ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

চিলি প্রতি বছর ৭ জানুয়ারি ফিলিস্তিনের সঙ্গে বন্ধুত্ব দিবস পালন করবে


চিলি প্রতি বছর ৭ জানুয়ারি ফিলিস্তিনের সঙ্গে বন্ধুত্ব দিবস পালন করবে

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ১৬ বছর পর, চিলি দেশটির সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ককে স্বীকৃতি দিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘চিলি-ফিলিস্তিন বন্ধুত্ব ও সংহতি দিবস’ উদ্‌যাপন করতে যাচ্ছে। নতুন আইন অনুসারে, ২০২৭ সালের ৭ জানুয়ারি দিবসটি উদ্‌যাপন করা হবে।

গত ২২ অক্টোবর চিলির সরকারি গেজেটে প্রকাশিত ২১ হাজার ৮৪৩ নম্বর আইনে প্রতি বছর ৭ জানুয়ারিকে চিলি ও ফিলিস্তিনের মধ্যে ‘বন্ধুত্ব ও সংহতি দিবস’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই দিবস পালনের মাধ্যমে দুই জনগণের দীর্ঘদিনের সম্পর্কের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি, ফিলিস্তিনি জনগণের মানবাধিকার সুরক্ষায় চিলির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার সুরক্ষাব্যবস্থার নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনটিতে ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুন: ডিজেল রপ্তানি বাড়াতে চায় ভারত, শোধনাগারগুলো সক্ষমতা বাড়াচ্ছে

আইনটিতে দুটি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম অনুচ্ছেদে প্রতি বছর ৭ জানুয়ারিকে চিলি ও ফিলিস্তিনের বন্ধুত্ব ও সংহতি দিবস হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। দ্বিতীয় অনুচ্ছেদে দুই জনগণের সম্পর্ক উদ্‌যাপনের জন্য স্মারক ও আনুষ্ঠানিক কর্মসূচি আয়োজনের সুযোগ রাখা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক নীতিমালা এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি চিলির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।

২০২৪ সালের জানুয়ারিতে প্রথম উত্থাপিত হয় আইনটির প্রস্তাব। পরবর্তী সময়ে এটি সিনেটে পাঠানো হলে সেখানে কয়েক দফা সংশোধনী আনা হয়। সিনেটে অনুমোদনের পর, চূড়ান্ত ভোটাভুটির জন্য প্রস্তাবটি আবারো চেম্বার অব ডেপুটিজে পাঠানো হয়। গত ২২ সেপ্টেম্বর সেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পায় প্রস্তাবটি। এর ফলে আইন হিসেবে কার্যকর হওয়ার পথ সুগম হয়।

সংসদীয় আলোচনায় আইনটির পক্ষে অবস্থান নিয়ে সিনেটর ভ্লাদো মিরোসেভিচ বলেছেন, ‘আমি এই বিলের পক্ষে ভোট দিয়েছি, কারণ এটি এমন একটি বিষয় নিয়ে কথা বলে, যা চিলির কাছে অপরিচিত নয়; বরং এটি আমাদের নিজেদের ও আমাদের ইতিহাসের কথা বলে।’

তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণ এবং তাদের বংশধরেরা চিলির শিল্প, সমাজ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একই সঙ্গে তারা নিজেদের পূর্বপুরুষের মাতৃভূমি ফিলিস্তিনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কও বজায় রেখেছেন।

আরও পড়ুন: ভারত মহাসাগরে ১৩ দিনের যৌথ মিশনে ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া

সিনেটর সের্হিও গাহোনাও আইনটিকে নিছক প্রতীকী উদ্যোগ হিসেবে দেখতে নারাজ। তিনি মন্তব্য করেন, ‘এই উদ্যোগের ওপর ভোট দেওয়া মানে শুধু ক্যালেন্ডারে একটি দিন নির্ধারণ করা নয়; বরং এমন একটি জনগণের গভীরভাবে স্বীকৃতি দেওয়া, যারা আমাদের দেশের আত্মার অবিচ্ছেদ্য অংশ।’

গাহোনার মতে, বেথলেহেম, বেইত জালা ও বেইত সাহুর থেকে আসা পরিবারগুলো চিলির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন এই আইন সেই অবদান এবং চিলির সমাজে ফিলিস্তিনি বংশোদ্ভূত জনগণের গভীর শিকড়ের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

