ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে


জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

 আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আর জাতীয় দলের হয়ে খেলতে চান না।

মঙ্গলবার কোপা সুদামেরিকানায় সান্তোস ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর ৩৪ বছর বয়সী নেইমার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে নেইমার ইঙ্গিত দেন, ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে তাঁর অধ্যায় শেষ হয়ে গেছে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রতিমন্ত্রী নুর

তিনি বলেন, "আমার মনে হয় জাতীয় দলে আমার সময় শেষ হয়ে গেছে। সেখানে আমি ইতিহাস গড়েছি এবং এ নিয়ে আমি খুবই খুশি। অনেক কিছু দেখেছি, রক্ত-ঘাম আর জীবন উজাড় করে দিয়েছি, সবসময় হলুদ জার্সির জন্য লড়েছি। কিন্তু এখন আর সেখানে ফিরতে চাই বলে মনে হয় না।"

এই মন্তব্য বিশ্বকাপের শেষ ষোলোতে ৫ জুলাই নরওয়ের কাছে ব্রাজিলের ২-১ গোলে হারানোর পর দেওয়া তাঁর বক্তব্যেরই পুনরাবৃত্তি।

সেদিন বদলি হিসেবে নেমে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেছিলেন নেইমার। ম্যাচ শেষে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সেটিই হয়তো জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ।

তিনি বলেছিলেন, "আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। এখন সব শেষ।"

আরও পড়ুন: বিশ্বকাপের এক বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

সেই পরাজয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। ১৯৯০ সালের পর এটিই ছিল বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে দ্রুত বিদায়। একই সঙ্গে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের রেকর্ড ষষ্ঠ শিরোপার অপেক্ষাও আরও দীর্ঘ হয়।

গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ারে নেইমার চারটি ফিফা বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ১৩০ ম্যাচে ৮০টি গোল ও ৫৮টি অ্যাসিস্ট করে তিনি দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন।

ক্লাব ফুটবলে সান্তোস, বার্সেলোনা ও প্যারিস সেইন্ট-জার্মেইর হয়ে অসাধারণ সাফল্য পেলেও ব্রাজিলের জার্সিতে তাঁর একমাত্র সিনিয়র আন্তর্জাতিক শিরোপা ছিল ২০১৩ সালের ফিফা কনফেডারেশনস কাপ।

আরও পড়ুন: ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম, বাতাস অস্বাস্থ্যকর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় যুদ্ধের ভয়াবহতা, অভিভাবকহীন ৬০ হাজারের বেশি শিশু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


গাজায় যুদ্ধের ভয়াবহতা, অভিভাবকহীন ৬০ হাজারের বেশি শিশু

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ৬০ হাজারেরও বেশি শিশু অন্তত একজন অভিভাবককে হারিয়েছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে মোট ৬০ হাজার ৭৩৭ জন শিশুর অন্তত একজন অভিভাবক হারিয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৯৫ জন শিশু তাদের বাবাকে, ৫ হাজার ৯২৯ জন মাকে এবং ২ হাজার ৭১৩ জন শিশু বাবা-মা—দুজনকেই হারিয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুদ্ধের ফলে ২ হাজার ২৭৬টি পরিবার, যাদের সদস্যসংখ্যা ৮ হাজার ৮৫৮ জন, সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। এসব পরিবারের কোনো সদস্যই জীবিত না থাকায় তাঁদের নাম গাজার নাগরিক নিবন্ধন থেকে মুছে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল গাজার বিভিন্ন স্থানে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও এসব হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার দাবি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের প্রস্তুতি জোরদার, বাহরাইনে ছয় মুসলিম দেশের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


যুদ্ধের প্রস্তুতি জোরদার, বাহরাইনে ছয় মুসলিম দেশের সামরিক মহড়া

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইনে ছয় দেশের অংশগ্রহণে একটি বৃহৎ সামরিক মহড়া শুরু হয়েছে। এই মহড়া আগামী তিন দিন ধরে চলবে। যুদ্ধের প্রস্তুতি জোরদার করতেই দেশগুলো এই মহড়ার আয়োজন করেছে, এমনটাই ধারণা বিশ্লেষকদের।

সংবাদমাধ্যমের প্রতিবেদনের উল্লেখ অনুযায়ী, বাহরাইন প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশগুলোর সশস্ত্র বাহিনী এই মহড়ায় অংশ নিচ্ছে। ইতোমধ্যেই মহড়াটি শুরু হয়ে গেছে।

দেশটির চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল-নুয়াইমি বলেন, ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ‘বাহরাইন শিল্ড’ মহড়ার প্রধান লক্ষ্য হচ্ছে যুদ্ধের প্রস্তুতি বৃদ্ধি করা, অভিযানের উন্নত কৌশল আয়ত্ত করা এবং উপসাগরীয় দেশগুলোর সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা।

