ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জীবননগরে অবৈধ যানবাহনের চাপায় ১০ বছরের স্কুলছাত্রী নিহত, আহত ১


জীবননগরে অবৈধ যানবাহনের চাপায় ১০ বছরের স্কুলছাত্রী নিহত, আহত ১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালা গ্রামে অবৈধ যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তাসফিয়া ফারিহা (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এই দুর্ঘটনায় সম্রাট (২৫) নামে একজন যুবক আহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। নিহত তাসফিয়া প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং কালা গ্রামের ছটেঙ্গাপাড়ার খবির হোসেনের কন্যা। আহত সম্রাট একই গ্রামের আবদুল গফুরের পুত্র।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, প্রতিদিনের মতো সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে স্কুলে যাচ্ছিল তাসফিয়া। তারা কালা মসজিদের কাছে পৌঁছালে, জীবননগর থেকে আসা দ্রুতগতির মাটিবোঝাই একটি অবৈধ যানবাহন সাইকেলটিকে ধাক্কা দেয়। ফলে তাসফিয়া সড়কে ছিটকে পড়ে ওই যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সাইকেলচালক সম্রাটের হাত ভেঙে যায় এবং তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

আরও পড়ুন: টেকনাফে ফের লোকালয়ে ঢুকে পড়েছে গুলিবিদ্ধ বন্যহাতি

দুর্ঘটনার পরপরই অবৈধ যানবাহনটির চালক ও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যায়। ওসি সোলায়মান শেখ আরও জানান, যানবাহনটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালককে আটক করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই পরাশক্তি হতে মরিয়া ইসরাইল, ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


এআই পরাশক্তি হতে মরিয়া ইসরাইল, ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য একটি বড় পরিকল্পনা গ্রহণ করেছে ইসরাইল। দেশটির সরকার ডেটা সেন্টার নির্মাণের অনুমোদন প্রক্রিয়াকে সহজতর করার পাশাপাশি অবকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর পেছনে অর্থনৈতিক লক্ষ্য ছাড়াও সামরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির কৌশল রয়েছে।

গত জুন মাসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন, তার দেশকে বৈশ্বিক এআই পরাশক্তিতে পরিণত করা হবে। সেপ্টেম্বরে ইসরাইলি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, আগামী পাঁচ বছরের মধ্যে এআই সক্ষমতায় বিশ্বে তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে ইসরাইল।

এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২০ সালের এপ্রিল মাসে ইসরাইলি প্রতিষ্ঠান মেলানক্সকে প্রায় ৭০০ কোটি ডলারে অধিগ্রহণ করে এনভিডিয়া। প্রতিষ্ঠানটি কম্পিউটার নেটওয়ার্কিং পণ্য সরবরাহ করে এবং এনভিডিয়ার নেটওয়ার্কিং ব্যবসার আয়ের বড় অংশ এখন এই প্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর নির্ভরশীল।

ইসরাইলে এনভিডিয়ার গবেষণা ও উন্নয়ন কার্যক্রম যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় কার্যক্রম হিসেবে পরিচিত। গত তিন বছরে দেশটিতে কর্মীর সংখ্যা দ্বিগুণ করে ছয় হাজারে উন্নীত করেছে প্রতিষ্ঠানটি। হাইফার কাছে কিরিয়াত তিভনে নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে তাদের। সেখানে সর্বোচ্চ ১০ হাজার কর্মীর কাজের সুযোগ হবে।

বড় অবকাঠামো প্রকল্প

ইসরাইলের পরিকল্পনার অন্যতম বড় প্রকল্প ‘ওফেক ডেটা সেন্টার’। আশদোদ বন্দরের উত্তরে নির্মাণাধীন এই কেন্দ্রটি ২০২৯ সালের দ্বিতীয়ার্ধে চালু হওয়ার কথা রয়েছে। এটি হবে দেশটির সবচেয়ে বড় তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র।

প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান সার্ভারফার্ম এবং ইসরাইল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডসহ কয়েকটি প্রতিষ্ঠান এতে অর্থায়ন করছে। পরবর্তী সময়ে উন্নয়নের জন্য আরও ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

প্রাথমিকভাবে কেন্দ্রটির সক্ষমতা হবে ১৩০ মেগাওয়াট। পরে তা বাড়িয়ে ২০০ মেগাওয়াট করার পরিকল্পনা রয়েছে। ইউরোপের বাজারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে সমুদ্রের নিচ দিয়ে ফাইবার অপটিক কেব্লও যুক্ত করা হবে। পাশাপাশি এনভিডিয়ার বিশেষায়িত গ্রাফিকস প্রসেসিং ইউনিট ব্যবহার করা হবে।

গবেষণা প্রতিষ্ঠান ডেটা সেন্টার ম্যাপের তথ্য অনুযায়ী, ইসরাইলে বর্তমানে ৬৭টি ডেটা সেন্টার রয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়নে সরকারি বিধিনিষেধ শিথিলের উদ্যোগও নিয়েছে নেতানিয়াহু সরকার। গত ফেব্রুয়ারিতে এআই ডেটা সেন্টারগুলোকে জাতীয় অবকাঠামো হিসেবে শ্রেণিভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়, যাতে স্থানীয় পর্যায়ের অনুমোদনসংক্রান্ত জটিলতা এড়ানো যায়।

তবে সম্প্রতি বিদ্যুৎ সরবরাহ নিয়ে বড় বাধার মুখে পড়েছে পরিকল্পনাটি। নতুন ডেটা সেন্টারগুলোর জন্য বিদ্যুৎ সংযোগের সক্ষমতা সর্বোচ্চ ২০০ মেগাওয়াটে সীমিত করেছে ইসরাইলের বিদ্যুৎ কর্তৃপক্ষ। ফলে দ্রুত অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্য বাস্তবায়ন কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

লন্ডনভিত্তিক গবেষক রাজিব দালাল আলজাজিরাকে বলেন, অনুমোদন দ্রুত দেওয়ার সিদ্ধান্ত সরকারের প্রশাসনিক বিষয়। কিন্তু নির্মিত কেন্দ্রগুলো চালানোর মতো বিদ্যুৎ নিশ্চিত করা আরও বড় চ্যালেঞ্জ। ইসরাইলের আয়তন ছোট, বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা সীমিত এবং উন্নত প্রযুক্তির যন্ত্রাংশের জন্য দেশটি আমদানির ওপর নির্ভরশীল। এআই পরাশক্তি হতে হলে বিপুল বিদ্যুৎ, নির্ভরযোগ্য সরবরাহ এবং উন্নত চিপের ধারাবাহিক প্রাপ্যতা প্রয়োজন।

বিদ্যুৎ চাহিদা মেটাতে পারমাণবিক শক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন ইসরাইলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন। পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরের তামার, লেভিয়াথান ও কারিশ গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া ২০২৭ সালে কাটলান গ্যাসক্ষেত্র চালুর প্রত্যাশা করছে দেশটি।

ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওফেক ডেটা সেন্টারটি আশদোদ বন্দরের পাশে নির্মিত ৮৫০ মেগাওয়াট ক্ষমতার একটি গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে সরাসরি বিদ্যুৎ পাবে।

সামরিক ও ভূরাজনৈতিক গুরুত্ব

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান ক্লেইন সেন্টারের জননীতি গবেষক মার্ক এসপোসিতোর মতে, ডেটা সেন্টার নির্মাণের পেছনে ইসরাইলের লক্ষ্য শুধু ব্যবসায়িক মুনাফা নয়; এর সঙ্গে ভূরাজনৈতিক ও কৌশলগত স্বার্থও জড়িত।

তিনি বলেন, নিজস্ব ডেটা সেন্টার থাকলেই কোনো দেশ এআই পরাশক্তি হয়ে যায় না। তবে এ ধরনের অবকাঠামো ছাড়া সেই অবস্থানে পৌঁছানো কঠিন। ডেটা সেন্টারকে তিনি এআই সক্ষমতার ভৌগোলিক ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

নেতানিয়াহু সরকারের ভাষ্য, এআই অবকাঠামো জাতীয় নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। গত ফেব্রুয়ারিতে প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা অনুমোদনের সময় নেতানিয়াহু বলেন, এটি দেশের সক্ষমতা ও প্রভাব বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসরাইলের ন্যাশনাল এআই ডিরেক্টরেটের প্রধান এরেজ আসকালও মনে করেন, ভবিষ্যতে কোন দেশ এআই যুগে নেতৃত্ব দেবে, তা নির্ভর করবে নিজস্ব প্রযুক্তি, অবকাঠামো ও সক্ষমতা গড়ে তোলার ওপর।

বিশ্লেষকদের মতে, নিজস্ব ডেটা সেন্টার থাকলে বিদেশি প্রযুক্তি বা অবকাঠামোর ওপর নির্ভরতা কমে। একই সঙ্গে দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ, ব্যবসায়িক কার্যক্রম এবং সামরিক ব্যবস্থাপনায় সুবিধা পাওয়া যায়। গাজা ও পশ্চিম তীরে সামরিক অভিযানে ইসরাইলের এআই ব্যবহারের বিষয়টিও আলোচনায় এসেছে।

ইউরোপের জন্য নতুন চ্যালেঞ্জ

ইসরাইল যখন ডেটা সেন্টার নির্মাণে গতি বাড়াচ্ছে, তখন বিদ্যুৎ গ্রিডের সীমাবদ্ধতা, অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং জনসাধারণের বিরোধিতার কারণে ইউরোপ পিছিয়ে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে বিদেশি নিয়ন্ত্রণাধীন ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামোর ওপর অনেকটাই নির্ভরশীল। বিশ্বের প্রায় ৫১ শতাংশ ডেটা সেন্টার যুক্তরাষ্ট্রে অবস্থিত। ফলে ইউরোপের প্রতিষ্ঠানগুলো প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্র বা অন্য দেশের ডেটা সেন্টার ব্যবহার করে থাকে।

তবে ইউরোপীয় ইউনিয়নের বাইরে তথ্য সংরক্ষণ করলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ইউরোপীয় কমিশনের হিসাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের ভেতরে তথ্য সংরক্ষণ করতে খরচ অন্তত ৩০ শতাংশ বেশি হতে পারে। বিনিময়ে তথ্য ইউরোপের নিজস্ব গোপনীয়তা আইনের আওতায় থাকে।

ব্রাসেলসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুগেলের জ্যেষ্ঠ গবেষক বার্তিন মার্টেন্স বলেন, সামরিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট স্পর্শকাতর তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বিদেশি শক্তির নজরদারির ঝুঁকি এড়াতে নিজস্ব ডেটা সেন্টার প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইশান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইশান গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে অভিযান পরিচালনা করে পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে, যার নাম ইশতিয়াক আহম্মদ ইশান (২৬)।

গ্রেফতারকৃত ইশানকে শনিবার (২৮ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে শহরের ট্যাংকেরপাড় এলাকার নিজ বাসা থেকে আটক করা হয়।

ইশতিয়াক আহম্মদ ইশান ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত। তিনি ট্যাংকেরপাড় এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ ইদ্রিস মিয়া, মাতার নাম নাজমুল নাহার।

পুলিশের সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানিয়েছেন, ইশানকে গ্রেপ্তারের পর আজ দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি উল্লেখ করেন যে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী অর্থবছর শেষে যশোরের ভবদহের জলাবদ্ধতা থেকে ভুক্তভোগীরা মুক্তি পাবেন।

