী বেগম জানান, তারা খুব অল্প টাকা বেতন পান। এই অল্প টাকায় পরিবার চালানো খুব কষ্টকর। এর ফলে বেশিরভাগ কর্মচারী ঋণে জর্জরিত। ঋণের বোঝা মাথায় নিয়ে ইতিমধ্যে অনেক কর্মচারী মারা গেছেন।

দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সেমিনার সহকারী মো. মনোয়ার হোসেন বলেন, যেখানে আমরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম বেতনভোগী এবং আমাদের সময়মতো আপগ্রেডেশন বা পদোন্নতি হলে আর্থিকভাবে কিছুটা উপকৃত হতাম। অথচ গত ১০ বছর ধরে কোনো আপগ্রেডেশন পাচ্ছি না। এতে করে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের যৌক্তিক দাবিদাওয়া মেনে নিয়ে আপগ্রেডেশন বা পদোন্নতি প্রদানের ব্যবস্থা গ্রহণ করুন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান বলেন, ইউজিসি থেকে সংবিধি করতে বলা হয়েছে। সেটির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নীতিমালা প্রণয়ন করে ইউজিসিতে পাঠাবে। সেটি পাস হলে কর্মচারীরা পদোন্নতি পাবেন।

উল্লেখ্য, পদোন্নতি-বঞ্চিত কর্মচারীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হুমায়ুন কবির সাগর, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রাফি আক্তার, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সেমিনার অ্যাটেনডেন্ট মোসা. ফারজানা বেগমসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ ১৬ বছর ভারতের আশীর্বাদে ক্ষমতায় : রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


আ.লীগ ১৬ বছর ভারতের আশীর্বাদে ক্ষমতায় : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ১৬ বছর ধরে ক্ষমতায় টিকে থাকার পেছনে ভারতের আশীর্বাদ রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ১৬ বছর ভারত আশীর্বাদপুষ্ট হয়ে সরকারে ছিল এবং বর্তমানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ভারতে বসে চক্রান্ত করছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বক্তব্য দেন।

রাশেদ খাঁন উল্লেখ করেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ১৬ বছরের শাসনের সময় সনাতন ধর্মাবলম্বীদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে, মন্দিরে হামলা হয়েছে এবং এসব ছিল একটি পরিকল্পনার অংশ। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, তাহলে সনাতন ধর্মের মানুষ বেশি নিপীড়নের শিকার হবে। ফলে আওয়ামী লীগকে অবৈধ ক্ষমতায় সমর্থন দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছে এবং এই সরকারের সময়ে প্রথমবারের মতো শারদীয় দুর্গোৎসব পালিত হতে যাচ্ছে। রাশেদ খাঁন জানান, বিভিন্ন জায়গা থেকে তথ্য এসেছে যে, আওয়ামী লীগ দুর্গোৎসবকে কেন্দ্র করে একটি চক্রান্ত করবে এবং ভারতকে বোঝাবে যে, আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাই সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন হচ্ছে।

রাশেদ খাঁন বলেন, দুর্গাপূজা সুন্দরভাবে পালিত হওয়ার জন্য বিএনপি সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা রয়েছে যাতে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের চক্রান্ত না হয়।

ভারতীয় গণমাধ্যমের প্রসঙ্গ টেনে রাশেদ বলেন, ভারতীয় মিডিয়া কিভাবে গুজব রটায় তা সকলের জানা। তিনি উল্লেখ করেন, একজন মুসলমানের ওপর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ভারতীয় মিডিয়া প্রচার করে যে, সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চলছে। প্রকৃতপক্ষে বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে এবং একতাবদ্ধভাবে জীবনযাপন করছে। তিনি বলেন, এটি অনেকের পছন্দ নয়। বিশেষ করে আওয়ামী লীগ একটি চক্রান্ত করেছে যে, কিভাবে সনাতন ধর্মের দুর্গোৎসবকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি করা যায়। তিনি আশা প্রকাশ করেন যে, তারা সেই অরাজকতা সৃষ্টি করতে পারবে না এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সকলের পাশে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জকসুর উদ্যোগে জবিতে শুরু হলো ক্যালিগ্রাফি প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


জকসুর উদ্যোগে জবিতে শুরু হলো ক্যালিগ্রাফি প্রদর্শনী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে ‘নূরুস সীরাহ’ শীর্ষক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী, যা সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), যেখানে জবি ছাড়াও দেশের বিভিন্ন স্থানের প্রতিযোগীদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এই আয়োজনের সূচনা হয়। প্রদর্শনীর প্রথম দিনে বিভিন্ন প্রতিযোগীদের ক্যালিগ্রাফি প্রদর্শিত হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম আরটিভিকে জানান, "ক্যালিগ্রাফির মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও নান্দনিকতাকে শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি।" তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানান।

জকসুর কার্যনির্বাহী সদস্য ফাতেমা আওরীন জানান, "এ আয়োজনে অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন।" তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ এবং ইসলামের সৌন্দর্যকে শিল্পের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য।

প্রদর্শনী দেখতে এসে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তফা শরীয়তুল্লাহ মন্তব্য করেন, ‘ক্যালিগ্রাফিগুলো অত্যন্ত সুন্দর ও অর্থবহ। জকসুর এ ধরনের ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এমন আয়োজন আরও হবে বলে আশা করছি।’

উল্লেখ্য, গত ২৫ আগস্ট জকসুর অফিসিয়াল ফেসবুক পেজে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর ঘোষণা দেওয়া হয়। প্রতিযোগিতায় সেরা তিনজনের জন্য রয়েছে সম্মানী, আকর্ষণীয় পুরস্কার ও সীরাতগ্রন্থ। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে দেওয়া হবে সম্মাননা সনদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক

শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করায় বিশেষ সম্মাননা পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। অর্জিত এ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বুধবার বিকালে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অংশীজন সম্মিলন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সম্মাননা হিসেবে পাওয়া ক্রেস্ট ও সনদ উন্মোচন করা হয়।

মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে নাগরিক সেবা সহজ, দ্রুত ও কার্যকর করার পাশাপাশি নগর উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনে এ স্বীকৃতি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও উৎসাহিত করবে। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টদের পরিশ্রম এবং নগরবাসীর সহযোগিতার ফলেই এ অর্জন এসেছে।

তিনি বলেন, রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, বাসযোগ্য ও নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, প্রবীণ নাগরিকদের জন্য পার্ক, খেলার মাঠ ও ফুটসাল মাঠ উন্নয়ন এবং যানজট কমাতে অটোরিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার কাজ চলছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এ সময় রাসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন#

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%