তিনি উল্লেখ করেন, জিসিসি সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী যৌথ উপসাগরীয় সামরিক বাহিনীর সক্ষমতার প্রতিফলন।

তিনি আরও জানান, এই মহড়া সামরিক সংহতির জন্য একটি শক্তিশালী কৌশলগত ভিত্তি তৈরি করবে এবং যেকোনও আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার সক্ষমতাকে আরও সুসংহত করবে।

আল-নুয়াইমি আরও বলেন, এই অঞ্চলের সাম্প্রতিক সহিংসতা যৌথ প্রতিরক্ষার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে। অঞ্চলজুড়ে হওয়া সাম্প্রতিক হামলাগুলো যৌথ সামরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা পরিষ্কার করে তুলেছে।

এর আগে, বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, এ মহড়ার মূল লক্ষ্য হচ্ছে উপসাগরীয় অঞ্চলের যৌথ সামরিক সহযোগিতা জোরদার করা, বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় করা এবং যৌথ সামরিক ব্যবস্থাগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা।

উল্লেখ্য, জিসিসির সদস্য দেশ ছয়টি হলো বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান এবং কাতার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করতে খুবির জরুরি সিন্ডিকেট সভা আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করতে খুবির জরুরি সিন্ডিকেট সভা আগামীকাল

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষক কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানি এবং বিজয় ’২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ নিয়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। এ পরিস্থিতি পূর্বে পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের জন্য আগামীকাল জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান।

গত ২২ জুলাই রাতে বিজয় ’২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের সময় ক্যান্টিনকর্মী ইমাম হাসানকে হাতেনাতে আটক করেন শিক্ষার্থীরা। এর পরের দিন সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। একই দিনে সকাল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলার জন্য একাধিক বৈঠক করে।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—অভিযুক্ত ক্যান্টিনকর্মী ইমাম হাসানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, ও দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট হল প্রভোস্ট বডিকে জবাবদিহির আওতায় আনা। যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক রুবেল আনছার ও অধ্যাপক রেজাউল ইসলামকে দ্রুত স্থায়ীভাবে বহিষ্কার করা এবং সম্প্রতি গঠিত ‘স্পন্দন-২৪’ ক্লাবের নিবন্ধন বাতিল করা।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু সিদ্ধান্ত জানানো হয়েছে। অভিযুক্ত ক্যান্টিনকর্মী ও তার স্ত্রীর বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট ক্যান্টিনের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি হলের ভেতরে কর্মচারীদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে। অপরাজিতা এবং বিজয় ’২৪ ছাত্র হলে পুরুষ কর্মী নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তসহ ক্যান্টিন পরিচালনায় কঠোর নীতিমালা প্রণয়নের কথাও জানানো হয়েছে।

অন্যদিকে, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত অধ্যাপক রুবেল আনছারের বিষয়ে রিভিউ আবেদন পেলে পুনতদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে চলমান দুটি তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে প্রশাসনের এসব পদক্ষেপে আন্দোলনরত শিক্ষার্থীরা সন্তুষ্ট নন। প্রশাসনিক ভবনের কিছু তালা খুলে দেওয়া হলেও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি বহাল রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরিচালিত ‘টু টু’ ফেসবুক পেজে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে যে, তিন দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে।

এদিকে, চলমান অচলাবস্থার মধ্যে আগামীকালের জরুরি সিন্ডিকেট সভাকে পরিস্থিতি উত্তরণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সভায় উদ্ভূত সংকট নিরসন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দোলনের মুখে পদত্যাগ জাবি প্রক্টরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


আন্দোলনের মুখে পদত্যাগ জাবি প্রক্টরের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। শিক্ষার্থীরা টানা ৭৮ দিনের আন্দোলনের পর তার পদত্যাগের দাবি জানিয়েছেন। ১২ মে মধ্যরাতে ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে বহিরাগত যুবক কর্তৃক ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার পেছনে নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যর্থতার অভিযোগ নিয়ে তিনি পদত্যাগের লক্ষ্যে আন্দোলন শুরু করেন। ১৬ মে তারা প্রক্টর অফিসের দরজায় তালা ঝুলিয়ে দেন।

আজ পর্যন্ত, এই ৭৮ দিনের আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারছেন না। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে, প্রক্টরের দায়িত্বকালেই ক্যাম্পাসে একাধিক গুরুতর সহিংসতার ঘটনা ঘটেছে এবং তা মোকাবেলায় তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছেন। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছিলেন যে, তার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা প্রক্টর অফিসের তালা খুলবেন না।

সর্বশেষ, আজ বুধবার (২৯ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, অধ্যাপক ড. একেএম রাশিদুল আলমের অনুরোধের ভিত্তিতে তাকে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, “তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক জাকির হোসেনকে ২৯ জুলাই ২০২৬ তারিখ অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%