ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সরাইলে ৪০ দিন জামাতে নামাজ আদায়ে ২৬ শিশু-কিশোর ও যুবককে পুরস্কৃত করা হয়েছে


সরাইলে ৪০ দিন জামাতে নামাজ আদায়ে ২৬ শিশু-কিশোর ও যুবককে পুরস্কৃত করা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪০ দিন ধরে জামাতে নামাজ আদায়ের কর্মসূচিতে সফল ২৬ জন শিশু-কিশোর ও যুবকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো শিশু-কিশোর ও যুবকদের নামাজের প্রতি আগ্রহী করা, মসজিদমুখী করা এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা। নিয়মিত পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায়ের স্বীকৃতিস্বরূপ ১৩ জনকে নতুন সাইকেল প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সরাইল সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া বাগবাড়ি জামে মসজিদে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুট্টাপাড়া হেফাজতে ইসলাম যুব সংগঠনের উদ্যোগে সাত দিনব্যাপী ৫০তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে এই পুরস্কার বিতরণ করা হয়।

মাহফিলের প্রতিষ্ঠাতা পূর্ব কুট্টাপাড়া বাগবাড়ির বড় হুজুর মরহুম মাওলানা মোহাম্মদ আলীর (রহ.) পরিবারের পক্ষ থেকে পুরস্কারের আয়োজন করা হয়েছে বলে জানান তাঁর ছেলে ও জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার সাবেক আমীর মাওলানা কুতুবউদ্দিন। তিনি বলেন, "ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের মসজিদের সঙ্গে সম্পৃক্ত করা, নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা এবং ইসলামী আদর্শ ও নৈতিক শিক্ষায় আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।"

আরও পড়ুন: টেকনাফে ফের লোকালয়ে ঢুকে পড়েছে গুলিবিদ্ধ বন্যহাতি

আয়োজকদের এই উদ্যোগ এলাকায় প্রশংসা ও উৎসাহ সৃষ্টি করেছে। তাঁদের প্রত্যাশা, পুরস্কারের আনন্দ ও অনুপ্রেরণা সাময়িক উৎসাহে সীমাবদ্ধ না থেকে নিয়মিত নামাজ আদায়ের স্থায়ী অভ্যাসে পরিণত হবে। মসজিদমুখী এই প্রজন্ম ভবিষ্যতে ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, শৃঙ্খলা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন।

উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, আলেম-ওলামা, মাহফিলে আগত ধর্মপ্রাণ মানুষ, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানালেন ইরানি টেনিস তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


ইসরাইলি প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানালেন ইরানি টেনিস তারকা

ইরানের টেনিস খেলোয়াড় আলী ইয়াজদানি ইসরাইলি প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত এম১৫ টেনিস টুর্নামেন্টের পুরুষ দ্বৈত বিভাগের কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে তার জুটি সেমিফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে রাশিয়ার খেলোয়াড় এগর খোতেনকভের সঙ্গে মাঠে নামার কথা ছিল ইয়াজদানির। তাদের প্রতিপক্ষ ছিলেন অস্ট্রিয়ার থিলো বেয়ারমান ও ইসরাইলের টিম ভাইসম্যান। কিন্তু ইয়াজদানি ইসরাইলি খেলোয়াড়ের বিপক্ষে খেলতে রাজি হননি। এর ফলে তার জুটি ম্যাচটি ওয়াকওভার দেয়।

টুর্নামেন্টে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে রাশিয়া ও ইরানের এই জুটিকে বিবেচনা করা হচ্ছিল। প্রতিযোগিতার ড্রয়ে তাদের দ্বিতীয় বাছাই হিসেবে রাখা হয়েছিল। তবে ইসরাইলি প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার সিদ্ধান্তের কারণে তারা শিরোপার লড়াই থেকে ছিটকে পড়েন।

এম১৫ আনতালিয়া আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) পুরুষদের বিশ্ব টেনিস ট্যুরের অংশ। ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়ার বেলেক এলাকায় ক্লাব মেগাসারে হোটেলের উন্মুক্ত ক্লে কোর্টে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট পুরস্কারমূল্য ১৫ হাজার ডলার।

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসরাইলি খেলোয়াড়দের বিপক্ষে না খেলার ক্ষেত্রে ইরানি অ্যাথলেটদের এমন সিদ্ধান্ত নতুন কিছু নয়। গাজায় ইসরাইলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড দখলের প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশটির অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবিও জোরালো হয়েছে।

এর আগে গত মে মাসে ইরানের তরুণ টেনিস খেলোয়াড় হানা শাবানপুরও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তুরস্কে অনুষ্ঠিত জে৬০ পর্যায়ের একটি টুর্নামেন্টের দ্বৈত বিভাগের ফাইনালে ওঠার পর ইসরাইলি খেলোয়াড় থাকা একটি দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান। ফাইনালে তিনি তুরস্কের এক খেলোয়াড়কে নিয়ে উঠেছিলেন।

এর আগে গত মার্চে ইরানের ১০ হাজারের বেশি অ্যাথলেট আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানান। তারা জাতিসংঘ এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর প্রতি এ বিষয়ে আবেদন জানান।

একই সঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সদস্যপদ স্থগিত করারও দাবি জানান ওই অ্যাথলেটরা।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুয়া সনদে বাবার শত বিঘার জমি দখলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


ভুয়া সনদে বাবার শত বিঘার জমি দখলের অভিযোগ

ফিরোজ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ওয়ারিশান সনদ তৈরি করে পালিত বাবার শত বিঘার বেশি সম্পত্তি দখল করেছেন। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের একটি সম্ভ্রান্ত ও সম্পদশালী পরিবারের ৪০টিরও বেশি উত্তরাধিকারী পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ভুক্তভোগীদের মধ্যে প্রতিবন্ধী ও ভূমিহীন ব্যক্তিরাও রয়েছেন।

