০৬:৪৬ এম
রাশিয়া বিশ্ববাজারে জ্বালানির মূল্য কমানোর উদ্দেশ্যে অবিলম্বে ৩ লাখ টন ডিজেল সরবরাহে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর এই বিষয়ে সম্মতি অর্জন করেছেন।
ট্রাম্প শুক্রবার (৯ অক্টোবর) তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন। সিবিএস নিউজের রিপোর্ট অনুযায়ী, মস্কো আগামী কয়েক মাসে আরও কয়েক দফায় বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ করবে।
ট্রাম্প উল্লেখ করেছেন, রাশিয়া অবিলম্বে ৩ লাখ টন ডিজেল সরবরাহ করবে। নভেম্বরে ৫ লাখ টন এবং ডিসেম্বরে ১০ লাখ টন ডিজেল সরবরাহের পরিকল্পনা রয়েছে। এছাড়া, রাশিয়ার ডিজেল শোধনাগারগুলোর পরিস্থিতির ওপর নির্ভর করে অল্প সময়ের মধ্যে আরও ৩০ লাখ টন ডিজেল সরবরাহের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: বেনজির-নওয়াজের মতো ইমরান খানকে দেশ ছাড়ায় বাধ্য করার অভিযোগ
একই দিনে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার জ্বালানি খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দেওয়ার ঘোষণা করেছে। এর উদ্দেশ্য হলো, বিশ্ববাজারে রাশিয়ার ডিজেল সরবরাহের সুযোগ তৈরি করা।
ক্রেমলিনের একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়া আন্তর্জাতিক বাজারে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহে প্রস্তুত। পুতিন আশা প্রকাশ করেছেন যে, এতে বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। দুই নেতার ফোনালাপে ইউক্রেন যুদ্ধের সমাধান, ইরান পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বলেছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা দুর্বলতার পরিচয়। তার মতে, রাশিয়াকে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রির সুযোগ দেওয়া মানে এমন একটি যুদ্ধে অর্থ জোগানো, যার অবসান হওয়া প্রয়োজন।
সাম্প্রতিক মাসগুলোতে ইরানকে ঘিরে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বেড়ে গেছে। দেশটির অটোমোবাইল সংস্থা এএএ-এর তথ্য অনুযায়ী, প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬ দশমিক ২৮ ডলার দাঁড়িয়েছে। এক মাস আগে এ দাম ছিল ৫ দশমিক ৯৪ ডলার এবং এক বছর আগে ছিল ৩ দশমিক ৬৮ ডলার।
আরও পড়ুন: সারের অতিরিক্ত দাম নিয়ে প্রতিবাদ করায় বিহারের সাংবাদিক মোঈদ আলম গ্রেপ্তার
ডিজেলের ব্যাপক ব্যবহার রয়েছে ট্রাক পরিবহন, কৃষি ও নির্মাণ খাতে। ফলে, এই জ্বালানির দাম বৃদ্ধি পেলে পণ্য উৎপাদন ও পরিবহন ব্যয়ও বেড়ে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন