মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০২:১৬ পি.এম
ফিলিস্তিনিদের ভূখণ্ডে ইসরাইল প্রতিষ্ঠা এবং আরবদের সঙ্গে সংঘাতের পেছনের বাস্তবতা নিয়ে একসময় খোলামেলা মন্তব্য করেছিলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন। ইহুদি নেতা নাহুম গোল্ডম্যানের আত্মজীবনীমূলক বই দ্য জিউইশ প্যারাডক্সে তার বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ কথোপকথনের বিবরণ পাওয়া যায়। বইটিতে বেন গুরিয়নের নামে বলা হয়েছে, ‘আমরা তাদের দেশ নিয়ে নিয়েছি। তারা কেন আমাদের সঙ্গে শান্তি করবে?’
গোল্ডম্যানের বর্ণনা অনুযায়ী, ১৯৫৬ সালের এক রাতে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী বেন গুরিয়নের সঙ্গে ফিলিস্তিন ও আরবদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনায় বেন গুরিয়ন আরবদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে স্বীকার করেন যে, ইসরাইল প্রতিষ্ঠার ফলে আরবরা তাদের দেশ হারিয়েছে বলে মনে করে। তাই তাদের কাছ থেকে ইসরাইলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা করা কঠিন।
বিষয়টি উঠে এসেছে নাহুম গোল্ডম্যানের The Jewish Paradox: A Personal Memoir বইয়ে। বইটির ইংরেজি সংস্করণ ১৯৭৮ সালে লন্ডনের ওয়েইডেনফেল্ড অ্যান্ড নিকলসন প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এর আগে ১৯৭৬ সালে ফরাসি ভাষায় Le Paradoxe Juif নামে বইটি প্রকাশিত হয়েছিল।
কী বলেছিলেন বেন গুরিয়ন?
গোল্ডম্যানের বর্ণনা অনুযায়ী, ১৯৫৬ সালের এক গ্রীষ্মের রাতে বেন গুরিয়নের বাড়িতে বসে তারা আরব সমস্যা নিয়ে আলোচনা করছিলেন। রাত তিনটা পর্যন্ত চলা সেই কথোপকথনে বেন গুরিয়ন গোল্ডম্যানের আশাবাদ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আরবরা কেন ইসরাইলের সঙ্গে শান্তি করবে? যদি তিনি আরব নেতা হতেন, তাহলে নিজেও ইসরাইলের সঙ্গে কোনো চুক্তিতে যেতেন না। কারণ, আরবদের দৃষ্টিতে ইসরাইল তাদের দেশ দখল করেছে। ইহুদিদের কাছে ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি হলেও আরবদের কাছে সেই ধর্মীয় দাবি গ্রহণযোগ্য হওয়ার কথা নয়।
বেন গুরিয়নের বক্তব্য হিসেবে গোল্ডম্যান আরো লিখেছেন, ইহুদিরা দুই হাজার বছর আগে এই ভূখণ্ড থেকে এসেছিল—এ যুক্তি আরবদের কাছে কতটা গ্রহণযোগ্য হতে পারে, সেটিও প্রশ্ন। নাৎসি নিপীড়ন, হিটলার ও হলোকাস্টের দায় আরবদের নয়। আরবরা শুধু দেখছে, ইহুদিরা এসে তাদের দেশ নিয়ে নিয়েছে।
গোল্ডম্যানের বর্ণনায়, বেন গুরিয়ন এরপর বলেন, আরবরা হয়তো এক বা দুই প্রজন্ম পর বিষয়টি ভুলে যেতে পারে। কিন্তু আপাতত তাদের কাছ থেকে শান্তি আশা করা কঠিন। তাই ইসরাইলকে শক্তিশালী সেনাবাহিনী বজায় রাখতে হবে।
এই বক্তব্য শুনে গোল্ডম্যান বিস্মিত হয়েছিলেন বলে বইয়ে উল্লেখ করেছেন। তিনি বেন গুরিয়নকে প্রশ্ন করেন, এমন অনিশ্চয়তা ও আশঙ্কা নিয়ে তিনি কীভাবে রাতে ঘুমান, আবার একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন? জবাবে বেন গুরিয়ন বলেন, ‘কে বলেছে আমি ঘুমাই?’
কে ছিলেন নাহুম গোল্ডম্যান?
নাহুম গোল্ডম্যান ছিলেন আন্তর্জাতিক ইহুদি রাজনীতির অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি ওয়ার্ল্ড জিউইশ কংগ্রেসের প্রতিষ্ঠাতাদের একজন এবং দীর্ঘদিন সংগঠনটির নেতৃত্বে ছিলেন। ১৯৫৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি একই সঙ্গে ওয়ার্ল্ড জিউইশ কংগ্রেস ও ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশনের সভাপতি ছিলেন।
ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায়ও তার ভূমিকা ছিল। বইটির ভূমিকায় তাকে ফিলিস্তিন বিভাজন ও ইসরাইল প্রতিষ্ঠার অন্যতম স্থপতি হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ, তিনি ইসরাইল প্রতিষ্ঠার আন্দোলনের বাইরের কোনো পর্যবেক্ষক ছিলেন না; বরং সেই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।
তবে গোল্ডম্যান ও বেন গুরিয়নের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য ছিল। বিশেষ করে আরবদের সঙ্গে সম্পর্ক এবং শান্তি প্রতিষ্ঠার কৌশল নিয়ে তাদের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য দেখা যায়। গোল্ডম্যান মনে করতেন, আরবদের সঙ্গে সমঝোতা ছাড়া ইসরাইলের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ অনিশ্চিত থেকে যাবে।
বক্তব্যটির ঐতিহাসিক গুরুত্ব
বেন গুরিয়নের নামে উদ্ধৃত এই বক্তব্যের তাৎপর্য হলো, এতে ইসরাইল-আরব সংঘাতকে শুধু ধর্মীয় বা নিরাপত্তার প্রশ্ন হিসেবে নয়, ভূমি ও বাস্তুচ্যুতির দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করা হয়েছে। ফিলিস্তিনিদের কাছে ইসরাইল প্রতিষ্ঠার অর্থ ছিল নিজেদের ভূখণ্ড, বাড়িঘর ও স্বাভাবিক জীবন হারানোর অভিজ্ঞতা।
১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা ও আরব-ইসরায়েল যুদ্ধের সময় বিপুলসংখ্যক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন। ফিলিস্তিনিরা এই ঘটনাকে ‘নাকবা’ বা মহাবিপর্যয় হিসেবে অভিহিত করেন। তাদের কাছে এটি কেবল যুদ্ধের পরিণতি নয়, বরং নিজ ভূমি থেকে উচ্ছেদ ও শরণার্থী হওয়ার দীর্ঘ ইতিহাসের সূচনা।
গোল্ডম্যানের বইয়ে বর্ণিত কথোপকথন সেই বাস্তবতার একটি রাজনৈতিক স্বীকৃতি হিসেবে আলোচিত হয়ে আসছে। বিশেষ করে বেন গুরিয়নের মতো ইসরাইল প্রতিষ্ঠার প্রধান নেতার নামে এমন বক্তব্য উদ্ধৃত হওয়ায় এটি ফিলিস্তিন প্রশ্নে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আলোচনার অংশ হয়ে উঠেছে।
সূত্র: The Jewish Paradox, জাতিসংঘ সাধারণ পরিষদ, CAMERA, PALCIT ও জেরুজালেম পোস্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার মান উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয়।
তিনি মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সমার্তন উপলক্ষে প্রদত্ত বক্তৃতায় এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, ২০২৪ সালে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। তাদের অবদান আমাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মির্জা ফখরুল বলেন, বিগত দেড় দশকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ব্যবস্থাও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। বিশ্ববিদ্যালয় খোলার ক্ষেত্রে কোনো ধরনের বাছ-বিচার করা হয়নি। এসব মানহীন প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে, যা সম্ভাবনাময় বিশাল তরুণ সমাজকে হতাশার অতলে ঠেলে দিয়েছে। অনেকেই মাদকাসক্ত হয়ে পড়েছেন। এতে দেশের মেধা ও সম্ভাবনার বিশাল অপচয় ঘটেছে। অনেক বিশ্ববিদ্যালয়কে ব্যবসা ও অতিরিক্ত মুনাফার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।
রাষ্ট্রপ্রধান বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আমাদের শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। তবে এই অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে যাওয়া যাবে না। বিশ্বের জ্ঞান ও অভিজ্ঞতাকে গ্রহণ করার জন্য নিজেদের শিকড়ের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকতে হবে।
মির্জা ফখরুল উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। আমাদের তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা যেন ব্যাহত না হয়, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষ গুরুত্ব দিতে বলব।
রাষ্ট্রপতি যোগ করেন, ‘নিজের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, জীবনের চাকা ঘোরে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুই দফা স্থগিতির পর ক্যামেরুনে পার্লামেন্ট ও স্থানীয় সরকার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি এ দুটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশটির প্রেসিডেন্ট পল বিয়া সোমবার এক ডিক্রির মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। রাষ্ট্রীয় বেতারে ডিক্রিটি পড়ে শোনানো হয়।
৯৩ বছর বয়সী পল বিয়ার শাসনামলে এমন এক সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো, যখন দেশটিতে বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বিয়া আবারও ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।
১৯৮২ সাল থেকে ক্যামেরুন শাসন করছেন পল বিয়া। তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়সি রাষ্ট্রপ্রধান। গত বছরের অক্টোবরে তার পুনর্নির্বাচনের পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী সহিংস অভিযান চালায়।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের উদ্ধৃত আইনজীবীদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ওই সময় প্রায় ২ হাজার মানুষকে আটক করেছিল। তাদের মধ্যে কয়েকজন এখনো কারাগারে রয়েছেন।
পল বিয়ার সরকার এর আগে দুই দফায় দেশটির পার্লামেন্ট ও স্থানীয় সরকার নির্বাচন স্থগিত করেছে। এর ফলে আইনপ্রণেতাদের মেয়াদ আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে পৌর কাউন্সিলরদের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
এদিকে প্রায় এক বছর আগে ঘোষিত মন্ত্রিসভায় রদবদল এবং ভাইস প্রেসিডেন্ট নিয়োগের অপেক্ষায় রয়েছে দেশটি। গত এপ্রিলে সংবিধান সংশোধনের মাধ্যমে ভাইস প্রেসিডেন্টের পদটি আবার চালু করা হয়। প্রেসিডেন্টের মৃত্যু হলে তার স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট।
পল বিয়ার শারীরিক অবস্থা নিয়েও দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলছে। প্রায়ই দেশের বাইরে অবস্থান করায় তার শাসন পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ২০২৪ সাল থেকে প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা নিষিদ্ধ রয়েছে। ওই বছর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
গত আগস্টের শেষ দিকে দুই মাসের বেশি সময় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থানের পর রাজধানী ইয়াউন্দেতে ফেরেন বিয়া। তার দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান নিয়ে বিরোধী দলগুলো তীব্র সমালোচনা করে।
গত মাসে কর্তৃপক্ষ ক্যামেরুন ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট (এফএসএনসি) দলের কার্যক্রম স্থগিত করে। দলটির নেতা ও প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত বিরোধী প্রার্থী ইসা চিরোমা বাক্যারি।
নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করে সমর্থকদের নিজের ‘বিজয়’ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন বাক্যারি। পরে তিনি দেশ ছেড়ে গাম্বিয়ায় নির্বাসনে যান। তার দলের কার্যক্রম স্থগিতের ঘটনাটি দেশটির রাজনৈতিক উত্তেজনাকে আরো বাড়িয়েছে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর মন্তব্য করেছেন, পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময় কথা বলছেন, তবে এটি আসলে কী, তা আমাদের জানা নেই, এটি কি AI নাকি বাস্তব। তিনি উল্লেখ করেন, "তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না।"
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী হাস্যকর ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করেছেন যে, ডিসেম্বর মাসে আওয়ামী লীগ ফিরবে। তিনি বলেন, "ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।" তিনি আরও বলেন, "যদি সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করি, রাজপথে সক্রিয় হই এবং আওয়াজ তুলি, তাহলে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে।"
এসময় তিনি জানান, যারা বাসে আগুন দিচ্ছে এবং ভাঙচুর করছে, তাদের ধরিয়ে দিলে গণঅধিকার পরিষদ তাদের ২০ হাজার টাকা করে দেবে।
প্রতিমন্ত্রী বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অহেতুক সরকারের বিরুদ্ধচারণ না করতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে, সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা রাখেন, রাজপথেও তারা এমন ভূমিকা পালন করবেন।
তিনি আরও বলেন, "আমরা শুনছি, তলে তলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। যদি এটি সত্য হয়, তাহলে খাল কেটে কুমির আনা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আশা প্রকাশ করেছেন যে, চলতি অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে রাজস্ব-সংক্রান্ত বৈঠক শেষে তিনি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেছেন, গত অর্থবছরে কাস্টমস হাউস ও আয়কর খাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে। রাজস্ব আদায় বৃদ্ধি করতে আয়কর, শুল্ক ও ভ্যাট-এই তিনটি উইংয়ের জন্য পৃথক টাস্কফোর্স গঠন করা হয়েছে। রাজস্ব প্রশাসন সংস্কারের অংশ হিসেবে রাজস্ব আহরণ ও রাজস্ব নীতি-এই দুটি বিভাগ সম্পূর্ণ আলাদা করার সুপারিশ করে একটি প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি সময়ে রাজস্ব প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশ ছিল জানিয়ে তিনি বলেন, সংস্কার উদ্যোগ ও টাস্কফোর্স গঠনের পর তা বেড়ে ১২ দশমিক ০৩ শতাংশে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতের বাজেট বরাদ্দ ধারাবাহিকভাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
ঋণের বিষয়ে উপদেষ্টা বলেন, পতিত সরকারের এক দশকে ঋণের পরিমাণ বেড়েছে ৩০০ শতাংশ। ২০০৭-০৮ অর্থবছর থেকে হিসাব করলে এ বৃদ্ধির হার ৩২৩ শতাংশ। ২০২৬ সালের জুন নাগাদ দেশের মোট ঋণের পরিমাণ প্রায় ১১৪ বিলিয়ন ডলারে দাঁড়াবে। এর মধ্যে সরকারি ঋণ ও সরকারের গ্যারান্টিযুক্ত ঋণ মিলিয়ে প্রায় ৯০ বিলিয়ন ডলার রয়েছে।
তিনি আরও জানান, ঋণের সুদ ও আসল পরিশোধে ইতোমধ্যে ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ২০৩০ সাল নাগাদ এ ব্যয় বেড়ে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