ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

তালায় অসহায়দের চেক বিতরণ করলেন এমপি ইজ্জত উল্লাহ


তালায় অসহায়দের চেক বিতরণ করলেন এমপি ইজ্জত উল্লাহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে একটি বিশেষ অনুদান কর্মসূচির আওতায় ১০ জুলাই শুক্রবার তালায় অসহায়, দুঃস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের জন্য নগদ চেক বিতরণ করা হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বৈরী আবহাওয়া এবং বৃষ্টিপাতের কারণে নির্ধারিত কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজন সম্ভব না হওয়ায় সুবিধার্থে উক্ত চেক বিতরণ কার্যক্রম দুটি পৃথক স্থানে সম্পন্ন করা হয়। সকাল ১১টায় তালা এমপি অফিসে এবং বেলা ১২টা ৩০ মিনিটে পাটকেলঘাটা আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপকারভোগীদের হাতে চেক তুলে দেওয়ার কাজ করা হয়।

এই কর্মসূচির আওতায় ৪০ জন প্রত্যেক উপকারভোগীকে ১০ হাজার টাকা করে নগদ অনুদানের চেক প্রদান করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহ-সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, শুরা সদস্য ও সাংবাদিক অধ্যাপক ইয়াছীন আলী সরদার, অ্যাডভোকেট মশিউর রহমান এবং আরও অনেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, প্রতিকূল আবহাওয়ার কারণেযে অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিলো তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা তিনি উপস্থিত থাকতে পারেননি।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:০৬ এম


নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ২নং নগরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাবতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. আরাফাত হোসেন (৩) নামে এক শিশুর ভয়াবহ মৃত্যু ঘটেছে। শুক্রবার (১০ জুলাই) সকালে বাড়ির আঙিনায় খেলাধুলা করতে গিয়ে আরাফাত হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে বাড়ির আশপাশে খুঁজতে শুরু করেন। তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা কাশেম সরদারের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। এরপর তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরাফাত হোসেন গাবতলা গ্রামের ইসরাইল হোসেনের সন্তান। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির বাইরে খেলতে বের হয় আরাফাত। দীর্ঘ সময় ধরে বাড়িতে ফিরে না আসায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। পরে কাশেম সরদারের পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই শিশুর অকাল মৃত্যুতে গাবতলা গ্রাম সহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:০৭ এম


বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে ইউনিয়নের গোয়ালডাঙ্গা সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক মৃত উজির আলী সরদারের মেয়ে রিজিয়া খাতুন জানান, তিনি সাতক্ষীরায় তার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে। ঘরের ভিতরে ঢুকে তিনি দেখতে পান তিনটি বাক্সের তালা ভেঙে গিয়েছে এবং বাক্সের মধ্যে থাকা ৪ লক্ষ ৪০ হাজার টাকার মূল্যের একজোড়া রুলি, জমি বিক্রয়ের নগদ টাকা, সৌর বিদ্যুতের ব্যাটারি, বিদেশি ংধসংঁহম অ্যান্ড্রয়েড মোবাইল, শাড়ি কাপড় ও অন্যান্য আসবাবপত্র মিলিয়ে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন রিজিয়া খাতুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাম্বল আতঙ্কে উপকূলের মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:০৮ এম


চাম্বল আতঙ্কে উপকূলের মানুষ

পটুয়াখালী পৌর শহরের বিটাইপ সড়কে প্রবল বাতাস এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে একটি বিশাল চাম্বল গাছ শিকড়সহ উপড়ে পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির ওপর। এর ফলে প্রায় তিন হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সময়ে সড়কে গাছটি পড়ে যাওয়ায় যান চলাচলও সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। গাছটি পার্শ্ববর্তী সরকারি আবাসিক এলাকার একটি বাউন্ডারি ওয়ালের ক্ষতিও করেছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে এ ঘটনার ফলে স্থানীয় বাসিন্দা এবং সড়ক ব্যবহারকারীরা কয়েক ঘণ্টা ধরে চরম ভোগান্তিতে পড়েন। গাছটি বিদ্যুতের খুঁটির ওপর আছড়ে পড়ার কারণে খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে ৩৩ কেভি লাইন বিচ্ছিন্ন হয়ে যায় এবং জৈনকাঠী ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি বিটাইপ সড়কের ওপর গাছ পড়ে থাকায় উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছটি কেটে অপসারণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। পরে, ওজোপাডিকোর প্রকৌশলী ও কারিগরি কর্মীরা ক্ষতিগ্রস্ত খুঁটি অপসারণ করে বিকল্প ব্যবস্থা হিসেবে জৈনকাঠী ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু করেন। এর ফলে কয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়ে যায়।

ওজোপাডিকোর উপসহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম খান জানান, চাম্বল গাছের উপড়ে পড়ার কারণে বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় তিন হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফায়ার সার্ভিসের গাছ অপসারণের পর বিকল্প পদ্ধতিতে জৈনকাঠী ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত খুঁটি ও লাইনের স্থায়ী মেরামতের কাজও চলছে।

পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজীব বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাছটি অপসারণ করে। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরাপদে মেরামতের কাজ করতে সক্ষম হয়েছেন।

এদিকে, এই ঘটনার ফলে আবারও উপকূলীয় অঞ্চলে ঝুঁকিপূর্ণ চাম্বল গাছ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ অল্প বাতাস অথবা মাঝারি ধরনের ঝড়েই চাম্বল গাছের বড় ডাল ভেঙে পড়ে অথবা পুরো গাছ উপড়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। বিশেষভাবে, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে গেলে ঝুঁকি আরও বেড়ে যায়। যার ফলে বিদ্যুৎ সঞ্চালন লাইন, সড়ক, বসতবাড়ি ও জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ে।

পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম বলেছেন, উপকূলে ঝড়, দমকা হাওয়া অথবা ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির অন্যতম প্রধান কারণ হচ্ছে চাম্বল গাছ। বছরের পর বছর ধরে আমরা জনবসতির আশপাশে থাকা ঝুঁকিপূর্ণ চাম্বল গাছ অপসারণ, নতুন করে চারা উৎপাদন ও রোপণ বন্ধে সরকারি নিষেধাজ্ঞা জারির দাবি করে আসছি। তিনি আরও বলেন, সময়মতো প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরণের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দা নাইমা আক্তার এবং মাসুদুর রহমান জানান, একটি গাছ উপড়ে পড়ার ফলে একসঙ্গে বিদ্যুৎ, সড়ক যোগাযোগ এবং সরকারি স্থাপনার ক্ষতি হওয়া অত্যন্ত উদ্বেগজনক বিষয়। তারা শহর ও জনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণ চাম্বল গাছ দ্রুত চিহ্নিত করে অপসারণ এবং বিকল্প নিরাপদ প্রজাতির গাছ রোপণের দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:০৯ এম


প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশাল সফরে আসছেন আগামী ১৩ জুলাই। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই সফরই বরিশাল বিভাগে তার প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর গৌরনদী সফর নিয়ে শুক্রবার (১০ জুলাই) সকালে বাটাজোর এলাকার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

শুক্রবার সকালে, এ মন্ত্রী বাটাজোর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। তিনি এই সফর উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী সকল সংশ্লিষ্টকে আহবান জানান যে, প্রধানমন্ত্রীর সফরের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাটাজোর ইউনিয়নসহ গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমও চলছে। বেশ কিছু কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকী কাজ দ্রুত শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। অপরদিকে, দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের গৌরনদী আগমনে বরিশাল-১ আসনের বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরন করে নিতে গৌরনদীতে ইতোমধ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%