আরএ

আরও পড়ুন: ভারতে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালাতে চায় জাপান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ইংল্যান্ডকে টপকে সপ্তম স্থানে আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ইংল্যান্ডকে টপকে সপ্তম স্থানে আফগানিস্তান

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে আফগানিস্তান ক্রিকেট দল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে অতিক্রম করে সপ্তম স্থানে পৌঁছেছে।

পাকিস্তানের মাটিতে এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুটি ত্রিদেশীয় সিরিজের ফলাফলের ভিত্তিতে ওয়ানডে র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

এখন পর্যন্ত চলমান ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ড দুটি ম্যাচ খেলে দুটিতেই পরাজিত হয়েছে। এর ফলে ইংলিশরা র‌্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে গিয়ে অষ্টম স্থানে নেমে গেছে।

অন্যদিকে, আরব আমিরাতে সদ্য শেষ হওয়া টুর্নামেন্টের লিগ পর্বে দুই ম্যাচ এবং ফাইনাল জিতে আফগানিস্তান র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করে সপ্তম স্থানে উঠে এসেছে। গত শুক্রবার শারজায় অনুষ্ঠিত ফাইনালে আফগানিস্তান জিম্বাবুয়েকে ৭ উইকেটে পরাজিত করে শিরোপা অর্জন করে।

ত্রিদেশীয় সিরিজে এক জয় নিয়ে ইংল্যান্ডের পতনের ফলে শ্রীলংকা এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে পৌঁছেছে।

র‌্যাংকিংয়ে তিন দলের রেটিং প্রায় সমান। শ্রীলংকার রেটিং ৯৫, আফগানিস্তানের ৯৪ এবং ইংল্যান্ডের রেটিং ৯৩।

আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পরাজিত হলেও জিম্বাবুয়ের রেটিংয়ে উন্নতি হয়েছে। যদিও তাদের র‌্যাংকিংয়ে পরিবর্তন হয়নি, তবে ২ রেটিং পয়েন্ট বেড়ে ৬৩ রেটিং পয়েন্ট নিয়ে তারা ১১তম স্থানে রয়েছে।

বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজে ভালো পারফরমেন্স করতে পারেনি। লিগ পর্বে দুই ম্যাচ হারিয়ে তারা ফাইনালে উঠতে ব্যর্থ হয়। এর ফলে টাইগাররা ২ রেটিং পয়েন্ট হারিয়েছে এবং বর্তমানে ৮১ রেটিং নিয়ে নবম স্থানে অবস্থান করছে।

র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে ভারত শীর্ষে রয়েছে। পরবর্তী চারটি স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড (১০৯ রেটিং), দক্ষিণ আফ্রিকা (১০৪ রেটিং), পাকিস্তান (১০৩ রেটিং) এবং অস্ট্রেলিয়া (১০২ রেটিং)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের সংকট, সেবা ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের সংকট, সেবা ব্যাহত

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুপাশে সারি সারি দেবদারু ও বাহারি ফুল গাছের মাঝখান দিয়ে পাকা সরু রাস্তা ধরে সামনে এগোলে চোখে পড়ে ফলদ ও বনজ বৃক্ষের উদ্যান। চারদিকে বহুতল ভবন, পশ্চিমে বাঁধানো ঘাটসহ বিশাল পুকুর ও মসজিদ এবং উত্তরে সারিবদ্ধ আবাসিক ভবন রয়েছে।

প্রথম দর্শনে যে কারও মনে হতে পারে এটি কোনো বিনোদনকেন্দ্র বা মনোরম রিসোর্ট। তবে প্রধান ফটকের বামে ঝোলানো জরুরি বিভাগের সাইনবোর্ড ও রোগীদের ভিড় দেখলেই সেই ভুল ভেঙে যাবে। এখানে হাওরবেষ্টিত কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা বলা হচ্ছে।

গত পাঁচ বছরে এই হাসপাতালের বাহ্যিক চিত্রের পরিবর্তন ঘটেছে। অত্যন্ত নান্দনিক পরিবেশ তৈরি করা হয়েছে। তবে পরিবেশের ব্যাপক উন্নয়ন ঘটলেও বর্তমানে চরম জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন কর্মরত চিকিৎসকেরা।

খোঁজ নিয়ে জানা যায়, ডা. শাফির প্রচেষ্টায় হাসপাতাল প্রতিষ্ঠার ৩৮ বছর পর ২০২২ সালে প্রথমবার এই হাওরাঞ্চলে বিনা মূল্যে প্রসূতিদের অস্ত্রোপচার (সিজার) চালু করা হয়। কিন্তু স্থায়ী অ্যানাস্থেসিয়া ও সার্জারি বিশেষজ্ঞ (শল্য চিকিৎসক) না থাকায় বর্তমানে নিয়মিত এই সিজারিয়ান কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৩১ জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে মাত্র ১২ জন কর্মরত আছেন। অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. মরিয়ম আক্তার এক বছরের বেশি সময় ধরে জেলা সদরে প্রেষণে কর্মরত রয়েছেন এবং নেই কোনো গাইনোকোলজিস্টও। একইভাবে ৩১ জন নার্স ও বয়ের মধ্যে কর্মরত আছেন ১৬ জন (যার মধ্যে ৩ জন প্রেষণে)। মাঠপর্যায়ে ২০ জন স্বাস্থ্য সহকারীর বিপরীতে কর্মরত আছেন ১১ জন (যার মধ্যে ২ জন সাময়িক বরখাস্ত)। এছাড়া একমাত্র স্বাস্থ্য পরিদর্শকের পদটিও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

এত সমস্যার মধ্যেও হাসপাতালটির নতুন ভবনের নিচতলায় কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য কেন্দ্র এবং দ্বিতীয় তলায় শিশুদের উপযোগী নান্দনিক ‘ডে-কেয়ার সেন্টার’ গড়ে তোলা হয়েছে। নানা রঙের খেলনা, পুতুল, দাবা বোর্ড ও রঙিন কাগজের ফুলের ব্যবহারে সাজানো মনমুগ্ধকর এই সেবাকেন্দ্রগুলো স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

পাশাপাশি বর্তমান এই কর্মকর্তার যোগদানের পর রোগীদের সুবিধার্থে ডিজিটাল এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাম ও জিন এক্সপার্ট ল্যাবরেটরিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র বাড়ানো হয়েছে। কিন্তু প্রয়োজনীয় কারিগরি টেকনিশিয়ান না থাকায় নিয়মিত এগুলোর সুফল মিলছে না।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, এই অপ্রতুলতার মধ্যেও প্রতি মাসে গড়ে চার থেকে পাঁচটি সিজার, পাঁচ শতাধিক ভর্তি রোগী, ১ হাজার জরুরি রোগী এবং প্রায় সাড়ে ৬ হাজার মানুষ বহির্বিভাগে সেবা নিচ্ছে। প্রায় সোয়া লাখ জনসংখ্যা অধ্যুষিত এই জনপদে পর্যাপ্ত চিকিৎসক ও টেকনোলজিস্ট না থাকায় বিপুল পরিমাণ রোগীকে সেবা দিতে গিয়ে প্রতিনিয়ত হাঁপিয়ে উঠছেন চিকিৎসকেরা। তাই শূন্য পদগুলোতে দ্রুত পদায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রোববার বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা ঘাগড়া ইউনিয়নের আমেনা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ, কম টাকায় ভালো চিকিৎসার আশায় এখানে আসি।’ কাটখাল ইউনিয়নের হোসেন আলী বলেন, ‘সরকারি হাসপাতালের পরিবেশ এত সুন্দর হতে পারে, তা অন্য কোথাও দেখিনি। টাকা ছাড়াও হাসপাতালে সিজার হয়, তা আমরা জানতাম না। সরকার যদি প্রয়োজনীয় জনবলের ব্যবস্থা করত, তাহলে আমাদের আর চিকিৎসার জন্য শহরে দৌড়াতে হতো না।’

এ বিষয়ে মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল শাফি বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী নিরলস কাজ করছি। জনবলসহ নানা সংকট সত্ত্বেও আমরা সর্বোচ্চ সেবা দিতে সচেষ্ট। সংকট কাটলে হাওরবাসীকে আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।’

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘হাওর অঞ্চলে কর্মকর্তাদের কিছুটা অনীহা রয়েছে। তবে এই সংকট থাকবে না, কারণ ইতিমধ্যে সরকার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে লোকবল নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। দ্রুত প্রসূতি সেবার প্রয়োজনীয় চিকিৎসক ও টেকনোলজিস্ট পদায়ন করা হবে।’

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের মুদ্রার বিনিময় হার প্রকাশিত হলো: ২৫ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


আজকের মুদ্রার বিনিময় হার প্রকাশিত হলো: ২৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্প্রসারিত হচ্ছে। দেশের কোটি কোটি মানুষ প্রবাসে অবস্থান করছেন। বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজকের (২৫ অক্টোবর, ২০২৬) মুদ্রার বিনিময় হার উপস্থাপন করা হলো।

বাংলাদেশ ব্যাংকের

তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের মুদ্রা বাজারে ডলার কেনার জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৩.৬৫ টাকা। বিক্রির জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৩.৭৫ টাকা। গড় বিনিময় হার ১২৩ টাকা ৬৩ পয়সা। ইউরোর ক্ষেত্রে কেনার মূল্য ১৩৮ টাকা ৫১ পয়সা এবং বিক্রির মূল্য ১৩৮ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

১৩৮.৬৪

৯৬.৬৮

৩২.৯৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অরুণাচলে বাঁধবিরোধী বিক্ষোভে উত্তাল, বিধায়কদের বাড়িতে লুটপাট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


অরুণাচলে বাঁধবিরোধী বিক্ষোভে উত্তাল, বিধায়কদের বাড়িতে লুটপাট

ভারতের অরুণাচল প্রদেশে সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে চলমান বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পাসিঘাটে বিক্ষোভকারীরা একটি সরকারি বিদ্যুৎ সংস্থা এনএইচপিসির অফিস ও একটি পুলিশ স্টেশনে অগ্নিসংযোগ করেছেন বলে পুলিশ জানায়। এ সময় রাজ্যের দুই বিধায়ক এবং বিজেপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

পূর্ব সিয়াং জেলার পাসিঘাটে সংঘটিত এই সহিংসতায় ৪০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন উপপুলিশ সুপারকে উন্নত চিকিৎসার জন্য আসামের ডিব্রুগড়ে পাঠানো হয়েছে। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাতে একজন বিক্ষোভকারীও আহত হন। শুক্রবার রাত থেকে শুরু হওয়া সহিংসতা শনিবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল।

প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্পের (এসইউএমপি) বিরোধিতায় শুক্রবার ১২ ঘণ্টার জন্য বন্ধের ডাক দিয়েছিল আদি বানে কেবাং ইউনাইটেডসহ কয়েকটি সংগঠন। বিকেল ৫টায় বন্ধ শেষ হওয়ার পরও বিক্ষোভ অব্যাহত ছিল। পরে ‘জেন জি’ নামে পরিচিত একটি যুবগোষ্ঠী পাসিঘাট-বোলেং মহাসড়ক অবরোধ করে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ২০০ থেকে ৩০০ জনের কয়েকটি দল পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দিকে পাথর নিক্ষেপ করে। এতে অন্তত নয়টি পুলিশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আহত নিরাপত্তাকর্মীদের চিকিৎসার জন্য যাওয়া একটি হাসপাতালে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সহিংসতার সময় পাসিঘাটের বিধায়ক ওনি পাংইয়াং এবং নিনং এরিংয়ের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। রাজ্য বিজেপি সভাপতি কালিং মোয়ংয়ের বাড়িতেও হামলা চালানো হয়। আদি বানে কেবাংয়ের অফিসও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পূর্ব সিয়াং জেলা প্রশাসন পাসিঘাট, মেবো ও রুকসিন এলাকায় জনসমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। প্রশাসনের নির্দেশে শনিবার বিকেল ৫টা থেকে এসব বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সহিংসতা ও সম্পত্তির ক্ষতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি প্রকল্প নিয়ে উদ্বেগ জানানো সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। তাঁর মন্তব্য, প্রকল্পের সম্ভাব্য সুবিধা ও নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করে সংশ্লিষ্টদের উদ্বেগের উত্তর দেওয়া যেতে পারে। তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%