ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির প্রতিরোধ


দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির প্রতিরোধ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বাধা প্রদান করলে, এই পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এটি ঘটে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জামালপুর সীমান্তের জিরো লাইনে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১৫২/১০-এস থেকে আনুমানিক ১২০ গজ দূরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের নার্সারিপাড়া ক্যাম্পের সদস্যরা জোরপূর্বক ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়রা লক্ষ্য করে জামালপুর বিওপির বিজিবি সদস্যদের অবহিত করেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

খবর পাওয়ার পর জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিজিবি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সীমান্তে সতর্ক অবস্থান গ্রহণ করেন। বিজিবির পক্ষ থেকে বাধা ও প্রতিরোধ সৃষ্টি করা হলে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। একপর্যায়ে, বিএসএফ ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

ঘটনার পর সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, "সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদার অবস্থানে রয়েছে।"

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের সঙ্গে সরকারের প্রযুক্তি অংশীদারত্ব সংলাপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ এম


সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের সঙ্গে সরকারের প্রযুক্তি অংশীদারত্ব সংলাপ

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির উদ্যোক্তা, পেশাজীবী এবং বিনিয়োগকারীদের সঙ্গে একটি সংলাপ করেছে। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির নিকটবর্তী স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সেডার হলে স্থানীয় সময় রোববার ‘বাংলাদেশ-সিলিকন ভ্যালি প্রযুক্তি সংলাপ’ আয়োজন করে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল।

এ তথ্য সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যাওয়া প্রতিনিধি দলের একটি অংশ ওই সংলাপে অংশগ্রহণ করে।

সংলাপের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশ সরকার আর্থিক নীতি, বিনিয়োগ পরিকল্পনা ও সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রযুক্তিনির্ভর শিল্প ও দক্ষ কর্মসংস্থানকে কীভাবে সমর্থন দিতে পারে, তা মূল্যায়ন করবে।

তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান সম্ভাব্য প্রকল্প, দায়িত্বশীল ব্যবসায়িক সহযোগী এবং স্পষ্ট পদক্ষেপ নির্ধারণ করার জন্য। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জোর দেন যে, যে কোনো সহযোগিতা যেন জনসেবার উন্নতি ঘটায় এবং বাংলাদেশের মানুষের জন্য সুযোগ তৈরি করে।

সংলাপে বাংলাদেশের জন্য এআই প্রযুক্তির বিষয়ে উপস্থাপনা করেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ ইশতিয়াক আহমেদ, ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-চ্যাম্পেইনের সহকারী অধ্যাপক শরীফা সুলতানা, উবারের প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম এবং এনভিডিয়ার গবেষক মোস্তফা পাটওয়ারি।

গ্লোবালফাউন্ড্রির মাহবুব রাশেদ সেমিকন্ডাক্টর শিল্প এবং এর ইকোসিস্টেম উন্নয়ন নিয়ে উপস্থাপনা করেন।

সংলাপে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ার অধ্যাপক সাইফ ইসলামের সঞ্চালনায় ‘মেধা, প্রযুক্তি ও পুঁজির’ ওপর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এই প্যানেল আলোচনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ক্রেডো সেমিকন্ডাক্টরের শাতিল হক, এক্সোর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ইউসুফ হক, ইনটেলের সাবেক বোর্ড চেয়ারম্যান ওমর ইশরাক, উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান এবং ক্লাউডএআই-এর সহপ্রতিষ্ঠাতা বদরুল সরকার।

সংলাপে বৈশ্বিক প্রযুক্তি খাতে বাংলাদেশি পেশাজীবীদের অর্জনের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি তাদের সঙ্গে অব্যাহত যোগাযোগের গুরুত্বও তুলে ধরেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের মধ্যে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি কূটনীতি। এর কেন্দ্রে রয়েছে প্রযুক্তি স্থানান্তর, জনশক্তির উন্নয়ন এবং বাংলাদেশি প্রতিষ্ঠান ও যুক্তরাষ্ট্রের গবেষণা ও উদ্ভাবনী ইকোসিস্টেমের সঙ্গে সংযোগ স্থাপন।

সংলাপে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং লস এঞ্জেলসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ এম


বানারীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বানারীপাড়ায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের দেশকে পরিকল্পিত ভাবে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বানারীপাড়া ডাকবাংলো মোড় থেকে বিক্ষোভ মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো: রিয়াজ আহমেদ মৃধা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাইদুল ইসলাম, সদস্য সচিব মো: তোফায়েল আহমেদ,যুগ্ন আহবায়ক রাজু লস্কর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দল্লাহ আল নোমান রাজু, রফিকুল ইসলাম, মাহমুদ হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস কাঞ্চন,মো::সাঈদ, সৈকত সরদার,জিয়া রাঢ়ী, আমিনুল ইসলাম প্রমুখ।বিক্ষোভ মিছিল শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাইদুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাখার ওয়াজেদ মেমোরিয়াল ও ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির ,​বানারীপাড়া প্রতিনিধি