সরেজমিনে গিয়ে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজশাহীর পঞ্চবটী মোড় এলাকায় প্রতিবন্ধী সত্তরোর্ধ্ব হাসিনা বেগম দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে জরাজীর্ণ একটি ভাড়া ঘরে বসবাস করছেন। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের সাহায্যের টাকায় তাদের সংসার চলে। একইভাবে রাজশাহীর হরিয়ানে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী ভূমিহীন দরিদ্র বিধবা ষাটোর্ধ্ব মহুয়া সুলতানার অবস্থাও একই। তারা দুবেলা দু-মুঠো ভাত খেয়ে দিন কাটাচ্ছেন।

এমন দুরবস্থায় রয়েছেন অন্তত ৪০টির বেশি পরিবার। অভিযোগ রয়েছে যে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মিয়াপাড়া এলাকার নিঃসন্তান মীর তোফেল আলীর সমস্ত সম্পত্তি ফিরোজ আলী ভুয়া এনআইডি ও ওয়ারিশান সনদপত্র তৈরি করে দখল করেছেন। প্রকৃত উত্তরাধিকারীরা বর্তমানে দিনমজুর বা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। মীর তোফেল আলীর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মৌজায় শত বিঘার বেশি জমি, পুকুর, বাগানসহ নানা সম্পদ ছিল।

স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা জানান, মীর তোফেল আলী ও কোহিনুর বেগম দম্পতি নিঃসন্তান হওয়ায় আমনুরা লক্ষ্মীপুর এলাকা থেকে মাত্র এক কেজি খুদ (চালের ভাঙা অংশ) দিয়ে ফিরোজকে দত্তক নেন। এরপর তাকে লালন-পালন করে জীবিত অবস্থায় ফিরোজকে কিছু জমিজমা লিখে দেন তোফেল আলী। সেসব দলিলে ফিরোজ আলীর বাবার নাম হিসেবে আশির উদ্দিনের নাম উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, মীর তোফেল আলীর মৃত্যুর পর স্থানীয় ইউনিয়ন পরিষদ ও নির্বাচন অফিস থেকে ভুয়া এনআইডি ও ওয়ারিশান সনদ তৈরি করে ফিরোজ আলী পালিত বাবার সমস্ত সম্পত্তি দখল করেন। এ বিষয়ে উত্তরাধিকারীরা আদালতে দুটি মামলা করেছেন এবং জাতীয় পরিচয়পত্র ও জমির খারিজ বাতিলে নির্বাচন অফিস ও এসিল্যান্ড অফিসে আবেদন করেছেন।

হাসিনা বেগম সময় সংবাদকে বলেন, ‘প্রতিবন্ধী দুই ছেলেমেয়েকে নিয়ে অসহায় অবস্থায় জরাজীর্ণ ভাড়া বাড়িতে বসবাস করছি। অসুস্থ অবস্থায় কয়েক দফা ফিরোজ আলীর কাছে গেছি। কিন্তু এক ছটাক মাটি বা সম্পদ আমাদের দেয়নি। অথচ আমরাই এর প্রকৃত হকদার। তার মধ্যে ন্যূনতম কোনো দয়ামায়া নেই। প্রতিবন্ধী দুই ছেলেমেয়েকে নিয়ে মানুষের দেয়া সাহায্যে অর্ধাহারে-অনাহারে থাকছি।’

আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা মহুয়া সুলতানা বলেন, ‘ঘরবাড়ি না থাকায় সরকারের দেয়া উপহারের ঘরে বসবাস করছি। নিঃস্ব অবস্থায় থাকলেও আমাদের সম্পূর্ণভাবে বঞ্চিত করে সব সম্পত্তি দখল করে খাচ্ছে এবং বিক্রি করছে। আমাদের ৪০টির বেশি পরিবার এমন দুরবস্থায় থাকলেও কোনো জমি দিচ্ছে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে সাবেক ছাত্রলীগ নেতার ওসিকে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


লক্ষ্মীপুরে সাবেক ছাত্রলীগ নেতার ওসিকে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরীকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি প্রদান করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরফান খান মাহি। শুক্রবার, গতকাল, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে তিনি এই হুমকি দেন।

ভাইরাল হওয়া অডিওতে, নিজেকে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিসেবে পরিচয় দিয়ে, তিনি পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হয়রানি, মারধর, মোবাইল ফোন রেখে দেওয়া এবং রাতে বাড়িতে গিয়ে হুমকি ও গালাগালির অভিযোগ তুলতে শোনা যায়।

এছাড়া, ওই নেতা উল্লেখ করেন যে, রামগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আর কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে থানা জ্বালিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল আরফান খান মাহি নামের এক ব্যক্তি নিজেকে ছাত্রলীগের সাবেক সহসভাপতি পরিচয়ে ফোন দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি আরও বলেন, "আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিলি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বাড়তি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


হিলি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বাড়তি সতর্কতা

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে গুজব ও অপপ্রচারসহ যেকোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের জিরো পয়েন্ট গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বিজিবি আগেও যেভাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে, বর্তমানে তার চেয়েও দ্বিগুণ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। বিশেষ করে গুজব ও অপপ্রচার যেন বাস্তবে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও বাড়তি নজরদারিসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে।’

সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং মাদক চোরাচালানসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে বিজিবি সক্রিয় রয়েছে উল্লেখ করে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%