মন্ত্রী বলেন, চলমান ৮১ কিলোমিটারের নদী খননের প্রকল্পটি জুন মাসের মধ্যে সম্পন্ন হবে। এর পাশাপাশি, আমডাঙ্গায় নতুন খাল খনন এবং শিবসা নদীর পানির ধারাবাহিকতা বজায় রেখে প্রায় ৯০ কিলোমিটার নতুন খননের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, চলতি ও আগামী অর্থবছরের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে। এতে জলাবদ্ধতা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) যশোরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক ৩০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প নিয়ে আজ সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে পানিসম্পদমন্ত্রী জানান, ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিয়ে স্থানীয়দের বক্তব্য ও সমস্যাগুলো শোনা হয়েছে এবং আলোচনা হয়েছে।

তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের খাল খনন কর্মসূচি নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে চলমান ৮১ কিলোমিটার ও অতিরিক্ত ৪৫ কিলোমিটারের কাজ গত অর্থবছরে দৃশ্যমান হয়েছে। এতে এলাকার মানুষ কিছুটা সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবহিত এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ভবদহ ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন।

বৈঠকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা এবং ভবদহ অঞ্চলের ভুক্তভোগী বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ব্রিফিং শেষে পানিসম্পদমন্ত্রী, কৃষিমন্ত্রী, আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টরা ভবদহ এলাকা পরিদর্শনে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প প্রশাসনের একাধিক মন্ত্রী সামরিক ঘাঁটিতে থাকার কারণ রাজনৈতিক সহিংসতা ও বিদেশি হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


ট্রাম্প প্রশাসনের একাধিক মন্ত্রী সামরিক ঘাঁটিতে থাকার কারণ রাজনৈতিক সহিংসতা ও বিদেশি হুমকি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক শতাব্দীরও বেশি পুরোনো কিছু সামরিক আবাসনে বর্তমানে বসবাস করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার কয়েকজন সদস্য। এসব বাড়ি কঠোর নিরাপত্তাবেষ্টিত এবং মূলত জেনারেল ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য নির্মিত হয়েছিল। বেড়া ও নিয়ন্ত্রিত প্রবেশপথের কারণে এসব আবাসন রাজধানীর অন্যান্য এলাকা থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে।

সিএনএন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ট্রাম্প প্রশাসনের প্রায় ছয়জন সদস্য বর্তমানে এসব সামরিক আবাসনে বসবাস করছেন। এখানে তারা ওয়াশিংটনের অন্য যেকোনো এলাকার তুলনায় বেশি নিরাপদ বোধ করছেন। অতীতে কোনো মার্কিন প্রশাসনের এতসংখ্যক বেসামরিক কর্মকর্তার সামরিক আবাসনে থাকার নজির খুব একটা দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি এবং বিদেশি শত্রুদের কাছ থেকে নতুন নতুন হুমকির কারণে সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে রিপাবলিকান বা ডেমোক্র্যাট, যে দলের সরকারই ক্ষমতায় আসুক না কেন, শীর্ষ কর্মকর্তাদের সামরিক আবাসনে থাকার প্রবণতা অব্যাহত থাকতে পারে।

চলতি মাসে সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ ধরনের হুমকির কারণে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এর ফলে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঐতিহ্যটি হলো, বেসামরিক নেতারা সাধারণ মানুষের সঙ্গে একই এলাকায় বসবাস করবেন এবং তাদের কাছাকাছি থাকবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে নিজের প্রভাব বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। শহরটিকে অনিরাপদ উল্লেখ করে তিনি সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। পাশাপাশি হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণ এবং সরকারি গলফ কোর্স সংস্কারের উদ্যোগ নিয়েছেন। অথচ তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সাধারণ মানুষের কাছ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক থমাস কান মন্তব্য করেছেন যে, উচ্চপদস্থ কর্মকর্তারা নিরাপত্তার কারণে সাধারণ মানুষের কাছ থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকেন। তাদের সঙ্গে সব সময় নিরাপত্তারক্ষীরা থাকেন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সময়ও বিশেষ ব্যবস্থা করা হয়। তবে এখন তারা সাধারণ মানুষের বসবাসের এলাকাতেও থাকছেন না, ফলে এই বিচ্ছিন্নতা আরো বাড়ছে।