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৬ এম


চাখার ওয়াজেদ মেমোরিয়াল ও ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বরিশাল জেলার বানারীপাড়ার শিক্ষা ও ঐতিহ্যের জনপদ চাখারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় দুটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো ‘চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়’ এবং ‘চাখার ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়’।

২৮ সেপ্টেম্বর(সোমবার) সকাল ১০টায় চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এবং পরবর্তীতে দুপুর ১২টায় চাখার ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে পৃথকভাবে এই পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ ছাব্বির হোসেন সুমন হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আজিম এবং চাখার ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, চাখার ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মল্লিক, চাখার ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুল হক, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ রিয়াজ ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ সাইদুল ইসলাম এবং চাখার ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম রাসেল'কে পরিচয় করিয়ে দেওয়া হয়। স্ব- স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতিদ্বয়কে এবং আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা উপমহাদেশে শিক্ষার প্রসারে শেরে বাংলা একে ফজলুল হকের কালজয়ী অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নবনির্বাচিত সভাপতিদ্বয় নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন্নয়নে এবং অবকাঠামোগত বিকাশে আন্তরিকভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "শেরে বাংলার স্মৃতিধন্য এই প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং এসএসসি পরীক্ষার ফলাফল আরও ভালো করার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।" তিনি শিক্ষকদের আরও মনোযোগের সাথে পাঠদানের পরামর্শ দেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানটি স্থানীয় শিক্ষানুরাগী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। নতুন কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠান দুটি শিক্ষার আলো ছড়িয়ে দিতে আরও অগ্রণী ভূমিকা পালন করবে বলে সকলে আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষসহ ২০ জন ৪৮ ঘণ্টা অবরুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪২ এম


সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষসহ ২০ জন ৪৮ ঘণ্টা অবরুদ্ধ

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে থেকে মুক্তি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে কলেজের প্রশাসনিক ভবনে প্রায় ৪৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন বদলি হওয়া অধ্যক্ষ, ১৪ জন শিক্ষক এবং ৬-৭ জন কর্মকর্তা-কর্মচারীসহ মোট অন্তত ২০ জন।

দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ থাকার কারণে চরম দুর্ভোগের কথা জানিয়ে সোমবার রাত ৯টায় কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান বলেছেন, "বড় কষ্টে আছি আমরা। এক কাপড়েই দুই দিন কেটে গেল অবরুদ্ধ অবস্থায়। জানালা দিয়ে শিক্ষার্থীরা কিছু খাবার দিচ্ছে, সেসব খেয়েই কোনোমতে বেঁচে আছি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কারও কোনো আহ্বান বা অনুরোধে সাড়া দিচ্ছে না।"

২০০৭ সালে প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের তিনটি বিভাগ—তড়িৎ ও ইলেকট্রনিক, পুরকৌশল এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে প্রায় ১ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানাচ্ছেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকার কারণে তাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির মান ও স্বকীয়তা মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। তাই তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির মর্যাদা রক্ষায় শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত পরীক্ষা, ল্যাব ও ক্লাশসহ সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পুরো ক্যাম্পাস শাটডাউনও থাকবে।

এদিকে আন্দোলনের মধ্যে গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. আসাদুজ্জামানকে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সহযোগী অধ্যাপক মো. সাহিদ ইকবালকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

আন্দোলনরত চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, "আমরা সরকারের এই বদলির আদেশ পুরোপুরি প্রত্যাখ্যান করেছি। মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরুদ্ধ বদলি করা অধ্যক্ষকে যেমন ক্যাম্পাস থেকে বের হতে দেওয়া হবে না, তেমনি নতুন পদায়িত অধ্যক্ষকেও ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।"

এদিকে উদ্ভূত পরিস্থিতি নিরসন ও শিক্ষকদের মুক্ত করতে সোমবার রাতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেটের জেলা প্রশাসক, সিসিকের প্রশাসক, জেলা পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১০ সদস্যের আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধি দলও অংশগ্রহণ করে।

বৈঠকে শিক্ষকদের দুই দিন ধরে চলা অবরুদ্ধ অবস্থা অবসানের অনুরোধ জানানো হয়। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবরোধ প্রত্যাহারের বিষয়ে কোনো চূড়ান্ত সমঝোতা বা সুরাহা হয়নি।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী যুগান্তরকে জানিয়েছেন, "জেলা প্রশাসকের কার্যালয়ের বৈঠকে যা সিদ্ধান্ত নিলাম, তা কলেজে গিয়ে বলতে বলা হলো। সেখানে গিয়ে বলার পর তারা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা এখন বলছে, বিদায়ী অধ্যক্ষকেও যেতে দেবে না, নতুন অধ্যক্ষকেও আসতে দেবে না। ফলে সমাধান আর হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%