কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:০৬ পি.এম
ফরিদপুরের আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজব ছড়িয়ে গ্রামীণ সড়ক থেকে রাতের আঁধারে ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে কথিত জামায়াত নেতা গোলাম কুদ্দুস ও তার অনুসারীদের বিরুদ্ধে। অভিযোগের পর নদীভাঙন ঠেকানোর দাবিতে আয়োজিত মানববন্ধনের অদূরেই তুলে নেওয়া ইটের স্তূপ পাওয়ায় ঘটনাটি নিয়ে এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চরবেলবানা এলাকায় মধুমতী নদীর তীরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, মানববন্ধনের স্থানটির পাশেই সড়ক থেকে তুলে নেওয়া পুরোনো ইটের স্তূপ পড়ে থাকতে দেখা যায়। পরে মানববন্ধনের ছবি ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া গ্রামের আলহেরা দাখিল মাদ্রাসা সংলগ্ন গ্রামীণ সড়ক থেকে ইট তুলে নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, নদীভাঙনে রাস্তাটি বিলীন হয়ে যাবে—এমন তথ্য ছড়িয়ে প্রায় ৩০০ মিটার দীর্ঘ ডাবল ইটের সলিং সড়কের ইট উপড়ে ফেলা হয়। পরে এসব ইটের মধ্যে বিপুল পরিমাণ ইট ট্রলারযোগে মধুমতী নদীর ওপারে চরবেলবানা এলাকায় নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী রবিউল মিয়া, আলামিন মিয়া ও জহুর মোল্যাসহ কয়েকজনের অভিযোগ, ইট তুলে নেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে গোলাম কুদ্দুসের পক্ষ থেকে নদীভাঙনের প্রতিবাদে মানববন্ধন করা হয়। তাদের দাবি, মানববন্ধনের স্থানটির পাশেই তুলে নেওয়া ইটের স্তূপ দেখা গেছে। পরে স্থানীয়দের চাপের মুখে কিছু ইট আগের স্থানে ফেরত দেওয়া হয় বলেও তারা জানান।
সোমবার (২১ সেপ্টেম্বর) সরেজমিনে উপজেলার চরবেলবানা এলাকায় মধুমতী নদীসংলগ্ন তৈয়বুর রহমানের বাড়ির সামনে কয়েকটি স্থানে পুরোনো ইটের এলোমেলো স্তূপ দেখা যায়। তবে এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অনেকেই প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগের বিষয়ে গোলাম কুদ্দুস বলেন, মানুষের বাড়িতে কাজের প্রয়োজনে ইট থাকতেই পারে। তবে ওগুলো কার ইট, সে সম্পর্কে আমার কিছু জানা নেই।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে দেখব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২৩ সেপ্টেম্বর,২৬" পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধা সারফারাজ ইসলাম সৌরভের ওপর নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রিন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখা।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২৪) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রিন ভয়েসের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে গ্রিন ভয়েস উলিপুর উপজেলা শাখার উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পরেও চিহ্নিত এই সন্ত্রাসী সংগঠনের সদস্যরা কীভাবে প্রকাশ্যে হামলা চালানোর সাহস পায়, তা আমাদের বোধগম্য নয়। এটি অত্যন্ত আশঙ্কাজনক। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—অনতিবিলম্বে হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।”
উলিপুর উপজেলা গ্রিন ভয়েসের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান কবির আল্টিমেটাম ঘোষণা করে বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী মাসুম বিল্লাহকে গ্রেপ্তারে প্রশাসনের কোনো ধরনের গড়িমসি আমরা মেনে নেব না। আমরা ইতোমধ্যেই ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি, যার ১২ ঘণ্টা পেরিয়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি আবু রায়হান জাকারিয়া, পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নদী, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাইদুল ইসলাম মামুন এবং উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের মুখ্য সংগঠক মারুফ শেখ প্রান্ত।
মানববন্ধন শেষে গ্রিন ভয়েসের একটি প্রতিনিধি দল অপরাধীদের দ্রুত বিচার ও গ্রেপ্তারের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল বারেক (রুপা মিয়া)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘাগড়া ইউনিয়নের বহুলী বাজার ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক লোকজন অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হৃদ্রোগজনিত সমস্যায় আব্দুল বারেকের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি ঘাগড়া ইউনিয়নের বহুলী (বানেরকান্দা) গ্রামের মৃত নজর উদ্দিন ভূঁইয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বহুলী গ্রামের একটি জানাজায় অংশ নিতে গিয়েছিলেন আব্দুল বারেক। জানাজা শেষে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল বারেক ঘাগড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা কারাবন্দী থাকায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে প্যানেল চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়।
গত ৫ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদারের স্বাক্ষরিত এক আদেশে তাঁকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়।
জানাজায় অংশ নেওয়া স্থানীয় কয়েকজন বলেন, আব্দুল বারেকের শেষ বিদায়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি তাঁর প্রতি স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। জানাজা শেষে আবেগঘন পরিবেশে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের সাতটি জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে, ঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বইতে পারে। এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এই তথ্য প্রতিফলিত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারির দাবি উত্থাপন করা হয়েছে নতুন পে স্কেলের জন্য। প্রজ্ঞাপন এখনও না আসায় ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক একটি বিবৃতিতে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, "ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মৌলিক চাহিদা পূরণ নবম জাতীয় পে স্কেলের সঙ্গে দ্রুত তাদের প্রজ্ঞাপন জারি করতে হবে।" তিনি আরও বলেন, "এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান হোক-দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ করা হোক।"
গত ১৯ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