০২:২৪ পি.এম
পপসংগীতের জনপ্রিয় তারকা ব্রিটনি স্পিয়ার্স এবার গুরুতর অভিযোগ করেছেন নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, দীর্ঘদিন ধরে পরিবারের কাছ থেকে হয়রানি ও অবহেলার শিকার হয়েছেন এবং এখন তিনি নতুন পরিবার খুঁজে নিতে চান।
সম্প্রতি ব্রিটনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘আপটাউন গার্লস’ সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশ করে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। বিশেষ করে, তিনি বোন জেমি লিন স্পিয়ার্স এবং সাবেক স্বামী কেভিন ফেডারলাইনের আচরণের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।
ব্রিটনির অভিযোগ, করোনাকালে লুইজিয়ানায় দুই সপ্তাহের সফরে গিয়ে তিনি বোন জেমি লিনের সন্তান আইভিকে একবারের জন্যও কোলে নিতে পারেননি। অন্যদিকে, সাবেক স্বামী কেভিনের বাড়িতে সন্তানদের সঙ্গে দেখা করতে গেলেও তাকে বাথরুম ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি বলে তিনি দাবি করেছেন।
আরও পড়ুন: থাইল্যান্ডে স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করলেন মিম
পরিবারের এমন আচরণের কথা উল্লেখ করে ব্রিটনি লেখেন, তার সঙ্গে দাসের মতো ব্যবহার করা হয়েছে। তার অগোচরে অনেক কিছু করা হয়েছে, যা দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল। অথচ বাবার জন্য তিনি শুধু কাজই করে গেছেন। এসব অভিজ্ঞতার পর তিনি নতুন পরিবার খুঁজে নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান।
এর আগে সাম্প্রতিক এক ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন ব্রিটনি। তিনি দাবি করেছেন, আলোকচিত্রীরা ছবি তোলার প্রস্তুতি নেওয়ার সময় তাকে ইচ্ছাকৃতভাবে অপেক্ষায় রাখা হয়েছিল। পরে বাইরে নিয়ে যাওয়ার পুরো ঘটনাকে একটি পরিকল্পিত ফাঁদ বলেও মন্তব্য করেন তিনি।
ওই পোস্টে নিজের খাবার ও নিরাপত্তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন পপতারকা। সব মিলিয়ে সাম্প্রতিক এসব বক্তব্যে আবারও আলোচনায় উঠে এসেছেন ব্রিটনি স্পিয়ার্সের পারিবারিক সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন।
আরও পড়ুন: শিল্পীদের ব্যক্তিগত সময়েও গোপন ক্যামেরা, সতর্ক করলেন রেশমা আহমেদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন