বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৯:৩৭ পি.এম
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলার বাদনগর এলাকায় মহররমের শোভাযাত্রায় বিপজ্জনক এক স্টান্টের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
গত বুধবার (২৪ জুন) মহররম উপলক্ষে আয়োজিত একটি শোভাযাত্রায় একটি গাড়িকে ক্রেনের সাহায্যে প্রায় ৪০ ফুট উঁচুতে তুলে ধরা হয়। এরপর গাড়ির ভেতর থেকে ধোঁয়া, আগুনের ফুলকি ও কাচ ভাঙার দৃশ্য দেখা যায়, যা অনেকের কাছে বিস্ফোরণের মতো মনে হয়েছে। পুরো ঘটনাটি শত শত মানুষের উপস্থিতিতে ঘটানো হয়।
পুলিশ জানায়, উজ্জয়নের বাদনগরের আদান এলাকা থেকে বের হওয়া শোভাযাত্রার সময় এই স্টান্ট প্রদর্শন করা হয়। ক্রেনে ঝুলন্ত গাড়িটির গায়ে ‘লে ফির আ গায়ে’ লেখা ছিল। গাড়ির ওপর দাঁড়িয়ে দুই যুবক লাল পতাকা নাড়ছিলেন। ঘটনাস্থলে ‘শেরে আদান আখড়া’ নামের পোস্টারও দেখা যায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে আয়োজক শোয়েব খান, তালিম খান, জাহিদ খান এবং ক্রেনের মালিক গোপাল মালির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত আরও কয়েকজনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
উজ্জয়নের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) করণ দ্বীপ সিং জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে আতশবাজি রাখা হয়েছিল। তিনি বলেন, ‘মনে হচ্ছে গাড়ির ভেতরে দ্রুতগতিতে রকেট ধরনের আতশবাজি ফোটানো হয়েছিল। এর ফলে গ্যাস জমে কাচ ভেঙে যায় এবং বিস্ফোরণের মতো দৃশ্য তৈরি হয়। গাড়ির ভেতরে কেবল আতশবাজিই ছিল।’
পুলিশের দাবি, আয়োজকদের আগে থেকেই বিস্ফোরক ব্যবহার বা এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড না করার নির্দেশ দেওয়া হয়েছিল। শোভাযাত্রার অনুমতি দেওয়া হলেও কোনো ধরনের স্টান্ট প্রদর্শনের অনুমতি ছিল না।
তদন্তকারীরা মনে করছেন, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। স্থানীয় বিভিন্ন আখড়ার মধ্যে দর্শক আকর্ষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রতিযোগিতার অংশ হিসেবেই এমন বিপজ্জনক প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
ভিডিওটি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছিল, সেখানে আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ স্টান্ট ও বিস্ফোরণসদৃশ ঘটনার ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। একইভাবে শাহজালালপুরার হুসাইনি আখড়ার কিছু ভিডিওও সামনে এসেছে, যেখানে তরুণদের ঝুঁকিপূর্ণ কসরত করতে দেখা গেছে।
যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে জনাকীর্ণ শোভাযাত্রায় এমন বিপজ্জনক আয়োজন কীভাবে অনুমোদন পেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সামান্য ভুলেও এটি বড় ধরনের দুর্ঘটনায় রূপ নিতে পারত। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বাংলাদেশ এক্সসোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বেসওয়া) জেলার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
বাংলাদেশ এক্সসোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার (অব.) সভাপতি সম্মানিত ক্যাপ্টেন রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী, জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মো. মনজুরে মওলা পলাশ, হেলকুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়র রহমান।
এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগানো প্রয়োজন বলে গুরুত্ব আরোপ করেন। এরপর আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং অতিথিরা স্কুল প্রাঙ্গণে চারা রোপণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানান, দীর্ঘদিন ধরে সমাজে এমন একটি ধারণা প্রচলিত রয়েছে যে, মহিলারাই ঘরের দায়িত্ব সামলাবেন এবং পুরুষেরা এই সব কাজ থেকে দূরে থাকবেন।
