ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

অচলাবস্থার মাঝেই চুয়েটে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে অধ্যাপক মো. আরাফাত


অচলাবস্থার মাঝেই চুয়েটে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে অধ্যাপক মো. আরাফাত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত উপাচার্যের (রুটিন দায়িত্ব) দায়িত্ব পালন করবেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমান। আগামী ১১ ও ১২ অক্টোবর দুই দিনের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় যোগ দিতে ১০ অক্টোবর বিকেলে ঢাকা সফরে যাচ্ছেন। তিনি ১১ ও ১২ অক্টোবর সভায় অংশ নেবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সচল রাখতে অধ্যাপক আরাফাত রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ১৩ অক্টোবর কর্মস্থলে ফেরার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। ৯ অক্টোবর এক ই মেইল বার্তায় অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ভারপ্রাপ্ত উপাচার্যের এ দায়িত্ব অর্পণ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি অনুযায়ী, উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব সাধারণত অনুষদের ডিনদের দেওয়া হয়ে থাকে। তবে এবার যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো অনুষদীয় ডিনের দায়িত্ব না থাকায় তাকে এ দায়িত্ব অর্পণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নানা মহলে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: বাকৃবির নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আবদুল আলীম

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, ‘যেকোনো একজন অধ্যাপককে দায়িত্ব দিলেই চলে। ডিনদেরকেই দিতে হবে এমন কোনো নিয়ম নেই।’

অধ্যাপক ড. মো. আরাফাত রহমান বলেন, ‘রুটিন দায়িত্ব আমি যেখানে থাকব, সেখানেই। এটা যে উপাচার্য ভবনে যেতে হবে, এমন কোনো বিষয় না। দৈনন্দিন দায়িত্বের সঙ্গে যদি ভিসি মহোদয়ের কোনো কাজ থাকে, সেটা দেখব।’

এদিকে উপাচার্য পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে চুয়েটের অচলাবস্থা গড়িয়েছে ১৮তম দিনে। গত ২৪ সেপ্টেম্বর অনলাইনে যোগদান করলেও এখনো ক্যাম্পাসে আসেননি নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। বর্তমানে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করছেন বলে জানা গেছে।

সংকট সমাধানে প্রশাসনের পক্ষ থেকেও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন: গবেষণা প্রকাশনায় দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ এম


আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারের প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ভ্যাটসহ ভরিতে দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বেড়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমন্বিত সেই দামেই আজ শনিবারও স্বর্ণ বিক্রি হবে।

নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

 

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬০ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬২ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়, কমানো হয়েছিল ২৯ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর দুর্ঘটনায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ এম


নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর দুর্ঘটনায় মৃত্যু

চারপাশে আনন্দ এবং আত্মীয়স্বজনের কোলাহল ছিল। দুবাই প্রবাসী খোরশেদ আলম নতুন বউ নিয়ে হাজির হয়েছিলেন চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে। দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি। খোরশেদ আলম ১৪ অক্টোবর আবার প্রবাসে চলে যাবেন।

কিন্তু নিয়তির নির্মম লিখনে সেই বিয়ের আনন্দঘন বিকেলটি মুহূর্তের মধ্যেই বিভীষিকাময় বিষাদে পরিণত হলো। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার সময় রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ‘নন্দনপার্ক কমিউনিটি সেন্টার’ থেকে বোনের বিয়ে শেষে স্ত্রীকে বাইকের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন খোরশেদ। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কবি নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর

সড়কের এক মারাত্মক বাঁকে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন খোরশেদ আলম। মুহূর্তেই বাইকটি সজোরে ধাক্কা খায় আইল্যান্ডের সঙ্গে। ধাক্কার তীব্রতায় সড়কে ছিটকে পড়েন স্বামী-স্ত্রী দুজনই। বিকট শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে আসেন। রক্তে ভেসে যায় সড়ক।

কিন্তু ততক্ষণে সব শেষ—ঘটনাস্থলেই প্রাণ হারান খোরশেদ। আর পাশে রক্তাপ্লুত অবস্থায় কাতরাচ্ছিলেন ১৮ বছরের তরুণী রায়সা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি এখনও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। নিহত খোরশেদ রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দলই নগর গ্রামের খায়ের আহমেদের ছেলে।

মাত্র দুই মাস আগে হাটহাজারী উপজেলার মইন্যাপুকুর পাড়ের ওসমান গণির মেয়ে রায়সার সঙ্গে তার বিয়ে হয়েছিল। যে হাতে কিছুদিন আগে বিয়ের মেহেদির রঙ লেগেছিল, সেখানে আজ শুধুই স্বজনদের অশ্রু আর হাহাকার।

রাউজান হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাজান বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ এম


পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

মধ্য আমেরিকার দেশ পানামা শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ছিল ৭ দশমিক ৭, যা দক্ষিণাঞ্চলে আঘাত হানে।

শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণ-মধ্যাঞ্চলের পিতালোজা আররিবা শহর থেকে ১০ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের ফলে বিভিন্ন স্থানে ভবন ও স্থাপনার ক্ষতি হয়েছে। উপকেন্দ্র থেকে প্রায় ৭০ মাইল দূরের পেনোনোমে শহরে একটি গির্জার চূড়ার অংশ ধসে পড়েছে। একইভাবে, আরেকটি ভবনের সামনের দেয়ালও ভেঙে গেছে। পর্যটন শহর প্লায়া ভেনানোতে একটি বহুতল ভবন ধসে বেশ কয়েকটি গাড়ির ওপর পড়েছে। পানামা খালের ওপর সেন্টেনিয়াল সেতুর কাঠামোও কাঁপতে দেখা গেছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, ভূমিকম্পের পর পানামা সিটির দুটি মেট্রো লাইনের চলাচল বন্ধ রাখা হয়েছে। কয়েকটি স্টেশন থেকে যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে। দিনের বাকি সময়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বাতিল করেছে। প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর ৪০টিরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে। এর মধ্যে একটি পরাঘাতের প্রাথমিক মাত্রা ছিল ৬ দশমিক ৬। পূর্বে উপকূলে সম্ভাব্য সুনামির ঢেউয়ের বিষয়ে সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হকার উচ্ছেদের পর মিরপুর-১০ নম্বরে চলাচলে নেই চিরচেনা ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৬ এম


হকার উচ্ছেদের পর মিরপুর-১০ নম্বরে চলাচলে নেই চিরচেনা ভোগান্তি

ফুটপাত থেকে হকারদের উচ্ছেদের ফলে রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকার দৃশ্যপট পরিবর্তিত হয়েছে। আগের মতো আর নেই কোলাহল ও ভোগান্তি। পথচারীরা ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাফেরা করছেন, এবং মূল সড়কেও যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। ফুটপাতের সৌন্দর্য বৃদ্ধি করতে গাছ লাগানো হচ্ছে। তবে নগরবাসীর মধ্যে উদ্বেগ রয়েছে যে, যদি আবার দখল হয়, তাহলে আগের ভোগান্তি ফিরে আসবে।

এক সময় হোপ মার্কেট এলাকার ফুটপাতের একটি অংশ ছিল হকারদের দখলে। এই ফুটপাত দিয়ে হাঁটার সময় ভিড়ের মধ্যে বারবার ধাক্কা খেতে হতো। অন্য পাশের ফুটপাতও ছিল প্রায় ব্যবহারের অযোগ্য। হকারদের দখলে হারিয়ে গিয়েছিল পথচারীদের চলাচলের জায়গা।

ফুটপাতজুড়ে দোকান বসিয়ে চলত কোটি টাকার বাণিজ্য। সেখানে অবৈধ বিদ্যুৎ সংযোগও ছিল। তবে উচ্ছেদ অভিযানের পর পুরো এলাকার চিত্র পাল্টে গেছে। দখলমুক্ত ফুটপাতে এখন পথচারীরা স্বস্তিতে হাঁটছেন।

আগে অবৈধ দোকান ও ব্যবসায়ীদের কারণে যে পথে চলাচল ছিল দুর্ভোগের, সেখানে এখন ফিরেছে স্বাভাবিক পরিবেশ। ডিএনসিসির উচ্ছেদ অভিযানের প্রভাব আশপাশের সড়কেও পড়েছে। হকার ও ক্রেতাদের ভিড় কমে যাওয়ায় সড়কে জটলা কমেছে। যানবাহন চলছে তুলনামূলক স্বাভাবিক গতিতে। ক্রেতাদের আকৃষ্ট করতে হকারদের হাঁকডাকও নেই।

এক পথচারী মন্তব্য করেন, ‘আগে ভিড়ের কারণে নিঃশ্বাস নেয়া যেত না। এখন স্বস্তিতে চলাচল করতে পারছি। আগে ফুটপাতে চাঁদাবাজির টাকা নানা ভাবে বণ্টন হতো। সেই বণ্টন প্রক্রিয়া বন্ধ হয়েছে। সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।’

ফুটপাতের দোকান ঘিরে নারী হয়রানির অভিযোগও ছিল। এক নারী পথচারী বলেন, ‘আমরা নারীরা যখন এখান দিয়ে যাতায়াত করতাম, তখন নানা ধরনের ইভটিজিংয়ের শিকার হয়েছি। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে আরও বেশি হয়রানি করা হতো।’

দখলমুক্ত হওয়ায় এ ধরনের ভোগান্তি কমেছে বলে সাধারণ মানুষ জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এই পরিবেশ যেন দীর্ঘস্থায়ী হয়। এক শিক্ষার্থী বলেন, ‘যানজটের কারণে বাসায় ফিরতে দেরি হতো। কখনও দুইটার জায়গায় সাড়ে তিনটা, আবার কখনও চারটা বেজে যেত। এতে পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতো।’

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য এলাকার ফুটপাতও দখলমুক্ত করতে অভিযান চালানো হবে। ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘মিরপুর-১০ নম্বরের মতো এক নম্বরসহ যেসব মার্কেটের সামনে মূল সড়ক ও ফুটপাত দখল হয়ে আছে, সেসব জায়গায় একই পদ্ধতিতে অভিযান চালানো হবে। উচ্ছেদের পর যাতে আবার দখল না হয়, সে ব্যবস্থাও নেয়া হবে। দীর্ঘদিন ধরে মানুষের যে প্রত্যাশা ছিল, তা আগে বাস্তবায়িত হয়নি। এখন একে একে সেই কাজগুলো করা হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে।’

দখলমুক্ত ফুটপাতের সৌন্দর্য বৃদ্ধি করতে গাছ লাগানো হচ্ছে। নাগরিকবান্ধব পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ফুটপাত যাতে আবার দখল না হয়, সে জন্যও নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। তবে এই স্বস্তি কত দিন স্থায়ী হবে, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%