০২:১৪ এম
ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরে প্রজেক্টাইল বোমার আক্রমণের পর ভারতীয় পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ সম্পূর্ণভাবে ডুবে গেছে। এনডিটিভির তথ্য অনুযায়ী, জাহাজটিতে থাকা ১৩ ভারতীয় এবং একজন ইয়েমেনি নাবিকসহ মোট ১৪ জনকে ইয়েমেনের নৌ-বাহিনী উদ্ধার করেছে। পরে তাদের চিকিৎসাসেবাও প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট), এমএসভি ফাইজ নূর ওলিয়া নামক জাহাজটি ইয়েমেনের পশ্চিম উপকূলে হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে হামলার শিকার হয়। একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। পরে এটি সম্পূর্ণরূপে ডুবে যায়।
ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে, উপকূলরক্ষী ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে নাবিকদের উদ্ধার করেন। উদ্ধারকৃতদের মোখা বন্দরে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়ের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন
এদিকে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন নয়াদিল্লির কর্তৃপক্ষ। ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি উল্টে গিয়ে ডুবে গেছে। এই অঞ্চলে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্ধার কৃত নাবিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য সব সংস্থার সঙ্গে সমন্বয় করে অবিলম্বে ব্যবস্থা নিতে তিনি ডিরেক্টর জেনারেল মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সোনোয়াল বলেছেন, নিরস্ত্র যান্ত্রিক নৌযানের ওপর এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। একই সঙ্গে ১৩ ভারতীয়সহ ১৪ নাবিক নিরাপদে উদ্ধার হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইয়েমেনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ বর্তমানে ভারতের জন্য একটি গুরুতর মানবিক ও কূটনৈতিক সংকট বয়ে এনেছে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে দেশটির বহু জাহাজ ও নাবিক হামলার শিকার হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্বেগের সঙ্গে নয়াদিল্লি বলেছে, এ ধরনের হামলা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌ চলাচল ও বাণিজ্য দ্রুত পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন।
গত মাসে ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে একটি নৌ অবরোধ ঘোষণা করেছে, যা ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ একটি সম্ভাব্য নতুন ফ্রন্টে পরিণত হয়েছে। একইসঙ্গে এটি উপসাগরের বাইরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের জন্য হুমকি বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: পুতিনের ‘গোপন তহবিল’ থেকে নিষেধাজ্ঞা তুলছেন ট্রাম্প, রুশ-মার্কিন সম্পর্কে নতুন মোড়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন