মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০২:২৩ পি.এম
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা অনিয়ন্ত্রিত গ্যাসের আগুন ১৫ দিন ধরে নিয়ন্ত্রণে আসেনি। এই পরিস্থিতিতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিকল্প পদ্ধতিতে গ্যাসের অনিয়ন্ত্রিত প্রবাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) উচ্চপর্যায়ের কারিগরি বিশেষজ্ঞরা স্থানটি পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) পর্যন্ত নলকূপের মুখ থেকে আগুন নিরবচ্ছিন্নভাবে জ্বলতে দেখা গেছে।
প্রাথমিকভাবে ঘটনাটি অগভীর ভূস্তরের (শ্যালো) ক্ষুদ্র গ্যাসের পকেট কি না, তা মূল্যায়নের জন্য কিছুদিন পর্যবেক্ষণ করা হচ্ছিল। তবে দুই সপ্তাহ অতিবাহিত হওয়ার পর গ্যাসের প্রবাহে কোনো ভাটা না পড়ায় এখন এটি নিরাপদে নিয়ন্ত্রণ ও বন্ধ করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাপেক্সের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, "অনিয়ন্ত্রিত এই গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে এনে নিরাপদে বন্ধ করাই বর্তমানে প্রথম ও প্রধান লক্ষ্য।" স্থানটিতে তেলের কোনো উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায়নি, কেবল গ্যাসের প্রবাহ দেখা যাচ্ছে। তবে এই গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কি না, তা নির্ধারণে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। পরবর্তীতে এখানে নতুন কোনো অনুসন্ধান চালানো হবে কি না, তা প্রবাহ পুরোপুরি বন্ধের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় একটি গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে তীব্র বেগে গ্যাস নির্গত হতে শুরু করে। পরবর্তীতে স্থানটিতে আগুন ধরে গেলে তা প্রজ্জ্বলিত অবস্থায় থেকে যায়। দীর্ঘদিন ধরে আগুন না নেভায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সুরক্ষাজনিত উদ্বেগ থাকলেও, একই সাথে নতুন গ্যাস কূপ আবিষ্কৃত হওয়ার সুসংবাদে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিছু ককটেল ফুটিয়ে খুনি হাসিনা দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান। তিনি উল্লেখ করেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার পালিয়ে গিয়ে ফিরে আসতে পারেননি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই মন্তব্য করেন আমানউল্লাহ আমান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলেই একটি দল ষড়যন্ত্র করছে, যাদের রাজনীতি করার অধিকার দিয়েছিলেন শহীদ জিয়া।’
আমানউল্লাহ আমান আরও বলেন, ‘সর্বশেষ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিবাদের প্রেতাত্মারা ঢুকে জ্বালাও-পোড়াও ভাঙচুর করেছেন। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।’
তিনি জানান, ঐক্যবদ্ধভাবে আগামীতে কোনো ফ্যাসিস্টদের দেশে ঢুকতে দেয়া হবে না। রাজপথে নেমেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হওয়ার পরিকল্পনা করছেন আর্সেনালের প্রাক্তন কোচ আর্সেন ওয়েঙ্গার। ৭৭ বছর বয়সী এই ফরাসি কিংবদন্তি চলতি সপ্তাহে ফিফা সভাপতির নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন।
দ্য অ্যাথলেটিকের সাংবাদিক ড্যান শেলডনের রিপোর্ট অনুযায়ী, ইউরোপীয় ফুটবলের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং উয়েফার কর্মকর্তারা ওয়েঙ্গারকে নির্বাচনে অংশগ্রহণের জন্য উৎসাহিত করছেন। আগামী ১৮ নভেম্বর সভাপতি নির্বাচনে প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত রয়েছে। তাই তার আগে ওয়েঙ্গারের সিদ্ধান্ত ফুটবল বিশ্বের ক্ষমতার সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
২০১৯ সালের নভেম্বর থেকে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়েঙ্গার। জাতীয় ফুটবল সংস্থা ও খেলোয়াড়দের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা যথেষ্ট রয়েছে। ফুটবল সম্পর্কে তাঁর গভীর জ্ঞান এবং দীর্ঘ অভিজ্ঞতার কারণে ইনফান্তিনোর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে তাঁকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
আর্সেনালের কোচ হিসেবে ২২ বছর দায়িত্ব পালনকালে ওয়েঙ্গার ক্লাবটিকে তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগ এবং সাতবার এফএ কাপ জিতিয়েছেন। ২০০৩-০৪ মৌসুমে অপরাজিত থেকে প্রিমিয়ার লিগ জেতা আর্সেনালের ঐতিহাসিক ‘ইনভিনসিবলস’ দলের অন্যতম স্থপতি ছিলেন তিনি।
ওয়েঙ্গার নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে উয়েফা এবং ইউরোপীয় ফুটবলের প্রভাবশালী মহলের সমর্থন নিয়ে তাঁর সম্ভাব্য প্রার্থিতা ফিফা সভাপতি নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ধর্মঘটের আওতায় পটুয়াখালীর কুয়াকাটায় ‘মডার্ন পরিবহনে’র একটি বাসের দিকে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এই হামলার ফলে বাসটির একটি অংশ পুড়ে গেছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১টার দিকে কুয়াকাটা বাস টার্মিনালে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গভীর রাতে বাস টার্মিনালের বাইরে থেকে ভেতরে রাখা মডার্ন পরিবহনের একটি বাস লক্ষ্য করে দুটি বোতল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বোতলে আগুন ধরে যায়, ফলে বাসটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। অপর বোতলটি অক্ষত অবস্থায় পড়ে থাকে। হামলার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মহিপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ এ বিষয়ে মন্তব্য করে জানান, ‘এটি মূলত পেট্রলবোমা নয়। বোতলের ভেতরে কেরোসিন ও কাপড় ব্যবহার করা হয়েছে। এটি বিস্ফোরিত হয় না, শুধু আগুন ধরে। নিক্ষেপ করা দুটি বোতলের মধ্যে একটিতে আগুন জ্বলেছিল এবং অপরটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে শনাক্ত করার চেষ্টা চলছে।’
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রীলঙ্কায় একটি নৌকা থেকে স্থানীয় গাইডকে সাগরে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক ইসরাইলি পর্যটক গাইডকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন।
গাইডের ক্যামেরা তখন চলছিল, এবং তাকে পড়ে যেতে দেখে পর্যটকদের মধ্যে অট্টহাসির সৃষ্টি হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে।
ভিডিওতে দেখা যায়, একদল ইসরাইলি পর্যটক শ্রীলঙ্কায় একটি নৌকায় অবস্থান করছিলেন। ওই সময় পুরুষ গাইড বোতল থেকে পানীয় পান করছিলেন। হঠাৎ করে একজন পর্যটক তাকে ঠেলে পানিতে ফেলে দেন।
ঘটনার পর অনলাইনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন একজন স্থানীয় কর্মীর প্রতি পর্যটকদের এমন আচরণ করা হলো। পর্যটকদের ব্যবহারের জন্যও কড়া সমালোচনা উঠেছে।
জানা গেছে, পর্যটকেরা ঘটনাটিকে মজা হিসেবে উড়িয়ে দিয়েছেন। তারা বলেছেন, ‘এটা মজা ছিল, কর্মীটি ঠিক আছেন, খারাপ উদ্দেশ্যে করা হয়নি।’ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাদের বিরুদ্ধে যে নেতিবাচক প্রতিক্রিয়া ও সমালোচনা হচ্ছে, তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে এই ব্যাখ্যা নিয়ে বিতর্ক এখনও থামেনি। ভিডিওটি এখনো অনলাইনে আলোচনা চলছে।
সূত্র- আরব নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