প্রিয়ঙ্কা চোপড়া যে কোনও বিষয়ে স্পষ্ট মতামত প্রকাশ করেন। আগেও নারীবাদ নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে কথা বলেছেন। এই বারের সাক্ষাৎকারে ঘরোয়া কাজের সঙ্গে লিঙ্গের সম্পর্ক নিয়ে মুখ খুললেন।
মানুষের মধ্যে ঘরোয়া কাজ নিয়ে লিঙ্গভিত্তিক কিছু প্রচলিত ধারণা রয়েছে। এ সবের বিরোধিতা করেছেন তিনি। প্রিয়ঙ্কার মতে, রান্না বা ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মতো কাজ শুধুমাত্র মহিলাদের দায়িত্ব নয়। এগুলি আসলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের শেখা উচিত। নারীদের পাশাপাশি পুরুষদেরও এই বিষয়ে শিক্ষা নেওয়া প্রয়োজন, বলেন প্রিয়ঙ্কা।
তিনি আবারও বলেন, সমাজে যা ধারণা প্রচলিত রয়েছে যে মহিলারাই ঘরের দায়িত্ব সামলাবেন এবং পুরুষেরা এ সব কাজ থেকে দূরে থাকবেন, এর বিরুদ্ধে তিনি স্পষ্ট জানায় যে ঘরের কাজকে কখনও লিঙ্গের সাথে যুক্ত করা উচিত নয়। প্রিয়ঙ্কা বলেন, “ঘর পরিষ্কার করা বা রান্না করা মহিলাদের কাজ নয়। এগুলি একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণ দায়িত্ব। আলস্যকে কখনও লিঙ্গের সঙ্গে গুলিয়ে ফেলবেন না।”
মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বহু বার কথা বলা প্রিয়ঙ্কা ‘মিটু’ আন্দোলন নিয়েও বক্তব্য জানিয়েছেন। প্রতি নিয়ত মহিলারা যৌন হেনস্থার শিকার হন। এই বিষয়ে তিনি সেই সময়ে বলেছিলেন, “যৌন হেনস্থা মহিলাদের সঙ্গে ঘটবেই। এ যেন নিয়ম। তবে এখন অনেক মহিলা এ নিয়ে কথা বলছেন। ভয় পাচ্ছেন না। সেটাই সাহস দেয়। মনে হয়, আমার সঙ্গেও যদি এ ধরনের কোনও ঘটনা ঘটে, তা হলে আমি আর নিজেকে একা মনে করব না।”
পর্দায় শক্তিশালী চরিত্রে অভিনয় করেন প্রিয়ঙ্কা। মহিলাকেন্দ্রিক ছবি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ‘দেশি গার্ল’ বলেছিলেন, “নারীকেন্দ্রিক ছবি করতে গেলে অনেক মানসিক চাপ থাকে। কারণ, এমনিতেই তেমন ছবি সংখ্যা খুব কম হয়। ছবি তৈরি হলেও সেটা বক্সঅফিসে ভাল ব্যবসা না করলে মনে হয়, সব মহিলা শিল্পীদের হারের কারণ হয়ে দাঁড়ালাম আমি। আমার মনে হতে থাকে, আমার জন্যই হয়তো তাঁরা কয়েক ধাপ পিছিয়ে গেলেন। কারণ, নিজেদের প্রমাণ করার সুযোগ মহিলা শিল্পীদের কাছে খুব কমই আসে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাসেল বসুনিয়া নামের এক মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার দুপুর ১২টার সময় নীলফামারী-ডোমার মহাসড়কের নীলাহাটি কালীতলা এলাকায় সড়ক সংস্কার কাজ চলার প্রেক্ষাপটে রাস্তায় খাল ও বড় গর্ত এড়িয়ে চলতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
একটি যাত্রীবাহী বাস যখন মোটরসাইকেলকে ধাক্কা দেয় তখন ঘটনাস্থলে তিনি নিহত হন। নিহতের নাম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল (৪৮) এবং তিনি ডোমার উপজেলার চিলাহাটি এলাকার জাকারিয়া বসুনিয়ার ছেলে। দুর্ঘটনার সময়ে মোটরসাইকেলে তার স্ত্রী ও দুই সন্তানও ছিলেন, যারা সকলেই আহত হন।
এ ঘটনার পর, বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে যায় এবং এর ফলে বাসের কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ হাবিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেল থানায় নেয়া হয়েছে এবং বাসটি উদ্ধার করে থানায় নেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ পুষ্টি, উদ্যোক্তা এবং স্থিতিস্থাপকতার জন্য কৃষি ও গ্রামীণ রুপান্তর কর্মসূচি (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এনটারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্সস ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যোগ দেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জায়মান জাহান, সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার, কৃষক আমির খান এবং কৃষাণী নুরচাঁন বেগম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।
পার্টনার কংগ্রেসে অংশগ্রহণ করেন উপজেলার পিএফএস ও নন পিএফএস ৭০ কৃষক-কৃষাণী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