শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৫২ এম
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের অভিনয়ে নির্মিত অ্যাটলির বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিনেমা ‘রাকা’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দীপিকা পাড়ুকোন ও রাশমিকা মান্দানার মতো তারকারা এতে অভিনয় করায় সিনেমাটি নিয়ে আগেই আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি নির্মাতারা একটি রহস্যময় টিজার প্রকাশ করার ফলে সেই আগ্রহ আরো বেড়ে গেছে।
টিজারে সিনেমার গল্প বা চরিত্র সম্পর্কে বিশেষ কিছু জানানো হয়নি। পোস্টের সঙ্গে লেখা রয়েছে, "বিশ্বজয়ী এক অভিজ্ঞতার সাক্ষী হতে প্রস্তুত হন।"
সিনেমাটির ট্যাগলাইনে উল্লেখ করা হয়েছে, "যা সম্ভব বলে মনে হয়েছিল, তারও বাইরে। আমরা কল্পনা করার সাহস করেছি। অর্জন করার সাহস করেছি। রাকা: বিশ্বজয়।"
এখন পর্যন্ত নির্মাতারা ‘রাকা’ সিনেমা সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেননি। সিনেমাটির শুটিং কোথায় হয়েছে এবং নির্মাণের ব্যাপ্তি সম্পর্কে কোনো তথ্য গোপন রাখা হয়েছে। ফলে, সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল আরো বেড়ে চলেছে।
‘রাকা’য় চার চরিত্রে আল্লু অর্জুন
জানা গেছে, ‘রাকা’ সিনেমায় আল্লু অর্জুনকে চারটি ভিন্ন চরিত্রে দেখা যেতে পারে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিনি দাদা, বাবা এবং দুই ছেলের চরিত্রে অভিনয় করবেন।
এছাড়া, সিনেমাটিতে দুটি প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের ধারণা তুলে ধরা হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। তবে এসব তথ্যের কোনোটিই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি নির্মাতারা।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুর।
বিজ্ঞান কল্পকাহিনি ও অ্যাকশনধর্মী এই সিনেমাটি প্রযোজনা করছে সান পিকচার্স। ‘রাকা’র মাধ্যমে আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলি প্রথমবার একসঙ্গে কাজ করছেন।
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৬৯১ টাকা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। ফলে, ভালো মানের স্বর্ণের নতুন দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর বাজুস সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল। ওই দিন ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বাজুস আরও জানিয়েছে, পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ থাকবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতোর একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সি হামলাকারীও রয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বানগা ন্যাশনাল হাইস্কুলে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১টার দিকে স্কুলে গুলির খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানা গেছে।
বানগা শহরের মেয়র আলবার্ট পালেনসিয়া রয়টার্সকে জানান, হামলাকারী গুলি চালানোর আগে বন্ধুদের বলেছিল, দুপুরের খাবারের পর সে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। তবে বন্ধুরা তার কথা গুরুত্ব দেয়নি।
মেয়র জানান, দুপুরের খাবারের পর ওই শিক্ষার্থী হঠাৎ গুলি চালাতে শুরু করে। এতে ১০ জন গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারী নিজেও আত্মহত্যা করে।
দক্ষিণ কোতাবাতোর গভর্নর রেইনালদো তামায়ো জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
চলতি বছরের জুনের পর এটি ফিলিপাইনের কোনো স্কুলে তৃতীয় প্রাণঘাতী বন্দুক হামলা। এর আগে আগস্টে জাম্বোয়াঙ্গায় এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে আরেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করে।
জুনে টাকলোবান শহরের একটি সরকারি উচ্চবিদ্যালয়ে দুই সহপাঠীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত এবং প্রায় ২০ জন আহত হয়।
পরপর এসব হামলার পর চলতি মাসের শুরুতে স্কুলের নিরাপত্তা জোরদারে দেশজুড়ে বিশেষ মহড়া চালানো হয়।
দক্ষিণ কোতাবাতোর গভর্নর আগ্নেয়াস্ত্র শিশু-কিশোরদের নাগালের বাইরে রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্র: মিন্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, সেজন্য বিএনপি কর্মীদের ঘরে ঘরে হাহাকার শুরু হয়ে গেছে। এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার। আমরা দেশকে সঠিক পথে আনার জন্যই লংমার্চ করছি। কোনো মুনাফেকের কথায় আপনারা বিপথগামী হবেন না।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
অলি আহমেদ বলেন, বিএনপির প্রতিটি কর্মীর ঘরে ঘরে আজ কান্নার রোল শুরু হয়ে গেছে। কারণ হলো—একসময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন অত্যন্ত শক্তিশালী নেতা ক্রুশ্চেভ। হঠাৎ যখন তার বিরুদ্ধে রাস্তায় সংগ্রাম শুরু হলো, তখন তার মা ঘরে জোরে জোরে কান্নাকাটি শুরু করলেন। কান্না কিছুতেই থামছে না দেখে সবাই এসে জানতে চাইল—পৃথিবীর এত বড় নেতার মা হয়ে আপনি কেন কাঁদছেন? তখন মা জবাব দিলেন, ওর ক্ষমতা চলে গেলে আমাদের কী অবস্থা হবে? এই মার্বেলের বাড়ি, বড় বড় গাড়ি আর ভালো খাবার—এসব আমরা আর কোথায় পাবো?
তিনি বলেন, ক্ষমতার থেকে চলে গেলে আজকে বিএনপির একই অবস্থা, চাঁদাবাদী বন্ধ হয়ে যাবে, সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে, মাস্তানি বন্ধ হয়ে যাবে। তারেকের যে সরকার এটা বিএনপির সরকার না, এটা হলো হাসিনার সরকার। তারেককেও সাবধান হতে হবে, দেশবাসীকেও সাবধান হতে হবে।
অলি আহমেদ আরও বলেন, আমরা এই রোড মার্চ করছি শুধু দেশকে সঠিক পথে আনার জন্য, কোনো ক্ষমতার লোভে নয়, ব্যক্তিগত কোনো লোভে নয়, ঐক্যবদ্ধভাবে থাকেন, বিপদগামী হবেন না। ফেসবুকে কে কি লিখলো, কোন মোনাফেক কি লিখলো, কোন বেইমান কি লিখলো, ভারতের দালালেরা কি লিখলো, সেটার দিকে গণ্ডপাত করবেন না। নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করা প্রয়োজন, তা ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ এবং এফ-১৫ যুদ্ধবিমানের যুগ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। এই মন্তব্যটি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের সপ্তম মাসে প্রবেশের প্রেক্ষাপটে এসেছে। খবরটি মেহের নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে গালিবাফ উল্লেখ করেন, ‘আপনাদের এফ-৩৫ ও এফ-১৫ যুদ্ধবিমান শিকার হওয়ার এবং ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রকাশ করার যুগ ইতোমধ্যেই শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যা একসময় কেবল দুঃস্বপ্ন বলে মনে হতো, এখন সেটাই প্রতিদিনের বাস্তবতা। এই বাস্তবতার সঙ্গেই আপনাদের বসবাস করতে হবে।’
গালিবাফের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের একটি বক্তব্যের পর আসে। বুধবার, কেইন স্বীকার করেন যে, মার্কিন বাহিনী এখন নতুন ধরনের যুদ্ধক্ষেত্রের বাস্তবতার মুখোমুখি হচ্ছে।
ড্যান কেইন বলেন, ‘এখন থেকে আমাদের ধরে নিতে হবে যে আমাদের সামরিক ইউনিটগুলো স্বয়ংক্রিয় বা স্বশাসিত ব্যবস্থার লক্ষ্যবস্তু হবে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জ্যামিংয়ের মুখে পড়বে এবং রিয়েল-টাইমে নজরদারির আওতায় থাকবে।’
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কয়েক মাসের সামরিক অভিযানের পর মার্কিন বাহিনীর ওপর চাপ বাড়ছে বলে বিভিন্ন মার্কিন সামরিক কর্মকর্তা ও প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এদিকে, পেন্টাগনের মহাপরিদর্শকের এক মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলায় শত শত ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এতে গুরুত্বপূর্ণ গোলাবারুদের ঘাটতিও তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে হামলার পরিপ্রেক্ষিতে অঞ্চলজুড়ে মার্কিন বাহিনীর কার্যক্রম পরিচালনার পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