সম্প্রতি সামরিক আবাসনে উঠেছেন ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জর্জটাউনের বিলাসবহুল বাড়ি ছেড়ে ওয়াশিংটনের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে চলে গেছেন। এই মাসের শুরুতে সিএনবিসির ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানে বেসেন্ট জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে তার জীবনের ওপর হুমকি থাকায় নিরাপত্তার স্বার্থে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

বেসেন্ট বলেছেন, ‘ইরানের নেতাদের ধিক্কার জানাই। আমি ভয় পেয়ে পিছু হটব না। তারা আমাকে ও মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। তবে আমরা ভয় পাব না।’ নিরাপত্তাঝুঁকির কারণে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকেও সম্প্রতি একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। তার পূর্বসূরি পাম বন্ডিও গত বছর সামরিক আবাসনে ছিলেন।

বিদেশি হুমকির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা নিয়েও উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। বিশেষ করে রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার, তার স্ত্রী কেটি ও চার সন্তানও গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে সামরিক আবাসনে চলে যান।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের বাড়ির সামনে বিক্ষোভ, ব্যক্তিগত ঠিকানা প্রকাশ এবং হুমকির ঘটনা ঘটেছিল। এসব কারণে নিরাপত্তার স্বার্থে তারা বাড়ি ছাড়েন।

সামরিক আবাসনে থাকার খরচ

গত বছর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সমালোচনার মুখে পড়েন। ফোর্ট ম্যাকনেয়ারে তার বাসভবন মেরামত ও সংস্কারের জন্য সেনাবাহিনী ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার খরচের পরিকল্পনা করেছিল। সামরিক আবাসনে বসবাসকারী কর্মকর্তাদের সাধারণত মাসে ৪ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হয়। এই নিয়মের ভিত্তি তৈরি হয় সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সময়।

গেটস ছিলেন প্রথম প্রতিরক্ষামন্ত্রী, যিনি ওয়াশিংটনের নেভি হিলের একটি ঐতিহাসিক সামরিক আবাসনে বসবাস শুরু করেন। তখনকার নিয়ম অনুযায়ী, তাকে স্থানীয় এলাকার সমমানের বাড়ির বাজারদর অনুযায়ী মাসে ৬ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হতো।

২০০৮ সালে পেন্টাগন ভাড়া কমানোর প্রস্তাব দেয়। তাদের যুক্তি ছিল, সামরিক আবাসনে কর্মকর্তারা থাকলে আলাদা নিরাপত্তাব্যবস্থা ও কর্মী নিয়োগের প্রয়োজন হয় না। এতে সরকারের অর্থ সাশ্রয় হয়। কংগ্রেস প্রস্তাবটি অনুমোদন করে। এরপর থেকে প্রতিরক্ষামন্ত্রীরা চার তারকা জেনারেল বা অ্যাডমিরালের নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ শতাংশ বেশি দিয়ে এসব আবাসনে থাকতে পারেন।

তবে ২০১৭ সালে জিম ম্যাটিসের আগে মন্ত্রিসভার অন্য কোনো সদস্য নেভি হিলের ওই আবাসনে থাকেননি। ২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সেখানে থাকার আগ্রহ দেখালেও নৌবাহিনী আপত্তি জানায়। তাদের আশঙ্কা ছিল, এতে আইনি, আর্থিক ও নৈতিক জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি, আবাসনসংকটের মধ্যে একজন বেসামরিক কর্মকর্তার জন্য কোনো সামরিক সদস্যকে তার নির্ধারিত বাড়ি থেকে সরিয়ে দিতে হতে পারে। শেষ পর্যন্ত পম্পেও ভার্জিনিয়ার ফোর্ট মায়ার সামরিক ঘাঁটির একটি আবাসনে বসবাস করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%